
পা দুটো কাঁপছে শেফালির। হাত দুটোও।
কাঁপা হাতে সে ফাঁসটা পরখ করে নিল আরেকবার।
তারপর শ্বাস নিল বুক ভরে।
তখনই শোনা গেল মায়ের গলা। ওকে ডাকছেন। ডাকুক। এ সময় কারও ডাক শুনতে নেই।
কিন্তু ডাকতে ডাকতে এদিকেই যে আসছেন! আসুক। ভেতরে তো আর ঢুকতে পারবেন না! অনেক ডাকাডাকি করবেন। উত্তর না পেয়ে ভয় পাবেন। কান্নাকাটি করবেন। চিৎকার করবেন। বাবা আসবেন। ডাকবেন। দরজা ধাক্কাবেন। কিন্তু রোগা শরীরটা নিয়ে পেরে উঠবেন না কাঁঠাল কাঠের দরজাটার সঙ্গে। চাচারা ছুটে আসবেন। বোনেরা আসবে। চাচিরা আসবেন। প্রতিবেশীও আসবেন দু-একজন। চেষ্টা চলবে ঘরে ঢোকার। অনেক কাঠখড় পুড়িয়ে সফল হবেন তাঁরা। তবে ঢুকেই দেখবেন সব শেষ! তখন কে অজ্ঞান হবে, কার দাঁতে খিল লাগবে, কে কাঁদবে কিন্তু চোখে পানি আসবে না, তা দেখার জন্য বসে থাকবে না শেফালি। সে সময় সে ভেসে বেড়াবে। উড়ে বেড়াবে। মেঘের মতো। পাখির মতো।
এত কিছু হয়তো ভাবেনি শেফালি। তবে দরজার ওপর অগাধ বিশ্বাস তার। নিশ্চিন্তে ফাঁসটা পরে নিল গলায়।
তখনই খেয়াল হলো, দরজাটা আসলে খোলা! খিল দেওয়া হয়নি।
মায়ের স্বর কাছে আসছে। এখন বোধ হয় বারান্দায়। শেফালি আর এগোতে দিল না মাকে। ‘আসচি মা’ বলে বের হলো ও।
বিদ্যুৎ নেই। একটা ল্যাম্প হাতে দাঁড়িয়ে আছেন মা। মুখে চিন্তার ছাপ।
ইলশেগুঁড়ি পড়ছে। ব্যাঙ ডাকছে। আর ঘুগরো। এ ছাড়া কোনো শব্দ নেই। বাবা-মায়ের ঘরে আলো জ্বলছে।
ওদিকেই যেতে হলো।
বাবা বসে আছেন খাটের ওপর। সামনেই দুটো টুল পেতে বসেছে বোনেরাও।
শেফালিকে পাশে বসালেন বাবা। মাথায় হাত বুলালেন। হাত দুটো হাতে নিলেন। বোঝা যাচ্ছে কিছু বলবেন তিনি। কিন্তু সহসা বলতে পারছেন না। অনেকক্ষণ পর তাঁর কণ্ঠ শোনা গেল, ‘মা রে, ভুলটা আমিই করিচি। তার শাস্তিও তো পাইচি। আর কোনো শাস্তি আমায় দিসনে। মাপ কর, মা। ক্ষমা কর।’ বলতে বলতেই কেঁদে ফেলেন। বাবার অশ্রু ঢেউ জাগাল শেফালির চোখেও।
কিছুক্ষণ চুপচাপ কাটল।
বাবা কিছু বললেন না আর। বলতে লাগল বোনেরা। আর মা।
সন্ধ্যায় শেফালির গলার দাগ খেয়াল করেছিলেন মা। তখনই বুঝেছেন কী করেছে ও। সোহেলের জন্যই যে ও এখনো কাঁদে, ওর জন্যই যে এসব করেছে তাতে সন্দেহ নেই কারও।
সোহেলের জন্য! শেফালি অবাক হয়।
মানুষের কী অক্ষমতা! সবকিছুরই কারণ দাঁড় করায়। নিজের মতো ব্যাখ্যা করে। ভাবতে পারে না অন্য কারণও থাকতে পারে!
সোহেলকে সেই কবেই ভুলে গেছে ও! ছোট মামাকে দেখলেই যা একটু মনে পড়ে।
শেফালি তখন ক্লাস নাইনে। খুব ভালো লাগল ছোট মামার এক বন্ধুকে। একটু একটু করে গাঢ় হলো ভালো লাগাটা।
কীভাবে কীভাবে জেনে ফেললেন বাবা। এই বয়সে প্রেম! মাথার দিব্যি দিলেন।
সম্পর্কটা কেবল হাঁটছে তখন। ডানা মেলতে শেখেনি। ছানা পাখিটারই গলা ভাঙতে হলো।
খুব কষ্ট হয়েছিল তখন। প্রভাবটা পড়েছিল পড়াশোনায়। ডাহা ফেল করে বসল এসএসসিতে। ইন্টারে উঠে আরও দুবার।
ফলে বিয়ের তোড়জোড় শুরু হলো।
শেফালি কিন্তু জেদ ধরে ছিল, বিয়ে করবে না। প্রথম কয়েকটা প্রস্তাব ভেস্তে গেলে তাই খুশিই হয়েছিল ও। তবে ধীরে ধীরে অসহ্য হয়ে উঠল ব্যাপারটা। নিজের চেয়ে বাবা-মায়ের যন্ত্রণাই পোড়াত বেশি। সারাক্ষণ তাই ছোট হয়ে থাকত। মানুষের সামনে যেতেও লজ্জা পেত। অপয়া মনে হতো নিজেকে। শেষ পর্যন্ত এমন হলো, বাছাবাছি দরকার নেই, বিয়েটা অন্তত হোক!
কিন্তু ভাগ্যটা কোথায় যেন আটকে ছিল। একে একে ২২টা সম্বন্ধ ভেঙে গেল। ভাবা যায়, এতবার সেজেগুজে ছেলেপক্ষের সামনে বসেছে ও! হেঁটেছে। কথা বলেছে। কারোরই পছন্দ হয়নি ওকে। সমস্যাটা কী?
পড়াশোনাতেই যা একটু খারাপ। আর বছর কয়েক ঘরে বসে আছে, তাই মুটিয়ে গেছে একটু। এই তো! এ ছাড়া আর কোনো অযোগ্যতা তো নেই! তিন বোনের মধ্যে ওর চেহারাই সবচেয়ে ভালো। হাসলে টোল পড়ে গালে। জুতসই একটা তিলও আছে থুতনিতে। ফরসা গালে যা ছোট্ট টিপের মতো রূপ বাড়ায়। উচ্চতাও বেশ।
বড় বোন দুটোর রং চাপা। একটু যেন খাটোও। ওদের বিয়ে তো ঠিকঠাকই হলো। ঘাটতিটা কোথায় শেফালির? খুঁজে পায় না ও। গত সপ্তায় যারা দেখতে এসেছিল, ওরাও বোধ হয় পায়নি। তাই পছন্দ করেছে। শুধু পছন্দই করেনি, বিয়ের দিনও ঠিক করে গেছে। ছেলে ইন্টার পাস। গোড়পাড়া বাজারে ওষুধের দোকানে কাজ করে। চেষ্টা করছে বিদেশ যাওয়ার। তার আগেই বিয়েটা করে যেতে চায়। মেয়ে যেহেতু পছন্দ, খামোখা দেরি করা কেন? সপ্তাহ খানেক সময় হলেই তো হয়।
তাড়াহুড়োটা শেফালির বাবা-মায়েরও তো কম ছিল না। ছেলেপক্ষ রাজি হওয়ার সঙ্গে সঙ্গে তাই হাঁফ ছেড়ে বেঁচেছে ওরা। শেফালিও। অপয়া জীবনটা টেনে বেড়াতে ইচ্ছে করছিল না আর। বিষিয়ে উঠেছিল মন।
যাক! সেদিন ফুরোল এবার।
আগামী পরশু বিয়ে। ধুমধাম হবে না খুব একটা। কাছের কজন আত্মীয় আসবেন। আর শেফালির বান্ধবীরা। বান্ধবী বলতে জাহানারা আর মৌসুমী। দুজনেরই বাচ্চাকাচ্চা আছে। মৌসুমীর তো পেটেই আরেকটা। আসতে পারবে বলে মনে হয় না। তবু। দাওয়াত তো দিতে হবে। দাওয়াত দিয়েই ফিরছিল ও। হাঁটছিল একমনে। আর ভাবছিল নানা কথা।
ছেলেটাকে পছন্দ হয়েছে। রংটা কালোর দিকেই বেশি। একটু খাটোও। কিন্তু চেহারার মধ্যে কী যেন একটা আছে। খুব বিশ্বাস করতে ইচ্ছে করে। খুব ভালোবাসতে ইচ্ছে করে। বয়সও মানানসই। একবার দেখেই মনে হয়েছে, এ ছেলের জন্য বছরের পর বছর অপেক্ষা করা যায়। ভালোই হয়েছে এত দিন বিয়ে হয়নি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
সোহেলের কথা মনে পড়ল। অনেক আগেই সংসারী হয়েছে ও। একটা এনজিওতে চাকরি করে। ওর সঙ্গে তুলনাই চলে না হবু বরের। তুলনা করেও-বা কী লাভ! তা ছাড়া, বিয়েটা হচ্ছে শেষ পর্যন্ত! খুশি খুশি লাগছিল তাই।
দুপুর গড়িয়ে গেছে।
রোদ আছে। হালকা মেঘও।
ভ্যাপসা গরম পড়ছে। সেদ্ধ হওয়ার মতো অবস্থা।
চারপাশে তাকাল ও। পাটখেত আর পাটখেত। মাঝখান দিয়ে বয়ে গেছে পথ। সিঁথির মতো। আঁকাবাঁকা।
এসব পথে যেতে খুব ভয় করত ছোটকালে। ছেলেধরার ভয়। কে যেন বলেছিল, পাট বাগানে বদমানুষেরা লুকিয়ে থাকে। বাচ্চা ছেলেমেয়ে দেখলে ধরে নিয়ে যায় তারা। কাউকে আস্ত বিক্রি করে। কারও গলা কেটে মাথা বিক্রি করে। খুব অবাক হয়েছিল ও। শুধু শুধু গলা কাটবে কেন? বুঝিয়ে বলেছিল সে, টাকার জন্য। সেই থেকেই শেফালির ছেলেধরার ভয়। গলাকাটার ভয়। ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং শুনলেই ভাবত, গলাকাটা ডাকছে। পাটের মৌসুমে কখনোই একা বের হতো না। গলাকাটার দোহায় দিয়ে কতবার স্কুল ফাঁকি দিয়েছে! মনে পড়তেই হেসে ফেলল ও।
তখনই আওয়াজটা এল।
পনেরো-ষোলো বছরের একটা ছেলে। লুঙ্গি পরা। গায়ে লাল গেঞ্জি। হাউমাউ করে কাঁদছে। আর গড়াগড়ি খাচ্ছে মাটিতে। ডান পা’টা ধরে আছে দুহাতে। চারপাশে কেউ নেই। কী হয়েছে ছেলেটার? সাপে কাটেনি তো! দৌড়ে যায় সে। নিচু হয়ে বসে। কিন্তু কিছু দেখার সুযোগ পায় না। আঁধার হয়ে আসে সব। কেউ একজন চোখ দুটো চেপে ধরেছে তার।
কান্না থেমে গেছে ছেলেটার।
পা দুটোও ধরেছে কেউ একজন। নাড়াতে পারছে না।

একটু সময় লাগে বুঝে উঠতে। ভয়ানক এক ফাঁদে পা দিয়েছে ও। চিৎকার করতে যায়। পারে না। মুখটাও বাঁধা পড়েছে আরেক হাতে। ওর শরীরটা অবশ হয়ে যায়।
একজন জড়িয়ে ধরে আছে পেছন থেকে। উঁচু করার চেষ্টা করছে। হাত দুটো খুব শক্ত। প্রচণ্ড চাপ লাগছে বুকে।
তবু কসরত করে ও। সাধ্যমতো। ছাড়া পাওয়ার চেষ্টা করে। কিন্তু পাঁচ-ছয়জনের সঙ্গে ও পারবে কীভাবে! সবাই মিলে জাপটে ধরেছে। চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে ওকে।
ভ্যাপসা গরমটা বেড়েছে। কাঁচা পাট আর পচা পাট পাতা আর পচা কাদার গন্ধ আসে নাকে। পাশের পাটখেতেই ঢুকেছে ওরা, বোঝা যায়। মাটিতে নামানো হয় ওকে। কখন যেন খুলে গেছে চপ্পল জোড়া। পায়ে মাটির স্পর্শ লাগে। প্যাচপেচে কাদায় ডুবে যায় পায়ের পাতা।
পট পট করে পাট ভাঙার শব্দ পায়। কানের কাছে একজনের নিশ্বাসের শব্দ শোনে। আর শোনে চাপা গলার ফিসফিসানি, ‘বলিলাম না ছেমড়িটা সত্যি সত্যি ফরসা! তুরা তো বলচিলি সব মেকাপ। দ্যাক এবারা মেকাপ না সত্যি।’
‘ঠিক আচে ঠিক আচে তুই থাম। কেউ শুনে ফেললি বাপের নাম ভুলোয়ে দেবেনে। যা করার তাড়াতাড়ি কর।’
তাড়াতাড়িই করে ওরা। ওড়না দিয়ে চোখ বাঁধে। মুখের মধ্যে একটা কাপড় ঢুকিয়ে দেয়। সম্ভবত কারও গেঞ্জি। তা থেকে বিড়ির গন্ধ আসে। গন্ধটা বড় উৎকট। বমি বমি লাগে শেফালির। প্রচণ্ড শক্তিতে সবাইকে লাথি মারতে ইচ্ছে করে। সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করে। কিন্তু উপায় নেই। দুই দিক থেকে হাত দুটো শক্ত করে ধরে রাখে ওরা। পা দুটোও।
একজন একজন করে বের হয়ে যায় রাস্তায়। পাহারা দিতে থাকে। কেউ এলে যাতে পালানো যায়। কিন্তু পালানোর প্রয়োজন পড়ে না। কেউ আসে না পথ দিয়ে। এমন সময়ে কারও আসার নিয়ম নেই বোধ হয়।
বিশ-পঁচিশ মিনিট পর চলে যায় ওরা। ততক্ষণে পুরো পৃথিবীর ওপর ঘেন্না ধরে গেছে শেফালির।
উঠে বসেছে ও। কাদায় গেঁথে আছে হাঁটুজোড়া। চোখে ওড়না বাঁধা এখনো। তবু হাত দিয়ে মুখ ঢেকে আছে। ফোঁপাচ্ছে। কিন্তু শব্দটা শোনা যাচ্ছে না।
মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে ওর। মনে হচ্ছে, কেয়ামত হয়ে যাক এখনই। তাহলে ও বাঁচে। কিন্তু কেয়ামত আসে না। বার কয়েক দেয়া ডাকে শুধু। বিদ্যুৎ চমকায়। বৃষ্টি শুরু হয়। কাছেই কোথাও বাজ পড়ে। ভয়ানক শব্দে কানে তালা লাগে। তবু কেঁপে ওঠে না ও। পরের বাজটা নিশ্চয় মাথায় পড়বে। অপেক্ষা করতে থাকে আশা নিয়ে। পড়ে না।
কী ভেবে দুটো পাটের ছাল ছাড়ায়। জড়িয়ে নেয় গলায়। তারপর দুপাশ থেকে টান দেয় দুই হাতে। গায়ের জোরে টানে। ফাঁসটা আটকেছে বেশ। ওর চোখ বেরিয়ে আসছে। জিহ্বা বেরিয়ে আসছে। কিন্তু প্রাণটা বেরোচ্ছে না। হাত দুটোও বিশ্বাসঘাতক! হাল ছেড়ে দেয়। আরও কয়েকবার চেষ্টা করে এভাবে। তারপর কান্না শুরু করে গলা ছেড়ে।
এভাবে কতক্ষণ কেটেছে? কেউ জানে না।
ওড়নাটা খুলে ফেলে চোখ থেকে। কাপড়গুলো পড়ে আছে পাশে। পরে নেয়।
এখান থেকে আধা মাইল দূরে ওর বাড়ি।
একবার ভাবে, যাবে না। আরেকবার ভাবে, বাড়িই যাওয়া দরকার।
একবার এগিয়ে যায়। পরক্ষণেই পেছনের পথ ধরে।
কিন্তু পথ তো কখনো দোটানায় ভোগে না। শেফালিকে তাই বাড়িতেই পৌঁছে দেয় সে।
তখন সন্ধ্যা। ওকে দেখেই আঁতকে ওঠেন মা। সারা গায়ে কাদা। চোখ দুটো লাল। ফুলে ঢ্যাপ হয়েছে। ঘটনা কী?
পড়ে গিয়েছিল পথে। কাদার মধ্যে। চোখে মাটি গিয়েছিল। ডলতে ডলতে লাল করে ফেলেছে।
বাড়িতে বিয়ের আয়োজন। বোনেরা এসে গেছে। কী নিয়ে যেন ব্যস্ত আছে ওরা। ভাগনে-ভাগনিরা কানামাছি ভোঁ-ভোঁ খেলছে। দুই চাচি চাল ঝাড়ছে বড় ঘরের বারান্দায়। ছোট ভাইটাকে নিয়ে বাবা গেছেন বিয়ের বাজারের শেষটুকু সারতে। চারপাশে কী দারুণ চঞ্চলতা! সব ওকে ঘিরে। অথচ ওর সবকিছু থেমে গেছে।
উঠোনের সামনেই পুকুর। গোসল করতে যায় শেফালি। মা দাঁড়িয়ে থাকেন পাড়ে।
পানি থই থই করছে। নেমেই ডুব দেয় ও। ডুবে যাওয়ার চেষ্টা করে। অদৃশ্য হয়ে যেতে মন চায়। কিন্তু শরীরটা বড় বেয়াড়া। ভেসে ওঠে বারবার। চোখ ফেটে কান্না আসে ওর। ডুবে যাওয়া এত কঠিন কেন? মরে যাওয়া এত কঠিন কেন?
গায়ের জোরে গা কচলায়। নখ দিয়ে আঁচড়ায়। ডাঙায় উঠতে ইচ্ছে করে না। তবু উঠতে হয়। ঘরে ঢোকে। কাপড় বদলায়। তারপর শুয়ে পড়ে। খেতে ডাকেন মা। বোনেরা ডাকে। ওঠে না ও। ‘একন খাব না, মা। ঘুম লাগচে।’
ঘুম কিন্তু আসে না। শুয়েই থাকে শুধু।
চোখ বুজতে পারে না। ভেসে ওঠে ওই পাটখেত। আর ছেলেগুলোর মুখ! আশ্চর্য, কারোরই মুখ দেখতে পারেনি ও; তবু যেন ওদের দেখতে পাচ্ছে! লুঙ্গি পরা। গায়ে লাল গেঞ্জি।
আচ্ছা, ওই শুয়োরের বাচ্চারা এখন কী করছে? ওর মাথায় না পড়ুক, বাজ কি ওদের মাথায় পড়তে পারে না? ওর জীবনটা ধ্বংস করে ওরা বেঁচে থাকবে কেন? ওদের কি গুষ্টিসুদ্ধ কলেরা হবে না?
ক্লান্ত শরীর। অবসাদে ছেয়ে আছে। শেফালি ঘুমিয়ে পড়ে একসময়।
ঘুম ভাঙতেই ধড়মড়িয়ে ওঠে। সুনসান চারপাশ। সবাই ঘুমিয়ে গেছে হয়তো।
উঠে দাঁড়ায় শেফালি। বালিশের নিচে রাখা দড়িটা খুঁজে নেয়। কিন্তু টুলটা এনে রাখা হয়নি যে! উঁচু কিছু খুঁজেও পায় না। কী করা? উপায় তো একটা করতেই হবে। আলমারির বইগুলো নামায়। সাজায় একটার পর একটা। বাহ্, বেশ! ওর ওপর দাঁড়ায়। দড়ির একপ্রান্ত বেঁধে নেয় ঘরের আড়ার সঙ্গে। আরেক প্রান্ত গলায়।
পায়ের নিচে সুনীল, সমরেশ আর প্রিয় হুমায়ূন। বইয়ের সারি। ওগুলো সরালেই সব শেষ! এটুকুই বাকি!
কিন্তু সেটুকুই হলো না। হলো না ওর গাধামির জন্য। কেন যে দরজাটা লাগিয়ে শোয়নি! মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এ রকম ও প্রায়ই করে। কিন্তু এবার আর করবে না। এখান থেকে বের হতে পারলেই হলো। কতক্ষণই-বা আর লাগবে?
কিন্তু মা-বোনদের কথা তো শেষ হচ্ছে না! প্রসঙ্গের পর প্রসঙ্গ আসছে। একজন থামছে তো আর দুজন শুরু করছে! শেফালি শুনছে না কিছুই! তার মন ভরে আছে দুপুরবেলার ঘৃণায়। মন পড়ে আছে নিজের ঘরে। ঝুলন্ত দড়িটার কাছে।
একপাশে ঘরে যাওয়ার তাড়া, অন্য পাশে সবার যুক্তিতর্ক। মাঝখানে যেন হাঁপিয়ে উঠেছে শেফালি। পেটটা পাকাচ্ছে। খিদে প্রচণ্ড। কিন্তু খাওয়ার রুচি নেই। এক গ্লাস পানি তো খাওয়া যায়। খাবে কি খাবে না ভাবছে, এমন সময় কথাটা কানে গেল ওর।
বিয়ের পরই জামাই বিদেশ যাবে, মানতে পারেননি বাবা। আপত্তি জানিয়েছিলেন। ও পক্ষ তাই দোকান করে দিতে বলেছে একটা। বাবা রাজি হয়েছেন। সঙ্গে বিয়ের খরচ। অনেক টাকার ধাক্কা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবা এত টাকা পাবেন কোথায়? চাকরিটা তাই ছেড়ে দিয়েছেন। আগাম পেনশনের টাকাটা দিয়েই চালাচ্ছেন সব।
এও ছিল শেফালির কপালে!
মাঠান জমিজমা নেই। আয়ের একমাত্র পথ ওই চাকরিই। অবসরের বছর ছয়েক বাকি এখনো। অকালে সেটাও গেল ওর বিয়ের চুলোয়!
সংসার চলবে কীভাবে?
একটা মুদি দোকান দেবেন বাবা। ছেলের পড়াশোনা আর স্বামী-স্ত্রীর খরচ, এই তো? সে চলে যাবে কোনোভাবে।
এসব নিয়ে চিন্তা করতে হবে না শেফালির। ইচ্ছে না হলে বিয়েটা না করুক। তবু যেন কোনো পাগলামি না করে। নানাভাবে বোঝায় সবাই।
মেজো বোনটা গিয়ে খাবার নিয়ে আসে। সবাই না খেয়ে আছে। শেফালির জন্য।
কিন্তু খেতে পারল না শেফালি। রুচল না মুখে। দুই লোকমা ভাত মুখে তুলে দিলেন বাবা। সেটুকুই গিলল কোনোমতে। বাবার দিকে তাকিয়ে আরেকবার বান ডাকল চোখে। কী নাছোড় এই লোনাজল! মেঘের জলেরও শেষ হয় একসময়। চোখের জলের শেষ নেই! অবাক লাগে শেফালির।
খাওয়া শেষে শুয়ে পড়লেন বাবা। একটু না ঘুমালেই নয়। সকালে অনেক কাজ। মাও শুয়ে পড়েন। বোনেরা আসে শেফালিকে এগিয়ে দিতে।
চাঁদ উঠেছে। একফোঁটা মেঘও নেই আকাশে। পুকুরপাড়ের তালগাছের মাথায় ঘাপটি মেরে বসে ছিল এক পশলা বাতাস। সাঁই করে নেমে এল। বুলিয়ে গেল ঠান্ডা পরশ।
জোছনার মায়া আর বাতাসের শ্বাস মেখে বারান্দায় উঠল শেফালি। আর এগোতে দিল না কাউকে। উঠোনে দাঁড়িয়ে আছে বোনেরা। পিদিমটা উঁচু করে ধরে আছে। চেয়ে আছে ছোট বোনের দিকে।
পিদিমের দুর্বল ভীরু আলোটুকু কাঁপছে। তবু নিভছে না। সে আলোয় যদি প্রকাশ পায় সবকিছু! অস্বস্তি লাগছে শেফালির। নিজেকে দাঁড় করাল আলোর বিপরীতে। বোনেরা যেন না দেখে তার আয়োজন। পর্যাপ্ত আড়াল রেখে দরজা খুলল। কিন্তু ঢুকতে পারল না। সবকিছু এলোমেলো হয়ে গেছে। বইগুলো দাঁড়িয়ে নেই আগের মতো। পড়ে আছে একপাশে। ওপরের দিকে আরও বিস্ময়, দড়িটাতে কি একটা ছেলে ঝুলে আছে? লুঙ্গি পরা। গায়ে লাল গেঞ্জি!
মাথাটা ঘুরে উঠল শেফালির। পড়ে গেল মেঝেতে। দরজার চৌকাঠে লাগল মাথা। বুজে এল চোখ দুটো। তার আগে ছেলেটার মুখ দেখতে চেয়েছিল। পারেনি।