ওর জন্ম ব্রিটানি নামের এক ছোট্ট শহরে, (স্বাভাবিকভাবেই) বলা যায়, অন্য সবার মতো ওরও বাবা-মা ছিল, কিন্তু আমি নিশ্চিত, তাদের কথা ওর মনে নেই, হয়তো দেখেইনি কোনো দিন। যে কারণে কখন কীভাবে যেন ও নিজেই বনে গেছে নিজের অভিভাবক, আর এসব ক্ষেত্রে যা হয়, নির্দিষ্ট সেই সব বুনো ফুল যা সব প্রতিকূলতা মোকাবিলা করে ঠিক একদিন যেমন মাথা তুলে দাঁড়ায়, তেমনি সব বাধা তুচ্ছ করে মাথা তুলে দাঁড়িয়েছে সেও। যে কারণে ওর মুখমণ্ডল থেকে সেই সংগ্রামের চিহ্ন একেবারে মুছে যায়নি, আবার মুছে যায়নি সেই অনিশ্চিত, ভয়ার্ত জীবনের ছায়াও। প’ত্যি পিয়ের—আক্ষরিক অনুবাদ করলে ওর নামের অর্থ দাঁড়ায়—পিচ্চি পিয়ের, কিন্তু এ ক্ষেত্রে আমি মনে করি, ওর তুলনা হওয়া উচিত ছোট্ট পাথরের সঙ্গে, প্যারিসে যখন থেকে আমি ওকে চিনি: ছোট নুড়িপাথরের মতো ও যেন শুধু গড়িয়েই যাচ্ছে, উদ্দেশ্যহীন, আজ এখানে তো কাল ওখানে, পুরোদস্তুর যেন এক পথের মানুষ। নামগোত্রহীন, লক্ষ্যহীন জীবনে যার কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো চাওয়া নেই। লাতিন কোয়ার্টারেই তার বসবাস, কিন্তু নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, নির্দিষ্ট কোনো কাজও নেই, প্রকৃতির দয়াতেই বেঁচেবর্তে থাকার মতো অবস্থা ওর। কিন্তু তার মানে এই নয়, পিয়েরের দিন কাটে শুয়ে-বসে, আলস্যে; বরং এর উল্টো। পিয়েরকে বলতে হবে আসলে জ্যাক অব অল ট্রেডস—অর্থাৎ সকল কাজের কাজি। কাজের কোনো বাছবিচার নেই ওর। যখন যেটা জোটে, অর্থাৎ ময়লা জমে বন্ধ হয়ে যাওয়া নালা পরিষ্কার যেমন করছে পিয়ের, তেমনি তার ডাক পড়ছে চিমনি পরিষ্কারের কাজেও, কেউ ডাকছে বৈঠকখানার টাইলসের ময়লা ঘষেমেজে তোলার জন্য, তো আরেকজন ধরে নিয়ে যাচ্ছে ছাদ মেরামতের কাজে। মোট কথা, মেরামতের কাজে তার জুড়ি নেই। সব ভঙ্গুর, ক্ষয়িষ্ণু জিনিসকে ঘষেমেজে ঝা চকচকে করে তোলা কিংবা সচল করাই পিয়েরের কাজ। কিন্তু মুশকিল হলো, পিয়েরকে পাওয়া না-পাওয়া নির্ভর করে পুরো তার মেজাজ-মর্জির ওপর। সে কাউকে তোয়াক্কা করে না। কাজ করতে গিয়ে কাজের মজুরি নির্ধারণ করে সে খদ্দেরকে তার কতখানি পছন্দ হয়েছে সেই বিচারে, আর কাজ করতে গিয়ে বিরক্তি ধরে গেলে তো কথাই নেই মাঝপথে সবকিছু ফেলে রেখে বিনা নোটিশে গায়েব হয়ে যাবে সে। টাকার দুই পয়সা দাম নেই ওর কাছে। টাকা কামাতে যা কিছু দেরি, কিন্তু খরচে কোনো দেরি নেই তার। দোকানের পাওনা, বন্ধুদের পাওনা আর সবাইকে নিয়ে হই-হুল্লোড় করে খাওয়াদাওয়াতেই সে ফতুর। সবকিছু দ্রুত মুফতে উড়িয়ে দেওয়াতেই পিয়েরের যত আনন্দ। এটা যেন ওর কাছে অবশ্যকর্তব্য এক ধর্মাচরণ। আমার সঙ্গে ওর পরিচয় আমার প্রতিবেশী নিকোলের মাধ্যমে। আমার চিলেকোঠার শাওয়ার ভেঙে ঝুলে পড়েছে। তাই প্রতিদিনই সকালে উঠে গোসল সারতে গিয়ে আমি নানা রকম শারীরিক কসরতের আশ্রয় নিচ্ছি জিমন্যাস্টদের মতো। আমার এই দুরবস্থার কথা শুনে নিকোল স্থির সিদ্ধান্ত দিল: এই সমস্যার একমাত্র সমাধান প’ত্যি পিয়ের। এর মধ্যে কিছুদিন আগে পিয়েরের সঙ্গে দেখা হয়েছে ওর, পিয়েরের দক্ষতায় সে মুগ্ধ। অদ্ভুত উদ্ভাবনী ক্ষমতা আর অসাধারণ বুদ্ধিমত্তা দিয়ে নিকোলের বাথরুমকে রীতিমতো এক প্রাসাদ বানানোর কাজ শুরু করেছে পিয়ের। বাথরুমের যাবতীয় আসবাব, দেয়াল ঝলমল করছে এখনই। চিলেকোঠায় হাজির হলো প’ত্যি পিয়ের। গম্ভীর মুখে শাওয়ার পরীক্ষা করল। তারপর মুখ তুলে বলল, ‘আমি ঠিক করে দেব এটা।’ তারপর কীভাবে যেন আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। জীর্ণশীর্ণ চেহারার পিয়ের। সদাচঞ্চল চোখ; লম্বা, উসকো-খুসকো চুল; শেষ কবে ওই চুলে চিরুনি পড়েছে কেউ বলতে পারবে না। নিকোল, আমার প্রতিবেশী। এক স্প্যানিশ যুবকের সঙ্গে লিভ টুগেদার করছে। ওরা দুজনই কাজ করে সিনেমা লাইনে। পিয়েরের কাজ হলো প্রতিদিন সকালে মোড়ের বেকারি থেকে গরম গরম মচমচে ক্রঁসো কিনে নিয়ে ওদের ঘুম ভাঙানো। পরে নিকোলের বাথরুমের কাজে খানিক বিরতি দিয়ে পিয়ের এসে আমাকেও জাগিয়ে তোলে। আমরা স্যান্ডউইচ খেতে হাজির হই লে তুঁরোতে। এভাবে আস্তে আস্তে ওর জীবনযাপন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেতে শুরু করি। তখনি প্রথম ওর মুখে শুনি, যেখানে রাত সেখানেই কাত তত্ত্ব: মানে শোবার জন্য ওর নিজস্ব কোনো ঠাঁই নেই। কখনো কারও সিঁড়িকোঠায়, কখনো রাত কাটে কোনো বন্ধুর বৈঠকখানার কাউচে কিংবা কুশনে। যে কারণে এসব অনির্দিষ্ট ঠাঁইয়ে, অগুনতি বন্ধুর বাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ওর সারাই কাজে ব্যবহূত সব হাতিয়ার, কাপড়চোপড়। সম্পত্তি বলতে ওর এইটুকুই: ওই কাপড়চোপড় আর যন্ত্রপাতি।আমি যখন এসব লিখছি পিয়েরকে নিয়ে, ও তখন আমার শাওয়ার মেরামতের নকশা করে যাচ্ছে, আর এই কাজ করতে গিয়ে আমার সাজানো-গোছানো ঘরের জিনিসপত্র সব লন্ডভন্ড করে ফেলেছে, যেখানে-সেখানে ডাই করে রেখেছে কাপড়চোপড়, অন্য আসবাব। কিন্তু ওর মুখভাব দেখলে মনে হবে এদিকে ওর বিন্দুমাত্র মনোযোগ নেই, ঘরদোর অগোছালো করার ব্যাপারটা ঘটছে সম্পূর্ণ ওর অজান্তে, বেখেয়ালে। শাওয়ার মেরামতে ওর মূল পরিকল্পনা হলো: ঠুনকো, সাময়িক কোনো সারাইয়ের কাজ সে করবে না। নকশা তৈরি হচ্ছে, শাওয়ারের পুরোটা সে নতুন করে গড়ে তুলবে, সব ফিটিংস বসাবে সে নতুন আঙ্গিকে। কিন্তু মুশকিল হলো, এই কাজ করতে গিয়ে প্রায়ই সে অদৃশ্য হয়ে যাচ্ছে, মানে যাকে বলে নিখোঁজ। বেশ কয়েক হপ্তা একেবারে লাপাত্তা, তারপর একদিন আবার এসে হাজির। সেই পুরোনো উষ্ণ, সপ্রতিভ পিয়ের। মুখে আকর্ণ বিস্তৃত হাসি। আমি তখন ধৈর্য ধরে ওর নিখোঁজ-রহস্যের গল্প শুনি। সব শুনে বিস্ময় মানি, এটাই পিয়েরের জীবন, এ রকম বিনা নোটিশে নিখোঁজ হওয়াটা পিয়েরের জন্য স্বাভাবিক। পিয়েরের গল্পের শেষ নেই, কিছুদিন কাটিয়েছে সে ভবঘুরে জিপসিদের আখড়ায়, আরেকবার ভিড়ে গিয়েছিল এক দঙ্গল উচ্ছল ছেলেমেয়ের সঙ্গে, কিন্তু সেবার সে ওদের সঙ্গে তাল মেলাতে গিয়ে বাধ্য হলো নগ্ন হয়ে সাঁতার কাটতে। এটা ওদের ঘনিষ্ঠ হওয়ার জন্য অবশ্যপালনীয় কর্তব্য হলেও, পিয়ের সহজ হতে পারেনি। বাস্তব জীবনে নিজেকে সে সব সময় একজন কঠোর স্বতন্ত্রবাদী বলে মানে, তার জীবন সবার চেয়েই আলাদা। তাই বাছবিচারহীন এই অমূলক পরীক্ষায় সে সায় দিতে পারেনি, যে কারণে বেশি দিন থাকেনি সে দলটার সঙ্গে। সুযোগ পাওয়ামাত্র ভেগেছে। মাঝেমধ্যেই পিয়ের কাজ করতে গিয়ে মনোযোগী হয়ে পড়ে পরোপকারে। দেখা গেল যে বাড়ি রং করার কাজ নিয়েছে সে, সেই বাড়ির কর্ত্রীর হঠাৎ পিয়েরের ওই উসকোখুসকো বেখেয়ালি উদাস চেহারা দেখে প্রবল প্রেমবোধ উথলে উঠল। এসব ক্ষেত্রে বেশির ভাগ সময় নিজের ইচ্ছা-অনিচ্ছাকে গুরুত্ব না নিয়ে শ্রেফ সহানুভূতি থেকে তাদের ডাকে সাড়া দিয়ে বিছানায় যায় পিয়ের। এ ক্ষেত্রে পিয়েরের অবশ্য, আরেকটু বিশদ সরল স্বীকারোক্তিও আছে, সহানুভূতির কারণে সে উপগত হলেও তার মধ্যে প্রাথমিকভাবে নারীর প্রতি মানবীয় কৌতূহলও কাজ করে, কিন্তু কোনোমতেই তাকে লোভ বা কোনো সতর্ক বিবেচনার সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। একদিন পিয়ের হাজির সদ্য নার্সারি পেরোনো এক সতেজ তরুণীকে নিয়ে। পিয়েরের পুরোনো প্রেমিক, পুরোনো রোমাঞ্চ! আমি অবাক হয়ে ভাবি, এই মেয়েকে পিয়ের যখন প্রেমে প্রলুব্ধ করার চেষ্টা করেছে তখন ও ন্যাপি ছেড়েছিল কিনা সন্দেহ। (জানি, আমি ব্যাপারটাকে অতিরঞ্জিত করে ফেললাম।) ভিয়েতনামী এক যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত মেয়েটি পিয়েরের সঙ্গেই ছিল। এখন সে ফিরে এসেছে বাবা-মায়ের কাছে, স্কুলও শেষ। মুক্ত বাতাসে ঘোরার জন্য মাঝেমধ্যে পিয়ের ওকে নিয়ে বেরোয়। অবশেষে, বেশ কয়েক মাস পিয়েরের ওই অবিশ্রান্ত ঠুকোঠুকির পর আমার বাথরুম শেষ পর্যন্ত ব্যবহারোপযোগী হলো। কিন্তু গোল বাধল অন্য জায়গায়, পিয়ের তার কাজের জন্য কোনো পারিশ্রমিক নিতে রাজি নয়। যাহোক, এরপর আমাদের নিয়মিত দেখা-সাক্ষাৎ হতে লাগল, কখনো পাড়ার ক্যাফেতে কিংবা লাতিন কোয়ার্টারের আশপাশে। আবার মাঝখানে দিনের পর দিন পিয়েরের কোনো দেখা নেই। এক বিকেলে আচমকা রাস্তায় নিকোলের সঙ্গে দেখা আমার। তার খোঁজখবর জানাতে গিয়ে মুখ রাঙা হয়ে গেল তার। ‘তুমি জানো, আমি এখন পিয়েরের সঙ্গে থাকছি?’ অন্যদের মতো আমি অবাক হলাম না, গোড়া থেকেই আমার সন্দেহ ছিল, আমার মতো পিয়েরও ওই দুর্দান্ত, অসামান্য সুন্দরী নিকোলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু পিয়ের সফল হলো কীভাবে—কীভাবে এটা সম্ভব হলো? প্রতিদিন সকালে ক্রঁসো নিয়ে গিয়ে নিকোলের মন জয় করল কীভাবে পিয়ের, কীভাবে নিকোলের স্প্যানিশ প্রেমিককেও নির্বিষ করে দিল? আমার সূত্র হচ্ছে, তেলতেল মাখন-পনিরের তৈরি ক্রঁসোয় নয়, নিকোল মজেছে পিয়েরের বানানো সুদৃশ্য বাথরুমে। পাঁচ ফিটের ওই বাথরুমের মার্বেল পাথর, পারস্যের কার্পেট, পোরসেলিনের বেসিন, মসৃণ সিজন্ড কাঠের ক্যাবিনেট আর ব্যাবিলনের কারুকার্যখচিত নকসাই ঘটিয়েছে ওই ম্যাজিক। তবে লাতিন কোয়ার্টারের আমার বন্ধুদের ধারণা ওই সংস্কৃতিমনা, বিত্তবান মেয়ে আর আধাশিক্ষিত, উদাস ভবঘুরে পিয়েরের প্রেম বেশি দিন টিকবে না। কিন্তু আমার অপরিপক্ব প্রেম-ধারণা থেকে বাজি ধরে বলতে পারি, এই সম্পর্ক টিকে যাবে। আমার ধারণার সামান্যই ভুল প্রমাণিত হলো। শুরু থেকেই আমি ধরে নিয়েছিলাম এই প্রেমের সম্পর্ক আর দশটা প্রেমের মতো নয়। এই অপ্রত্যাশিত, নাটকীয় প্রেমের সঙ্গে অন্য গতানুগতিক সম্পর্কগুলোকে কোনোভাবেই তুলনা করা যাবে না। এরপর মাঝেমধ্যে টুকরোটাকরা খবর আসতে লাগল ওদের। মাঝখানের কিছু সময় আবার একদম কোনো খবরাখবর নেই। তারপর শুধু কালেভদ্রে একটা-দুটো খবর পেতাম ওদের। কারণ ওদের একসঙ্গে বসবাসের শুরুর কিছুদিন পরই আমার প্যারিসবাস উঠে গেল। বছর কয়েক পর আবার অল্প সময়ের জন্য ফিরে এলাম প্যারিসে। এ সময় এক বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর জানলাম, পিয়ের আর নিকোল দারুণ ঘটনাবহুল সময় পার করছে। সাড়া জাগানো এবং তীব্র আবেগময় প্রেম চলছে তাদের, কিন্তু একেবারে নির্বিঘ্ন নয়। প্রায়ই ঝগড়াঝাঁটি হচ্ছে, ঝগড়া করে মাঝখানে কিছুদিন আলাদা থেকেছে দুজন। কিন্তু সেই বিবাদ মিটে গিয়ে সম্পর্ক জোড়া লাগতে যেমন সময় লাগেনি, তেমনি আবার নিকোল-পিয়েরের বিচ্ছেদ ঘটতেও সময় লাগেনি। কাজেই দুজনের সুখী মিলন দৃশ্য দেখায় অভ্যস্ত হতে না-হতেই আবার লাতিন কোয়ার্টারের লোকজন দেখল, বিরহকাতর নিকোল আর পিয়েরকে, বিধ্বস্ত ভগ্ন-হূদয় হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বরাবরের মতো এই বিচ্ছেদ-দৃশ্যও মাত্র কিছুদিন স্থায়ী হলো ।কেউ একজন, ঠিক কোথায় মনে নেই, একদিন দুম করে আমাকে জিজ্ঞেস করল, প’ত্যি পিয়েরের কথা মনে আছে? ও পাগল হয়ে গেছে, জানো?ব্রিটানির পাগলাগারদে আছে এখন?পিয়ের পাগলাগারদে বন্দী, ওর মারমুখী হিংস্র আচরণ—এসব আমার কাছে কিছুতেই সত্যি বলে মনে হলো না। প’ত্যি পিয়ের তো কখনোই সেই অর্থে সুস্থ মাথার মানুষ ছিল না, কাজেই ওর আবার মস্তিষ্ক বিকৃতি ঘটবে কি, এটা অবিশ্বাস্য। বয়োপ্রাপ্ত হওয়ার পর, বোধবুদ্ধি তৈরি হওয়ার পর থেকেই তো পিয়ের ওর পূর্বপুরুষ লা মিজারেবলের সেই বখাটে ছেলের মতো—কোনো দিনই যে খাপ খাইয়ে নিতে পারেনি সমাজের স্বাভাবিক, সর্বজনস্বীকৃত আচার-আচরণগুলোর সঙ্গে, সততার ধারণাকে যে কখনো গ্রাহ্যে আনেনি, আইন-কানুনেও যার কোনো শ্রদ্ধা তৈরি হয়নি। কিন্তু পিয়েরের মধ্যে কখনোই কোনো রকম উগ্র আচরণ চোখে পড়েনি আমার, কারো প্রতি কখনো ওকে আগ্রাসী হয়ে উঠতেও দেখিনি। পিয়েরের মতো সরল, নিঃস্বার্থ, পরোপকারী আর কোমল হূদয়ের মানুষ দ্বিতীয়টি দেখিনি। কেউ আমাকে বিশ্বাস করাতে পারবে না। পিয়ের নামের ওই যুবক—স্প্যানিশ ভাষায় চরম কাব্যিক একটা শব্দ আছে, ‘নেফেলিবাতা’—যার অর্থ, যে মেঘের মধ্যে হারিয়ে গেছে—সেরকম একজন মানুষ বিকারগ্রস্ত মারমুখী হয়ে অন্য লোকের ওপর চড়াও হচ্ছে, কী করে বিশ্বাস করি!এর মধ্যে আরও কয়েক বছর পেরিয়ে গেছে, পিয়েরের আর কোনো খবর জানি না, একদিন মাদ্রিদ বিমানবন্দরে যাত্রাবিরতির সময়, দু হাত ছড়িয়ে কোত্থেকে এক ছায়া এসে পথরোধ করে দাঁড়াল আমার, ‘আমাকে চিনতে পারছ না? আমি তোমার প্রতিবেশী ছিলাম লাতিন কোয়ার্টারে।’ চিনলাম, নিকোলের সেই স্প্যানিশ প্রেমিক। ভীষণ রকম মুটিয়ে যাওয়া, মাথার চুল প্রায় সাদা হয়ে আসা এই লোকের সঙ্গে লিঁওর সেই হালকা-পাতলা গড়নের দাড়িমুখের ছেলেকে কিছুতেই মেলাতে পারলাম না। মনে পড়ল, পনের বছর আগে ফ্রেঞ্চ বান্ধবীর বিল পরিশোধের তাড়ায় যে একজন খাঁটি দেশপ্রেমিক স্প্যানিশের মতো জ্বলে উঠত প্রায়ই, এই থলথলে শরীরের লোকটার সঙ্গে তার কোনোই মিল নেই। ওকে জড়িয়ে ধরে রওনা হলাম কফি স্টলের দিকে।প্রায়ই তার প্যারিসে যাওয়া পড়ে, কিন্তু পৃথিবীর কোনো কিছুর বিনিময়েই সে আর ওই শহরে ফিরতে চায় না পাকাপাকিভাবে, ওই শহরে তার বিগত জীবনের তিক্ত স্মৃতির ছায়া ঘুরে বেড়াচ্ছে এখনও। নিকোলের সঙ্গে তার দেখা হয়? হ্যাঁ, মাঝেমধ্যে, এখনো তারা ভালো বন্ধু। কেমন আছে নিকোল? আগের চেয়ে ভালো, পুরো সেরে উঠেছে প্রায়। নিকোল অসুস্থ ছিল? কী বলে! আমি দেখি কোনো খবরই জানি না? না, আসলেই কিছু জানি না। অনেক দিন নিকোলের কোনো খোঁজখবর আমি পাইনি।এরপর অনেক খবর জানাল ও, নিকোলের খবর, পিয়েরের খবর। নিকোলকে ওর কাছ থেকে ছিনিয়ে নিলেও পিয়েরের ওপর কোনো রাগ-ক্ষোভ নেই ওর। পিয়েরের পাগলাগারদ-বাসের খবর সত্যি, ওর মারমুখী উন্মত্ততার কথাও সত্যি। কিন্তু তার রাগ অন্য কারোর ওপর নয়—অন্য কারোর ক্ষতি করার সামর্থ্যও পিয়েরের নেই। যত রাগ তার নিজের ওপরই; নিজেকে কষ্ট দেওয়ার ক্ষমতাটুকু তখনো তার অবশিষ্ট ছিল। নিকোলের অভিযোগের কারণে ব্রিটানির পাগলাগারদে কিছুদিন আটকেও রাখা হয়েছিল পিয়েরকে। বৈদ্যুতিক করাত দিয়ে মারাত্মকভাবে নিজেকে জখম করার সময় নিকোল হঠাৎ সেখানে এসে পড়লে সে যাত্রা বেঁচে যায় পিয়ের। পাগলাগারদেও নিকোলের যাতায়াত স্বাভাবিকভাবে নিতে পারেনি পিয়ের, নিকোলকে দেখলেই ভীষণ উত্তেজিত হয়ে পড়ত, যে কারণে কর্তৃপক্ষ পিয়ের খানিকটা সুস্থ না হওয়া পর্যন্ত নিকোলকে হাসপাতালে আসতে বারণ করে দেয়।কয়েক হপ্তা পর, মাসখানেক পর কিংবা বছরখানেক পর, হাসপাতাল কর্তৃপক্ষ নিকোলকে জানায়, প’ত্যি পিয়ের পালিয়েছে। তারপর কোথাও আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আমি যত দূর ধারণা করতে পারি (পরে অন্যদের কাছেও শুনেছি), নিকোল আর পিয়েরের ফেরার আশায় বসে থাকেনি, স্বাভাবিকভাবে জীবনযাপনের চেষ্টা করছে সে, ভালো চাকরি খুঁজে নিয়েছে, নতুন প্রেমিকও জুটেছে তার একজন। তাই আমি ধারণা করতে পারি, নিকোল যেদিন লাতিন কোয়ার্টারের ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেদিন পিয়ের ওর কাছে কেবলই দূর অতীতের এক স্মৃতি মাত্র। কিন্তু ঝামেলাটা বাধল নিকোলের ফ্ল্যাটের সম্ভাব্য ক্রেতা যখন ফ্ল্যাটের শোবার ঘর, রান্নাঘর ও বাথরুমের ওপরের অ্যাটিকগুলো খুলে দেখার সিদ্ধান্ত নিল। নিকোলই কি প্রথম দেখেছিল, নাকি সম্ভাব্য ক্রেতা? ধুলো আর মাকড়সার জালে জড়াজড়ি করে কড়িকাঠ থেকে ঝুলছে পিয়েরের শরীর। কারও চোখকে ফাঁকি দিয়ে ওখানে সে উঠল কীভাবে? কত দিন ধরে ওই কড়িকাঠের সঙ্গে ঝুলছে সে? দুর্গন্ধের কারণেও তো ওই লাশের হদিস বেরিয়ে পড়ার কথা?আমার প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। আমার মাথায় ঘাই মারা এসব প্রশ্নের কোনোটাই জিজ্ঞেস করা হলো না নিকোলের স্প্যানিশ প্রেমিককে। আবার যদি কোনো দিন কোনো বিমানবন্দরে ওর সঙ্গে আমার আচমকা দেখা হয়ে যায় সেদিনও আমি এই প্রশ্নগুলো ওকে জিজ্ঞেস করব না। লাতিন কোয়ার্টারের সেই নুড়িপাথর হিসেবে আমার পরিচিত প’ত্যি পিয়ের, যে আমার শাওয়ার ঠিক করে দিয়েছিল, তার সম্বন্ধে আর একটা কথাও আমি শুনতে চাই না। এই গল্প আমি লিখছি শুধু নিজেকে এক দুঃসহ দুঃস্বপ্ন থেকে মুক্ত করার জন্য, মাঝরাতে হঠাৎ হতভাগ্য পিয়েরের কালিঝুলি মাখা ঝুলন্ত লাশ দেখে ঘেমে নেয়ে উঠে আমি আর ঘুম থেকে জেগে উঠতে চাই না।