প্লাস্টিকের সাতকাহন
আজকাল ঘরে-বাইরে পানির জগের ব্যবহার প্রায় উঠেই গেছে। প্রায় সব জায়গায় ব্যবহার করা মিনারেল ওয়াটারের বোতল বা কোকের বোতল। এই প্লাস্টিকের পণ্যের ব্যবহার ও পুনর্ব্যবহারের প্রতিই আলোকপাত করেছেন শিল্পী ও আলোকচিত্রী জাঈদ ইসলাম। ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে ২ ডিসেম্বর ২০১০ থেকে চলছে শিল্পী জাঈদ ইসলামের ‘ইউজড অ্যান্ড রিইউজড’ শিরোনামের এই প্রদর্শনী। প্রদর্শনীটি শুধু আলোকচিত্র প্রদর্শনী বললে ভুল হবে, তা একই সঙ্গে ইনস্টলেশনও। গ্যালারির এক পাশে ব্যবহূত প্লাস্টিকের বিভিন্ন পণ্য যেমন—বোতল, প্যাকেট, খেলনা ইত্যাদি ডাঁই করে রাখা, আর তার ধারাবাহিকতায় আলোকচিত্রগুলো সাজানো। মাঝেমধ্যে শিল্পীর কোটেশন। আলোকচিত্রগুলোর পাশে শিল্পীর ভাবনা পরিষ্কারভাবে গুছিয়ে লেখা। ছবিগুলোর ফ্রেমেও শিল্পী এনেছেন নতুনত্ব। প্রথাগতভাবে ফ্রেম না করে সাধারণ কাগজ আর শুকনো পাতা দিয়ে বানানো ফ্রেমে শিল্পীর মুনশিয়ানার ছাপ স্পষ্ট।ছবির বিষয়েও বৈচিত্র্য আছে। প্লাস্টিক পণ্য ঘর থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত পুনরায় কীভাবে ব্যবহূত হচ্ছে, এরপর তা কারখানায় পুনরায় কীভাবে উৎপাদিত হচ্ছে—এর সবই তুলে ধরেছেন শিল্পী ধারাবাহিকভাবে। এর সঙ্গে জড়িয়ে থাকা কত মানুষের জীবিকা ও জীবন।ঘরের গৃহিণী থেকে আরম্ভ করে পথশিশু—সবার কাছেই মূল্যবান এই প্লাস্টিক সামগ্রীগুলো। কিন্তু আদতে এর এই বহুল ব্যবহার কি প্রকৃতই আমাদের কাছে মূল্যবান? কারণ গবেষণায় দেখা গেছে, খাবার পানি প্লাস্টিকের বোতলে ফ্রিজে রাখলে তা হতে পারে ক্যানসারের কারণ। পরিবেশ চেতনা নিয়ে ফ্যাশন হচ্ছে, তারকারা ক্যাম্পেইন করছেন আর এদিকে প্লাস্টিক মেলা হচ্ছে। প্লাস্টিক বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প, কিন্তু এর বহুল ব্যবহারের ফলাফল শেষ পর্যন্ত আমাদের কোথায় নিয়ে যাবে শিল্পীর সঙ্গে সঙ্গে এ প্রশ্ন যেন আমাদেরও। প্রদর্শনীটি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।