
বিক্ষোভের দিনগুলোতে প্রেম
আনিসুল হক
প্রচ্ছদ: মাসুক হেলাল
প্রকাশক: প্রথমা প্রকাশন, ফেব্রুয়ারি ২০১৫
২০০ পৃষ্ঠা দাম: ৪০০ টাকা।
ভিন্ন ভিন্ন মানুষের আলাদা আলাদা গুটিকয়েক গল্প নিয়ে গড়ে উঠেছে আনিসুল হকের উপন্যাস বিক্ষোভের দিনগুলোতে প্রেম। আলাদা হলেও এসব গল্পে নানা বিষয়ে সাযুজ্য বিদ্যমান। ব্যক্তি জীবনের নানা অনুষঙ্গ—না পাওয়ার অতৃপ্তি, প্রাপ্তির সুখ ও ভালোবাসার যন্ত্রণা—বিশেষ স্থান দখল করেছে উপন্যাসজুড়ে। আখ্যানটির শুরু আশির দশকের শেষ থেকে। বিস্তৃত নব্বই দশকের সূচনালগ্ন পর্যন্ত। ফলে ওই সময়কার রাজনৈতিক বাস্তবতা—গণতন্ত্র পুনরুদ্ধারের প্রাণান্ত চেষ্টা—উপন্যাসটিতে সবিশেষ গুরুত্ব পেয়েছে।
এ পর্যায়ে উপন্যাসটির চরিত্রসমূহের মনোরাজ্যে একটু ঢুঁ দিই। শওকত, মাকসুদার ও আবীর—তিনজনই বুয়েটের ছাত্র। শওকতের স্বপ্ন সে বুয়েট-শিক্ষক হবে। মাকসুদার হতে চায় কবি। তাই প্রেমের কবিতা লেখেই তার সময় কাটে। আর প্রেমাকুল আবীরের চোখ কেবল প্রেম খোঁজে। এ তো গেল পরিচয়-পর্ব।
এবার বলি তাদের জীবনের অনিবার্য কিছু ঘটনার কথা। মেধাবী ছাত্র শওকত রাজনীতি পছন্দ করে না। অথচ সে-ই রাজনীতিই তার জীবনের একপর্যায়ে স্থবিরতা তৈরি করে। ১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারিতে অসাম্প্রদায়িক শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনকালে এরশাদ সরকারের পুলিশ তার পা ভেঙে দেয়, যদিও সেই আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল না। সে ঘটনার শিকার। তবে তার জোর সমর্থন ছিল আন্দোলনরতদের প্রতি। এমন প্রতিকূলতার মধ্যেও তার জীবনে প্রেম আসে। গ্রামের মেয়ে সোনিয়াকে ভালোবাসে সে। লেখাপড়া শেষে উচ্চশিক্ষা গ্রহণে দেশের বাইরে যাওয়ার সময় তার মামি তাকে প্রলোভন দেখায়। টাকার লোভে বিয়ে করতে বলে কাকলী নামের একটি মেয়েকে। বলতে দ্বিধা নেই, কাকলীকে পড়াতে গিয়ে তার প্রেমে খানিকটা টালমাটালও হয়েছিল শওকত। এমনকি প্লেন ভাড়ার টিকিটের টাকা জোগাড় করতে গিয়ে মামির দেওয়া প্রস্তাব অর্থাৎ কাকলীকে বিয়ে করতে রাজিও হয়েছিল সে। কিন্তু মামার দেওয়া টাকা বদলে দেয় সবকিছু। ফলে কাকলীকে আর বিয়ে করতে হয়নি শওকতের। শেষমেশ শওকত ফিরে যায় তার সত্যিকার ভালোবাসা—সোনিয়ার কাছে। অন্যদিকে, কবি মাকসুদার মৌটুসিকে ধ্যান-জ্ঞান করে লিখে চলছে একের পর এক প্রেমের কবিতা। তবে সমস্যা একটাই—কখনো সে প্রকাশ করতে চায় না তার প্রেমের কথা। মৌটুসি প্রেমের ব্যাপারে জানতে চাইলে অস্বীকার করে। এদিকে হঠাৎই বুয়েট শিক্ষক মাহবুবকে বিয়ে করে বিদেশ পাড়ি জমায় মৌটুসি। অথচ মাকসুদার ও মৌটুসি দুজনের মনই জানে, তারা এক অপরকে ভালোবাসে। না বলা প্রেমের সাক্ষীস্বরূপ থেকে যায় মাকসুদার রচিত পঙ্ক্তিমালা। তা ছাড়া একুশে বইমেলায় প্রকাশিত মাকসুদার রাহমানের প্রথম কাব্যগ্রন্থ জেগে ওঠো মৌটুসি প্রমাণ দেয় মাকসুদার প্রেম কতখানি গাঢ় ছিল মৌটুসির জন্য। কিন্তু শেষ পর্যন্ত মাকসুদার ও মৌটুসির প্রেমে বিরহই কি প্রধান উপজীব্য হিসেবে থেকে যাবে? এটি না হয় পাঠক আপনারা নিজেরাই জেনে নেবেন। আমরা বরং মাকসুদার রাজনৈতিক সচেতনতা সম্পর্কে একটু জানার চেষ্টা করি।
এরশাদ পতনের আন্দোলনে শামিল হয় মাকসুদার। রাজপথে অন্য দশজন কবির সঙ্গে দাঁড়িয়ে সে-ও কবিতা পড়ে। এককথায় সেই ক্রান্তিকালে কারও জীবনই রাজনীতির প্রভাবমুক্ত ছিল না। এবং এটি এ উপন্যাসের চরিত্রদের বেলায়ও প্রযোজ্য।
যা হোক, আবীরের গল্পটাও অল্প কথায় পাঠকদের জানাতে চাই। ছাত্ররা যখন আন্দোলন নিয়ে ব্যস্ত, আবীর ব্যস্ত পত্রমিতালীর খোঁজে। পড়াশোনা কিংবা রাজনীতি কোনোটিই তাকে তেমন টানে না। পত্রমিতালীর সূত্র ধরে আবীরের প্রেম হয় শানুর সঙ্গে। পরে জানা যায়, শানু বিবাহিত ও দুই সন্তানের মা। কিন্তু শানুর ভালোবাসাকে কি আবীরের পক্ষে প্রত্যাখ্যান করা সম্ভব—এমনি একটি নিগূঢ় প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে উপন্যাসের শেষ অবধি।
সব মিলিয়ে সংবেদনশীল ও মেদমুক্ত ভাষায় লেখা এ উপন্যাসে প্রেম হাজির হয়েছে একটি বিশেষ মাত্রা নিয়ে। এ আখ্যানের চরিত্রসমূহের ক্ষুদ্র ক্ষুদ্র জীবনালেখ্য মধ্য আশির দশকের পুরো সমাজের প্রতিচ্ছবি। এককথায়, আনিসুল হক তাঁর স্বভাবসুলভ কৌতুকবোধ ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিক্ষোভের দিনগুলিতে প্রেম উপন্যাসে দেখাতে চেয়েছেন, প্রাত্যহিক জীবনের জটিল আবর্তে প্রেম ও সংগ্রাম কখনো কখনো একই বিন্দুতে মিলিত হয়। তা ছাড়া উপন্যাসটি পাঠোত্তর পাঠক আন্দাজ করতে সমর্থ হবেন, চরিত্রসমূহের কাহিনিগুলোর সঙ্গে ঔপন্যাসিকের কোথায় যেন রয়েছে একটা নিবিড় যোগাযোগ।