ফলের বাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতা
আতা
গোলাপজাম
গোলাপজাম
ফলসা
ফলসা

ফল আমাদের কার না প্রিয়। আমাদের মধ্যে ফলবিমুখ, তেমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন হবে। তবে যে যে ফলই খান না কেন, যে ফল তাঁর প্রিয়, সেই ফলের পরিচিতি সম্পর্কে তাঁর বা তাঁদের অনভিজ্ঞতার শেষ নেই। যেমন, এখন যদি প্রশ্ন করা হয়, বাংলাদেশের ভৌগোলিক সীমার বৃত্তে কত রকমের ফল ফলে, তার জবাবে অনেকেই ‘ঠিক জানি না’ বলে মাথা নাড়াবেন। অথচ উত্তরটা যদি জানা থাকে, তাহলে গর্বে বুক স্ফীত হওয়ার সুযোগ পাওয়া যায়। এমন সুযোগ হাতছাড়া করতে নেই।

প্রথমা প্রকাশনের ‘ছোট্টপিডিয়া’ সিরিজের পঞ্চম বই মৃত্যুঞ্জয় রায়ের ফল পড়ে এই প্রথম জানলাম, বাংলাদেশে প্রায় ১৩০ রকমের ফল হয়। এই পিডিয়াটি করা হয়েছে সেই ফলের ভেতর থেকে ২৮টি ফলের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে। আকারে ক্ষুদ্র হলে কী হবে, এ বই সত্যিই পিডিয়ারই চরিত্র বজায় রেখেছে। লেখক মৃত্যুঞ্জয় রায়ের কৃতিত্ব সেখানেই।

বইয়ে যেসব ফলের পরিচিতি তুলে ধরা হয়েছে, সেগুলো হলো—আতা, আনারস, আম, কলা, কাঁঠাল, কামরাঙা, কুল, গাব, গোলপজাম, জাম, জামরুল, ডালিম, ডেউয়া ও তরমুজ। উল্লিখিত প্রতিটি ফলের পরিচিতি তুলে ধরার পাশাপাশি সেগুলোর বৈজ্ঞানিক নামের উল্লেখ করেছেন লেখক। উল্লেখ করেছেন তাদের ইংরেজি নামও। ফলে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানতে চাইলে আমরা কম্পিউটারে ইচ্ছেমতো সার্চ দিয়ে জ্ঞাতব্য সম্পর্কে জানতে পারব অনায়াসে।

লেখক বিষয়গতভাবে বিশেষজ্ঞ বলেই কেবল আতাফলের রূপরসগন্ধেরই পরিচিতি তুলে ধরেননি, এ-ও জানাচ্ছেন, ‘আতাগাছের বাকল তুলে ফিতের মতো করে ঘুড়ির সঙ্গে বিশেষ কায়দায় বেঁধে দিলে সেসব ঘুড়ি ওড়ার পর বাতাসের টানে অবিরামভাবে “বোঁওওও” করে শব্দ হতে থাকে। তাই এসব ঘুড়িকে বলা হয় ডাকঘুড়ি।’ লেখক জানাচ্ছেন, আতার জন্মস্থান দক্ষিণ আমেরিকা।

আনারস ফল হিসেবে আমাদের সবারই প্রিয়। আজ ফলটির চাষ প্রায় বাংলাদেশজুড়ে। ভুলেও আর মনে হয় না আনারস আমাদের দেশে এসেছিল বাইরে থেকে। গ্রীষ্মমণ্ডলীয় আমেরিকা ও ইউরোপ হয়ে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি শুরু হয়েছিল তার চাষাবাদ ভারত উপমহাদেশজুড়ে।

>
ফল
ফল
ফল
মৃত্যুঞ্জয় রায়
প্রচ্ছদ ও অলংকরণ: অশোক কর্মকার,
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: জুলাই ২০১৬,
৩২ পৃষ্ঠা,
দাম: ১৫০ টাকা।

আমের পরিচিতিও খুবই চমকপ্রদ। বিশ্বাস হবে কি, নানা নামের প্রায় দেড় হাজার রকম বা জাতের আম আছে আমাদের দেশে। লেখক জানাচ্ছেন, ‘চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জকে বলা হয় আমের রাজধানী।’ ঠিক তেমনি জাতীয় ফল কাঁঠালের পরিচিতি তুলে ধরতে গিয়ে মৃত্যুঞ্জয় জানাচ্ছেন, ‘বাংলাদেশের প্রায় সব জায়গায় কাঁঠাল হয়। তবে গাজীপুর জেলার শ্রীপুরকে বলা হয় কাঁঠালের রাজধানী।’

ফলের পরিচয় তুলে ধরতে গিয়ে মৃত্যুঞ্জয় রায় কেবল ফলটির প্রকারের উল্লেখই করেননি, কোথায় কোথায় এর চাষ হয়, শুধু দেশে নয়, বিদেশেও, উল্লেখ করেছেন তার কথাও। ফলের ভেষজ গুণেরও বিবরণ তুলে ধরেছেন।

লেখক গাব, কলা, গোলাপজাম, জাম, কামরাঙা, জামরুল, ডালিম ইত্যাদি ফলের পরিচিতিও সুন্দরভাবে দিয়েছেন। যেমন—ডেউয়া সম্পর্কে বলতে গিয়ে জানাচ্ছেন, ‘ডেউয়া একটি ভেষজ গাছও বটে। এর ছাল গুঁড়ো করে যেকোনো ক্ষতে লাগালে ক্ষত শুকিয়ে যায়।...বাংলাদেশ ও আসাম ডেউয়ার জন্মভূমি।’

এ বইয়ে অন্তর্ভুক্ত ২৮টি ফলের বর্ণনায় লেখক এতটাই আন্তরিক যে, পড়তে পড়তে মনে হয় প্রতিটি ফলের বিবরণ আরও বিস্তারিত হলো না কেন! কিন্তু তার অবকাশ এ বইয়ে নেই। কেননা এটি শিশু-কিশোরদের উপযোগী করে লেখা। তবুও এ বই আমাদের পরিচিত ২৮টি ফল সম্পর্কে যে ধারণা দেয়, তার মূল্য কোনোভাবেই তুচ্ছ করার মতো নয়।