প্রয়াণলেখ, অমিতাভ পাল

১৩ অক্টোবর মারা গেছেন কবি ও কথাসাহিত্যিক অমিতাভ পাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ পাল (৫ ডিসেম্বর ১৯৬২–১৩ অক্টোবর ২০২১)। ছবি: সংগৃহীত

অমিতাভ পালকে নিয়ে এভাবে, এত তাড়াতাড়ি কিছু লিখতে হবে কখনো ভাবিনি। কিন্তু নিষ্ঠুর বাস্তবতা এই, অমিতাভ আর আমাদের মধ্যে নেই। ১৩ অক্টোবর সকালে নেত্রকোনায় তাঁর প্রয়াণ ঘটেছে আমাদের সবাইকে ব্যথিত ও হতবাক করে দেওয়ার জন্য। কাছের বন্ধুদের অকালমৃত্যুর মিছিলে শামিল হলেন অমিতাভও। এর আগে এভাবেই আমরা পরপর হারিয়েছি কিশওয়ার ইবনে দিলওয়ার, আহমেদ মুজিব ও মিজান রহমানকে। আশির প্রজন্মের অকালপ্রয়াত উজ্জ্বল লেখকদের তালিকায় অমিত ৪ নম্বরে।

এখন ভারাক্রান্ত হৃদয়ে খুব মনে পড়ছে আশির দশকের সেই বছরগুলোর কথা। আমি বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করে ঢাকায় নবাগত। ১৯৮৬ সাল। বছরের শেষ দিকে পরিচয় হলো রিফাত চৌধুরীর সঙ্গে। অল্প সময়ের মধে৵ আমরা ভালো বন্ধু হলাম। কৃষি বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে বছর দেড়েক পরেই এলেন কাজল শাহনেওয়াজ। এবং প্রায় একই সময়ে অমিতাভ পালও। যতদূর মনে পড়ে, অমিতের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল রিফাতের মাধ্যমে। শুরুতেই তাঁকে আমার যথেষ্ট বুদ্ধিদীপ্ত ও চৌকস লেগেছিল। তারপর তো আমরা এই চার বন্ধু হয়ে গেলাম একটি ঘরের চার খুঁটির মতো। ১৯৮৭ সালের মাঝামাঝি কবি আবিদ আজাদের সম্পাদনায় সাহিত্যপত্র শিল্পতরু বেরোতে আরম্ভ করে। বাংলামোটরের কাছাকাছি কাঁঠালবাগানের ঢালে বসে শিল্পতরু প্রেস। সাহিত্যপত্রটির ওই দপ্তর হয়ে উঠল আমাদের আড্ডার জায়গা। আবিদ আজাদ তো ছিলেনই। ওখানে আরও আসতেন কবি আল মাহমুদ, আবদুল মান্নান সৈয়দ, মুস্তফা আনোয়ার, মুস্তফা মহীউদ্দীন, মাহবুব হাসান প্রমুখ। কেবল আড্ডা নয়, আল মাহমুদ, মান্নান সৈয়দদের সান্নিধ্যও আমাদের আকর্ষণ করত। আমি আর রিফাত প্রতি সপ্তাহেই যেতাম শিল্পতরুতে। কয়েক দিন পরপরই আসতেন অমিতাভ পাল। কাজলকেও আমরা প্রায় নিয়মিতই পেতাম। শুধুই আড্ডা দেওয়ার জন্যই রিফাত বাবুপুরার কাছাকাছি বস্তিতে ঘর ভাড়া নিয়েছিল। আমরা সবাই মিলে ওটার ভাড়া মেটাতাম। অমিতাভ পাল নিয়মিত ছিলেন ওই ‘বেড়ার ঘর’–এর আসরে। নামটা রিফাত চৌধুরীর দেওয়া। ওই ঘরটা কিন্তু পরে আমাদের বিভিন্ন ছোট কাগজের অলিখিত দপ্তরও ছিল। প্রসঙ্গত বলছি, অমিতাভ পাল ব্রহ্মপুত্র নামের একটি স্বল্পায়ু ছোট কাগজের সম্পাদকও ছিলেন।

বাংলাদেশের আশির প্রজন্মের কবিতা যে ঋদ্ধি ও বৈচিত্র্যের জোগান দিয়েছে, তাতে সুস্পষ্ট অবদান আছে অমিতাভ পালের। ১৯৮৯ সালে নতুন বাল্বের আলো কাব্যগ্রন্থটির মাধ্যমে ঘটেছিল তার দীপ্তিময় আত্মপ্রকাশ। পরে আ-লোর আলোচনা (১৯৯২), আমার আত্মীয়-স্বজন (১৯৯৮), গণবেদনার গাথা (২০০৪) প্রভৃতি বইয়ের ভেতর দিয়ে তিনি কবি হিসেবে আরও পরিণতমনস্কতার স্বাক্ষর রেখেছেন।

ছোট গল্পকার হিসেবেও অমিতাভ ছিলেন ব্যতিক্রম, বিষয়বস্তু ও রচনারীতি উভয় দিক থেকেই। তাঁর রাতপঞ্জি ও অসচরাচর শিরোনামের গল্পের বই দুটিতে তিনি কথাসাহিত্যিকসুলভ সামর্থ্য অনেকখানি দেখাতে পেরেছেন বলেই মনে করি।

অমিতাভ পালকে আর কোনোদিনই দেখতে পাব না। আর কখনো শুনতে পাব না তাঁর প্রীতিময় ‘সরকার’ ডাকটি! সাহিত্যের আসর বসবে আবার, কবি সম্মেলন হবে, জমে উঠবে বইমেলার ঘনিষ্ঠ আড্ডা; সবাই থাকবেন, থাকবেন না আমাদের অমিতাভ পাল, ভাবতেই আদ্র৴ হয়ে উঠছে আমার এই নশ্বর দুচোখ!

অমিতাভ পালের অপ্রকাশিত কবিতা

‘দুইটা কবিতা পাঠাইলাম, পারলে ছাপাইয়া দিয়েন’—মৃত্যুর কয়েক দিন আগে এই বাক্য লিখে কবিতা দুটি পাঠিয়েছিলেন অমিতাভ পাল

চ্যাপলিনের নীরব সিনেমা

বহুতল বাড়িটার কোলাপসিবল গেইট খুলছে আর বন্ধ হচ্ছে—

মালপত্র নিয়ে আসছে–যাচ্ছে ভাড়াটিয়ার দল

ফ্ল্যাটগুলির সাথে ভালো করে তাদের বন্ধুত্বও হচ্ছে না

ঠিকানা আটকাচ্ছে না কোনো ফ্রেমে

তাদের জুতাগুলি পরিশ্রান্ত

বহুতল বাড়িগুলি স্টেশনের প্ল্যাটফর্মের মতো

কবিতা

যেখানে কিছুই ছিল না

সেখানে রচিত হলো একটা বাগান

বাগানে লাইন দিয়ে বোনা গাছগুলিতে

শব্দের ফুল ফোটে

আর লাইনগুলির মাঝখানে ছোট্ট নালা দিয়ে বয়ে যায়

স্বচ্ছ ও সাদা জলের ধারা

তারা মাটির ময়লা ধুয়ে নেয় আর

গাছগুলিকে জোগায় স্থানীয় খনিজ মেশানো

মিনারেল ওয়াটার।

যেখানে কিছুই ছিল না

সেখানে রচিত হলো একটা শব্দের বাগান—

কবি তার মালি।