প্রেক্ষিত উনিশ শতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সাহিত্য সাময়িকী ২৯ আষাঢ়, ১৪১৯ সংখ্যায় প্রকাশিত আনিসুজ্জামানের লেখা ‘নারীর ক্ষমতায়নে উচ্চশিক্ষা’ নিবন্ধটি বিশেষ আগ্রহ নিয়ে পড়লাম। লেখাটি অত্যন্ত চিত্তাকর্ষক এবং মৌলিক ভাবনাশ্রয়ী। শ্রদ্ধেয় অধ্যাপক আনিসুজ্জামানের প্রতি আমার ছাত্রাবস্থা থেকেই যে শ্রদ্ধা ও সম্মান আছে তাকে বিন্দুমাত্র বিসর্জন না দিয়ে তাঁর নিবন্ধটির বিষয়ে কয়েকটি মন্তব্য লেখার প্রয়োজনীয়তা বোধ করছি। বিশেষ করে উনিশ শতকে বাঙালি নারীর উচ্চশিক্ষা বিষয়ে কিছু আলোচনার জন্য এ লেখা।বাংলায় প্রাতিষ্ঠানিক নারীশিক্ষার সূচনা হয় ১৮৪৯ সালের ৭ মে, জেইডি বেথুনের (১৮০১-১৮৫১) প্রচেষ্টায় ন্যাটিভ ফিমেল স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে।১ এ স্কুলটি পরে ‘বেথুন স্কুল’ নামে পরিচিতি লাভ করে (আনিসুজ্জামানের নিবন্ধে ফিমেল স্কুলের প্রতিষ্ঠাকাল ১৮৫৯ লেখা হয়েছে)। ১৮৫০ থেকে ১৮৬৯ পর্যন্ত বিদ্যাসাগর মহাশয় এ স্কুলের সম্পাদক ছিলেন। এ স্কুলের মেয়েদের প্রথম থেকেই গাড়িতে করে আনা হতো এবং পৌঁছে দিত।ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে খ্রিষ্টান মিশনারিদের উদ্যোগে কলকাতায় মেয়েদের স্কুল স্থাপিত হয়। হিন্দু মেয়েদের শিক্ষার জন্য কলকাতায় কয়েকটি খ্রিষ্টান মহিলা সমিতি স্থাপিত হয়। তার মধ্যে একটি ‘The Female Juvenile society for the Eastablishment and Support of Bengali Female School’ অন্যতম। এটি প্রতিষ্ঠিত হয় ১৮১৯ সালে। এ সমিতির উদ্যোগে বাঙালি মেয়েদের জন্য প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় গৌরবাড়িতে ১৮১৯ সালের মে-জুন মাসে। পরে এ সমিতি জানবাজার, চিৎপুর, শ্যামবাজার, বরাহনগর প্রভৃতি অঞ্চলে বালিকা বিদ্যালয় স্থাপন করে। অন্যটি ‘Ladies Society for Native Female Education in Calcutta and its vicinity.’ এটি প্রতিষ্ঠিত হয় ১৮২৪ সালে।২ (আনিসুজ্জামান এটির প্রতিষ্ঠাকাল ১৮১৯-২০ সাল বলে উল্লেখ করেন) ডেভিট হেয়ার (১৭৭৫-১৮৪২) এটি প্রতিষ্ঠার জন্য চাঁদা দিয়েছিলেন।বাঙালি মহিলা রচিত প্রথম বই কৃষ্ণকামিনী দাসীর চিত্তবিলাসিনী প্রকাশিত হয় ১৮৫৬ সালে। ১৮৬৮ সালে (মতান্তরে ১৮৭৬) প্রকাশিত হয় রামসুন্দরী দেবীর আমার জীবন—এটি বাঙালি মহিলার লেখা প্রথম আত্মজীবনী। ১৮৮৬ সালে স্থাপিত হয় স্বর্ণকুমারী দেবীর ‘সখী সমিতি’—এটি বাঙালি নারী পরিচালিত প্রথম প্রতিষ্ঠান। বাংলার প্রথম দুজন মহিলা স্নাতক কাদম্বিনী বসু (১৮৬১-১৯২৩) (পরে গঙ্গোপাধ্যায় পিতা ব্রাহ্ম ব্রজকিশোর বসু ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন) ও চন্দ্রমুখী বসু (১৮৬৯-১৯৪৫)। এর আগে সম্ভ্রান্ত ঘরের মেয়েরা ঘরের মধ্যেই লেখাপড়া শিখতেন। এভাবে রাজা সুখময় রায়ের (?-১৮১১) ছেলে রাজা শিবচন্দ্র রায়ের মেয়ে হরসুন্দরী সংস্কৃত, বাংলা ও হিন্দি—এই তিন ভাষায় এমন সুশিক্ষিত হয়েছিলেন, পণ্ডিতেরাও তাঁকে ভয় করতেন। ঠাকুরবাড়ির মেয়েরাও ঘরের মধ্যে শিক্ষিত হয়েছিলেন।১৮৭৮ সালে কাদম্বিনী বসু ও সরলা দাস (পরে রায়, ডা. প্রসন্ন কুমার রায়ের স্ত্রী ও দুর্গামোহন দাসের কন্যা, তিনি আচার্য জগদীস চন্দ্র বসুর স্ত্রী অবলা বসুর ছোট বোন) প্রবেশিকা পরীক্ষা দেওয়ার অনুমতি পান। কাদম্বিনী বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রী। সরকার ১৮৭৯ সালে তাঁর জন্য বেথুন স্কুলে কলেজ শাখা খোলে। ১৮৮২ সালে তিনি বিএ পাস করেন। বেথুন কলেজে তখন হিন্দু মেয়েদের প্রবেশাধিকার ছিল। চন্দ্রমুখী বসু খ্রিষ্টান বলে প্রবেশাধিকার পাননি। তিনি এফএ পড়েন ফ্রি-চার্ট নর্মাল স্কুলে। ১৮৮০ সালে অ্যালেন ডি. অ্যাব্রু নামে এক খ্রিষ্টান ছাত্রী বেথুন কলেজে ভর্তি হলে চন্দ্রমুখীও ভর্তি হন এবং ১৮৮৩ সালে বিএ এবং ১৮৮৪ সালে ইংরেজিতে এমএ পাস করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মেয়ে, যিনি ইংরেজিতে এমএ পাস করেন। এবং এই কলেজেই অধ্যাপনা শুরু করেন। ১৮৮৬ সালে তিনি এ কলেজের প্রথম অধ্যক্ষ হন।১৮৮৩ সালে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাদম্বিনীর বিয়ে হয় এবং কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়ে পাঁচ বছর পড়াশোনা করেন। তবে মেডিসিন পরীক্ষায় অকৃতকার্যতার জন্য এমবি উপাধি পাননি। অধ্যক্ষ তাঁকে গ্র্যাজুয়েট অব বেঙ্গল মেডিকেল কলেজ জিবিএমসি উপাধি দেন। ১৮৯২ সালে তিনি ইংল্যান্ড যান এবং পরে L.R.C.P (এডিনবরা) L.R.C.S (গ্লাসগো) এবং D.F.P.S (ডাবলিন) উপাধি নিয়ে দেশে ফেরেন। কিছুদিন তিনি ডাফরিন হাসপাতালে ডাক্তারি করেন। পরে স্বাধীন চিকিৎসা ব্যবসা শুরু করেন। সুবক্তা হিসেবে তাঁর খ্যাতি ছিল এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনি প্রথম নারী বক্তা।কাদম্বিনী বসুর সঙ্গে মেডিকেল কলেজে আরও দুজন মেয়ে ডাক্তারি পড়তেন। তাঁরা হলেন—ভার্জিনিয়া মেরী মিত্র ও বিধুমুখী বসু। ১৮৮৮ সালে অনুষ্ঠিত প্রথম এমবি পরীক্ষায় ভার্জিনিয়া প্রথম স্থান অধিকার করেন। বিধুমুখীও এমবি পরীক্ষায় পাস করেন। এই এমবি পরীক্ষায় কাদম্বিনী গঙ্গোপাধ্যায় অকৃতকার্য হন।দুর্গামোহন দাসের কন্যা অবলা দাস (পরে বসু) ১৮৮১ সালে ২০ টাকা বৃত্তি নিয়ে বেথুন স্কুল থেকে পাস করেন। তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ না পেয়ে বাংলা সরকারের বৃত্তি নিয়ে ১৮৮২ সালে মাদ্রাজ মেডিকেল কলেজে ভর্তি হন। ১৮৮৭ সালে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর সঙ্গে তাঁর বিয়ে হয়।স্ত্রীশিক্ষার প্রয়োজনীয়তা বোঝানোর জন্য রাধাকান্ত দেবের (১৭৮৩-১৮৬৭) সহযোগিতায় গৌরমোহন বিদ্যালঙ্কার ১৮২২ খ্রিষ্টাব্দে প্রকাশ করেন তাঁর বিখ্যাত বই স্ত্রীশিক্ষা বিধায়ক। তবে স্ত্রীশিক্ষা প্রসারে মিস মেরি আন কুক্ (পরে মিসেস উইলস) স্মরণীয়। তিনি চার্চ মিশনারি সোসাইটির সহযোগিতায় ১৮২২ সালে আটটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। ১৮২৩ সালে সব স্কুলের ছাত্রীসংখ্যা দাঁড়ায় ৪০০-এ। ১৮২৪ সালে তাঁর প্রতিষ্ঠিত স্কুলের সংখ্যা হয় ২৪। ১৮২৬ সালে মহারাজ সুখময় রায়ের ছেলে রাজা বৈদ্যনাথ রায় প্রায় কুড়ি হাজার টাকা ব্যয়ে হেদুয়ার পূর্বদিকে ‘সেন্ট্রাল স্কুল’ নামে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। ১৮৪৬-এ জয়কৃষ্ণ মুখোপাধ্যায় (১৮০৮-১৮৮১) একটি বালিকা বিদ্যালয় স্থাপন করার চেষ্টা করেন। কিন্তু সরকারি অনুমোদন পাননি। এরপর বেথুন সাহেবের স্কুল প্রতিষ্ঠিত হয়। ১৮৩৪ সালে অ্যাডাম রিপোর্ট অনুসারে কলকাতা ব্যতীত শ্রীরামপুর, বর্ধমান, কাল্না, কাটোয়া, কৃষ্ণনগর, ঢাকা, বাখরগঞ্জ, চট্টগ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম প্রভৃতি স্থানে ১৯টি বালিকা বিদ্যালয় ও ৪৫০ জন বালিকার উল্লেখ আছে।আনিসুজ্জামান খ্রিষ্টীয় আঠারো-উনিশ শতকের তিনজন বিদুষী মহিলার কথা উল্লেখ করেছেন। তাঁরা হলেন হটী বিদ্যালঙ্কার (?-১৮১০), হটু বিদ্যালঙ্কার (১৭৭৬-১৮৭৫) ও দ্রবময়ী (১৮০৭-?)। এ তিনজন ছাড়া আরও একজন বিদুষীর কথা জানা যায়। তিনি বিক্রমপুরের আনন্দময়ী (১৭৫২-১৭৭২)।৩ পয়গ্রাম নিবাসী অযোধ্যারামের সঙ্গে তাঁর বিয়ে হয়। সংস্কৃত শাস্ত্র ও সাহিত্যে তাঁর অসাধারণ ব্যুৎপত্তি ছিল। পিতা অন্য কর্মে ব্যস্ত থাকায় তিনি মহারাজ রাজবল্লভের অনুরোধে অগ্নিস্টোম যজ্ঞের প্রমাণ ও প্রতিকৃতি স্বহস্তে তৈরি করে পাঠিয়েছিলেন। খুল্লুতাত জয়নারায়ণকে তিনি হরিলীলা কাব্য রচনায় সাহায্য করেছিলেন। এ ছাড়া রানী ভবানীও (১৭১৫-১৮০২) যথেষ্ট সুশিক্ষিত ছিলেন।তথ্যসূত্র১. শিবনাথ শাস্ত্রী, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ (কলকাতা: নিউ এজ পাবলিশার্স প্রা. লি.), পৃ. ১২৩।২. অমলেন্দু দে, বাঙালি বুদ্ধিজীবী ও বিচ্ছিন্নতাবাদ, (কলকাতা; পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ), পৃ. ২৮।৩. অতুল সুর, বাঙলা ও বাঙালির বিবর্তন (কলকাতা; সাহিত্যলোক), পৃ. ২১৭।রাজশাহী, ২০১২