ফটোসাংবাদিকতার নোবেল বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটোগ্রাফির সর্বোচ্চ সম্মান ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার। একে অনেকে তুলনা করেন ফটোসাংবাদিকতার নোবেল হিসেবেও। এ বছর সেই নোবেলই এসেছে আমাদের ঘরে, বাংলাদেশে। ৩০ বছর বয়সী বাংলাদেশের তরুণ ফটোসাংবাদিক এন্ড্রু বিরাজ পেয়েছেন এই বিরল সম্মান। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে ১২ ফেব্রুয়ারি বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। ডেইলি লাইফ শাখায় তাঁর স্থান তৃতীয়। প্রতিবছরই ওয়ার্ল্ভ্র প্রেস ফটো ফাউন্ডেশন আয়োজন করে এই প্রতিযোগিতার। এ বছর জমা পড়েছিল রেকর্ডসংখ্যক ছবি, এক লাখ আট হাজার ৫৯টি। ১২৫ দেশের পাঁচ হাজার ৮৪৭ জন ফটোসাংবাদিকের মধ্য থেকে নয় শাখায় ২৩ দেশের ৫৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশের এই প্রতিভাবান তরুণকে নিয়ে লিখেছেন আরেক ফটোসাংবাদিক সাহাদাত পারভেজ১৯৯৯ সাল। সবে এইচএসসি পরীক্ষা দিয়েছেন বিরাজ। দূরসম্পর্কের চাচাতো ভাইয়ের পেনটেক্স কে থাউজেন্ড ক্যামেরাটা পেলেন ছবি তোলার জন্য। অ্যাপারচার, সার্টার স্পিড, ফোকাস—মোটকথা ফটোগ্রাফির হাতেখড়ি তাঁর কাছেই। পরীক্ষা শেষে মাথায় আসে বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি (বিপিএস) থেকে ফটোগ্রাফির বেসিক প্রশিক্ষণ নেওয়ার। রিকশায় এলিফ্যান্ট রোড পেরিয়ে পান্থপথে এসে পাঠশালার সাইনবোর্ডটি তাঁর চোখে পড়ল। বিপিএসের কথা ভুলে গিয়ে বিরাজ রিকশা থেকে নেমে ঢুকে পড়লেন ফটোগ্রাফির স্কুল পাঠশালায়। এখানেই ভর্তি হয়ে গেলেন বেসিক কোর্সের নবম ব্যাচে। ছেলের এমন ইচ্ছায় মা-বাবাও উৎসাহ জোগালেন। ক্লাসে শিক্ষকদের অভিজ্ঞতার গল্প শুনে ফটোগ্রাফির প্রতি আরও ঝুঁকে পড়লেন বিরাজ। সেই সময় পাঠশালায় মুক্তচোখ নামে একটি ফটোগ্রাফি সংগঠন তৈরি হয়। বিরাজ এ সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মুক্তচোখের সদস্যরা সমসাময়িক বিষয় নিয়ে দল বেঁধে ছবি তুলতে চলে যান দূরে কোথাও। বিষয়টি বিরাজ খুব উপভোগ করেন। সে সময় মুক্তচোখ আয়োজন করে ‘স্বাধীনতা তোমায় কীভাবে দেখি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার। প্রদর্শনীটা ছিল তাঁর জন্য বড় অনুপ্রেরণা। ২০০২ সালে বিরাজ ভর্তি হন পাঠশালা দ্য সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফির তিন বছরের গ্র্যাজুয়েশন কোর্সে। এর মধ্যে তিনি ম্যানেজমেন্টে অনার্সও করে ফেলেন। পরে রঘু রায়, কিশোর পারেখ, নাইবুদ্দিন আহমেদ, রশীদ তালুকদার—এঁদের কাজ দেখে মনের ভেতর ফটোগ্রাফির ঝড় ওঠে। পাঠশালায় দুই বছর শেষ করে স্কলারশিপ নিয়ে ফটোজার্নালিজম বিষয়ে পড়তে যান ইংল্যান্ডের বোল্টন ইউনিভার্সিটিতে। ২০১০ সালে ফিরে এসে শিক্ষক হিসেবে যোগ দেন পাঠশালায়। বিরাজের উল্লেখযোগ্য ফটোস্টোরিগুলো হচ্ছে বিহারি ক্যাম্প নিয়ে স্টেট এক্সক্লোডেড, খুলনার পাটশ্রমিকদের নিয়ে দ্য ট্র্যাজেডি ফাইভার, ফুলবাড়ী আন্দোলন নিয়ে পিপল পাওয়ার অ্যাট ফুলবাড়ী, এ ক্লাইমেট রিফিউজি প্রভৃতি। অর্জন ও সাফল্যএন্ড্রু বিরাজ বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে কাজ করতে করতে ২০০৮ সালে যোগ দেন আন্তর্জাতিক নিউজ এজেন্সি রয়টার্সে। বর্তমানে এর বাংলাদেশ ফটোসাংবাদিক হিসেবে ঢাকা ব্যুরো অফিসে কর্মরত। ফটোগ্রাফির নোবেল প্রাপ্তির কথা বাদ দিলেও পৃথিবীর খ্যাতনামা পত্রিকা, ম্যাগাজিন ও সাময়িকীতেও প্রকাশিত হয়েছে তাঁর ছবি। ২০০৮ সালেই তিনি পেয়েছেন ওয়ার্ল্ড প্রেস ফটোর জুপস মাস্টার ক্লাস গ্র্যান্ড পুরস্কার। তরুণ আলোকচিত্রী হিসেবে এটি বিরল সম্মানের। ছবির গল্পের জন্য ৩০ বছরের নিচে পৃথিবীর ১২ জন ফটোসাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়। ওই বছর বিরাজই ছিলেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র বিজয়ী। একই বছর ন্যাশনাল প্রেস ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা (এনপিপিএ) আয়োজিত বেস্ট ফটোজার্নালিজম পুরস্কারে বিরাজ অর্জন করেন প্রথম স্থান। যুক্তরাজ্য থেকে পান ওয়ার্ল্ভ্র মিডিয়া অ্যাওয়ার্ড। ২০০৭ সালে তৃতীয় চায়না আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতায় তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। একই বছর ভেনিস আন্তর্জাতিক ফটো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পান। ২০০৯ সালে পান সাউথ এশিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার, এফসিসিটি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ও আমেরিকান ফটো ইমেজেসে রানারআপ। রয়টার্সে যোগ দেওয়ার আগে তিনি নিউইয়র্ক টাইমসের অ্যাসাইনমেন্ট নিয়ে ঘূর্ণিঝড় নার্গিস কাভার করতে মিয়ানমারে যান। দক্ষতার সঙ্গে তুলে আনেন দুর্যোগের নানা ছবি। রয়টার্সের প্রতিনিধি হয়ে কাভার করেন আফগানিস্তানের সংসদ নির্বাচন ও কম্বোডিয়ার প্রাকৃতিক দুর্যোগ। বিরাজের নিখুঁত ছবি কিংবা ছবির গল্প বিশ্বখ্যাত। পৃথিবীর বিখ্যাত টাইম ম্যাগাজিন, দ্য নিউইয়র্ক টাইম, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন, দ্য গার্ডিয়ান, দ্য ওভসার্ভার ম্যাগাজিন, কুরিয়ার ইন্টারন্যাশনাল, ক্রিস্টান সাায়েন্স মনিটর, এশিয়ান জিইও, হিমেল সাউথ এশিয়ান, হিন্দুস্থান টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় তাঁর ছবি প্রকাশিত হয়েছে।