৮ জুলাই, সকালবেলা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার মেইল বক্সে একটা চিঠি পাওয়া গেল। যেটি পোস্ট করা হয়েছিল ৫৩ বছরের কিছু বেশি সময় আগে! ১৯৫৮ সালের ওই চিঠি কোনো এক ভুতুড়ে কারণে গন্তব্যস্থলে এসে পৌঁছেছে ২০১১ সালে! এর প্রেরক ছিলেন ভোনি নামের এক নারী, লিখেছিলেন ক্লার্ক সি মুর নামের একজনের উদ্দেশে। খুলে দেখা গেছে এটা চিঠি নয়, ‘প্রেমপত্র’! দুই পৃষ্ঠা জুড়ে কেবলই ‘ভালোবাসি, ভালোবাসি’ময় কথাবার্তা! এদ্দিন বাদে জানা গেল, প্রেমপত্রটি লেখার সময় ভোনির বয়স ছিল ১৯ কিংবা ২০, মুরের ২১। এখন মুরের বয়স ৭৪। প্রেমপত্রের শেষের অংশটুকু এ রকম, ‘তোমাকে মিস করছি, আগেও যেমন মিস করতাম। তোমাকে আগের চাইতে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি।’ প্রেরকের নাম ভোনি। খামের ওপর প্রাপকের ঠিকানা ছিল—ক্লার্ক সি মুর, ২৯ জনসন হল, সিএসটিসি (ক্যালিফোর্নিয়া স্টেট টিচার্স কলেজ), ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া।১৯৫৮ সালে এখনকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার নাম ছিল ক্যালিফোর্নিয়া স্টেট টিচার্স কলেজ। সেখানেই পড়তেন মুর। ভোনির সঙ্গে তখন তাঁর উন্মাতাল ভালোবাসার সম্পর্ক। সপ্তাহে অন্তত দুটি চিঠি না পেলে গাল ফোলাতেন ভোনি, মাথার চুল ছিঁড়তেন মুর। তেমনি এক সময়ে লেখা সেই চিঠি পাওয়া গেল ৫৩ বছর বাদে। সময়ে সত্যি বদলে গেছে অনেক কিছু, ক্লার্ক সি মুর ধর্মান্তরিত হয়ে নাম রেখেছেন মুহাম্মদ সিদ্দিক। হ্যাঁ, ধর্মান্তরিত হয়েছেন তিনি। প্রচারমাধ্যমের কল্যাণে পিটসবার্গে বসে মুরের এক বন্ধু টিভিতে প্রতিবেদনটি দেখে চমকে গেলেন, আরে এ তো মুর, মানে সিদ্দিকের চিঠি!জানা গেল, চিঠির প্রাপক থাকেন ইন্ডিয়ানাপোলিস শহরে। যোগাযোগ করা হলো ১৯৫৮ সালের মুরের সঙ্গে। সব শুনে ২০১১ সালের মুহাম্মদ সিদ্দিকের মিশ্র প্রতিক্রিয়া, ‘এটা কষ্টের কথা, বড়ই কষ্টের কথা! আমি প্রেমপত্রটির ব্যাপারে আগ্রহী। তবে এটাকে সেই আগের চোখে দেখব কি না জানি না!’ প্রেরককে পাওয়া গেল আটলান্টায়, মেয়ের বাড়িতে। প্রেমপত্রের কথা তুলতেই মুখে তালা মেরে বসে থাকলেন ভোনি। বিরক্তির সঙ্গে শুধু জানালেন, ‘চিঠিটা পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে আমাকে জানাল না কেন?’মুর জানান, প্রেমপত্রটি লেখার বছরই, অর্থাৎ ১৯৫৮ সালেই ভোনির সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর! কোল জুড়ে এসেছিল চার-চারটি সন্তান। কিন্তু আট বছর ঘুরতে না ঘুরতেই বিবাহবিচ্ছেদের কাগজে সই দিয়েছিলেন দুজনেই। এরপর একে অপরের ছায়াও মাড়াননি কখনো; কথা তো হয়ইনি। তবে মুর বললেন, ‘আমি কথা বলতে চেয়েছি, কিন্তু ও চায়নি। জীবনটা আসলে খুব বিচিত্র!’ আজকের সিদ্দিক কি তখন জানতেন, ২০১১ সালে এসে একটা চিঠি পাবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দু-এক দিনের ভেতরেই একটা টি-শার্টসহ প্রেমপত্রটি মুহাম্মদ সিদ্দিকের হাতে তুলে দেওয়া হবে। এদিকে রসিক সিদ্দিক আবার একটা হুমকি দিয়ে রেখেছেন, ‘আগামী ৫৩ বছরের মধ্যে যদি প্রেমপত্রটি না পাই, তবে এবার সবাইকে দেখে নেব আমি!’ ইয়াহু নিউজ অবলম্বনে