ফিরে চল মাটির টানে
কাইয়ুম চৌধুরী: শিল্পীর একান্ত জীবনকথা—সৈয়দ আজিজুল হকের লেখা বইটি অচিরেই বের হবে প্রথমা প্রকাশন থেকে। কাইয়ুম চৌধুরীর জীবনীভিত্তিক এ বইয়ের একটি অধ্যায়ে ধরা আছে শিল্পী হিসেবে তাঁর রাজনৈতিক চেতনা–বৃত্তান্ত। প্রকাশিত হলো সেই অধ্যায়

কাইয়ুম চৌধুরীর শিল্পীসত্তার গহন-গভীর প্রদেশে একটি রাজনৈতিক চেতনা অবশ্যই বিরাজমান। কিন্তু সেই চেতনার সবটা জুড়েই রয়েছে মূলত দেশাত্মবোধ, দেশের প্রতি মমতা, দেশের মাটির প্রতি এক গভীর টান। সেই যে পিতার বদলিপ্রবণ চাকরিসূত্রে দেশের বিভিন্ন জেলা বা মহকুমা শহরে স্কুলজীবন অতিবাহিত করার সময় বৈচিত্র্যময় প্রকৃতির সঙ্গে লগ্নতার শুরু, শুরু নিসর্গের প্রতি আত্মিক আকর্ষণের, সেটাকেই তাঁর দেশাত্মবোধেরও প্রাথমিক উৎস বলে চিহ্নিত করা যায়। তারপর যখন চারুকলায় ভর্তি হলেন, শিক্ষকেরা স্কেচ করার জন্য নিসর্গ অনুশীলনের তাগিদ দিলেন, তখন দেশের আত্মাকে আরেকবার নতুন করে দেখার চোখ সৃষ্টি হলো। বলা যায়, দেখার দৃষ্টিই যেন বদলে গেল; বাইরের অবয়বে আর দৃষ্টি গেঁথে থাকল না, কোনো কিছুকে গভীরভাবে অনুধাবনের একটি মন তৈরি হলো। দেখতে পেলেন, প্রকৃতিজগতের মধ্যেই আছে কত রং আর রেখার বৈচিত্র্য, কত কিছু শেখার আর অনুধাবন করার আছে সেখানে। দেখলেন, আকাশ আর সমুদ্রের নীলের মধ্যে কত তফাত; দেখলেন, ফসলের মাঠ আর বৃক্ষরাজিতে সবুজের কত শেড আর সমারোহ। আবার সেই সঙ্গে নানা ঋতুতে রং ও রেখার ভাঙা-গড়ার কী বিরামহীন গতি।
১৯৪৯ সালে ঢাকায় চারুকলার শিক্ষালয়ে ভর্তি হওয়ার পর এক বছরের জ্যেষ্ঠ শিল্পী আমিনুল ইসলাম ও সতীর্থ মুর্তজা বশীরের সঙ্গে বন্ধুত্ব হলো। এঁদের কাছ থেকে পেলেন দেশাত্মবোধের আরেক শিক্ষা। নিষিদ্ধঘোষিত কমিউনিস্ট পার্টির সঙ্গে তাঁদের ছিল গোপন যোগাযোগ। তাঁদের সঙ্গে বন্ধুত্বের সূত্রে নতুন ধারার সাহিত্যের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ঘটল। শ্রমজীবী মানুষকে, সমাজ ও সভ্যতার ক্ষেত্রে তাঁদের অবদানকে নতুনভাবে অনুধাবনের একটি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে উঠল। উপলব্ধি করলেন ইতিহাসে ও সমাজে প্রগতির ধারাকে। বইয়ের দোকানে গেছেন, সঙ্গী মুর্তজা বশীর, কমিউনিস্ট লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কিনবেন; যেটাতেই হাত দেন, মুর্তজা বশীর বলেন, ‘ওটা কেনার দরকার নেই, আমার কাছে আছে।’ কেনা হলো না, কিন্তু পড়া ঠিকই হলো। এভাবেই তৈরি হলো একটি রাজনৈতিক চেতনাও। যে চেতনার সঙ্গে শিল্পের চেতনার কোনো বিরোধ নেই।

তারপর যখন কর্মক্ষেত্রে প্রবেশ করলেন, বইয়ের প্রচ্ছদ ও অলংকরণে কিংবা পত্রিকার ইলাস্ট্রেশনে মনোনিবেশ করলেন, নিজস্ব একটি শিল্পভাষা তৈরির তাগিদ অনুভব করলেন, তখন আবার নতুনভাবে দৃষ্টি পড়ল দেশের ওপর, দৃষ্টি পড়ল লোকশিল্পের ওপর, আমাদের লোক ঐতিহ্যের ওপর। আত্মপরিচয়ের সন্ধানে ব্যাপৃত হয়ে তিনি লোক ঐতিহ্যের মধ্যেই এর আসল ঠিকানা খুঁজে পেলেন। যামিনী রায়, জয়নুল আবেদিন ও কামরুল হাসানের লোকশিল্প-অন্বেষার গুরুত্ব ও তাৎপর্যকে অনুধাবন করে তিনিও তাঁর শিল্পের বিষয় ও আঙ্গিক ভাবনায় লোকশিল্পকে অঙ্গীকার করলেন।
এরই মধ্যে বিশ শতকের ষাটের দশকে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় স্বাধিকার আন্দোলন স্ফীত হয়ে উঠল। ছাত্র থাকাবস্থায় বায়ান্নর ভাষা আন্দোলন দেখেছেন ঘনিষ্ঠভাবে। দেখেছেন, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে কীভাবে নবজাগরণ সূচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ষাটের দশকের শেষ দিকে সূচিত হলো রাজনৈতিক জাগরণ, স্বাধীনতার প্রবল স্পৃহা। ছাত্র-তরুণদের মধ্যেই ঘটল এর সাহসী প্রকাশ। কাইয়ুম চৌধুরীর সঙ্গেও এ সময় বামপন্থী ছাত্র-তরুণদের ঘনিষ্ঠ সংযোগ তৈরি হলো। তিনিও নিজেকে শামিল করলেন এই জাগরণের মিছিলে।
বর্তমানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ষাটের দশকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন ও সংস্কৃতি সংসদের নেতৃস্থানীয় কর্মী। এই দলে আরও ছিলেন আবুল হাসনাত, মফিদুল হক, আসাদুজ্জামান নূর, মাহ্ফুজ আনাম প্রমুখ। এঁরা নানা শিল্পসংশ্লিষ্ট কাজে কাইয়ুম চৌধুরীর শরণাপন্ন হতেন এবং কাইয়ুম চৌধুরীও হৃষ্টচিত্তে তাঁদের কাজগুলো সুন্দরভাবে করে দিতেন। কাইয়ুম চৌধুরীকে নিয়ে মতিউর রহমানেরই এক লেখা থেকে এর বিশদ বিবরণ পাওয়া যায়। ১৯৬৯-এর গণ-আন্দোলনের উত্তাল দিনগুলোতে কারফিউর মধ্যে একদিন মতিউর রহমান ও আসাদুজ্জামান নূর চলে গিয়েছিলেন কাইয়ুম চৌধুরীর আজিমপুরের বাসায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদ থেকে প্রকাশিতব্য একুশের সংকলনের প্রচ্ছদ আঁকিয়ে নেওয়া ছিল তাঁদের উদ্দেশ্য। কাইয়ুম চৌধুরী উনসত্তরে প্রকাশিত বজ্রে বাজে বাঁশী শীর্ষক সেই সংকলনের তিনরঙা প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই। প্রচ্ছদ এঁকেই ক্ষান্ত থাকেননি তিনি; একুশকে নিবেদিত শিল্পীদের ড্রয়িং বা শিল্পকর্ম নিয়ে একটি সংকলন করার প্রস্তাব করেন তিনি এবং সেই প্রস্তাবও লুফে নেয় এই কর্মী দল। দেশের নেতৃস্থানীয় বরেণ্য শিল্পীদের কাছ থেকে ড্রয়িং শিল্পকর্ম সংগ্রহ করে তা দিয়ে ওই বছর একুশে ফেব্রুয়ারিতেই ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি সংকলন বের করে ফেলেন তাঁরা। সংকলনে যেসব শিল্পীর কাজ ছিল তাঁরা হলেন: কামরুল হাসান, আমিনুল ইসলাম, হামিদুর রহমান, এমদাদ হোসেন, কাইয়ুম চৌধুরী, রশিদ চৌধুরী, আবদুর রাজ্জাক, মুর্তজা বশীর, দেবদাস চক্রবর্তী, নিতুন কুন্ডু, প্রাণেশ মণ্ডল, রফিকুন নবী প্রমুখ। এই সংকলনের কোনো নাম দেওয়া হয়নি। সংকলনটির একরঙা প্রচ্ছদ করে দিয়েছিলেন কাইয়ুম চৌধুরী এবং তিনিই প্রচ্ছদের জন্য বাছাই করেছিলেন শামসুর রাহমানের একটি আলোড়ন সৃষ্টিকারী কবিতার তিনটি পঙ্ক্তি: ‘লোক, আমাদের চোখের পাতায় লোক/ লোক, প্রতিটি পাঁজরের সিঁড়িতে লোক/ লোক, ধুকপুকে বুকের ভেতরে লোক’।
এরপরের বছর ১৯৭০ সালেও, আবার তাঁরই উৎসাহে ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের পক্ষ থেকে বের করা হয়েছিল দেশের সেরা শিল্পীদের আঁকা ছবি ও দেশের সেরা কবিদের লেখা কবিতা নিয়ে রয়্যাল সাইজের একটি দারুণ সংকলন। সেই সংকলনের ছাপার কাজ যথাযথ যাতে হয়, সেটা তদারক করতে তিনি আজিমপুরের বাসা থেকে সদরঘাটে অ্যাসোসিয়েটেড প্রেসেও গিয়েছিলেন। এমনই ছিল তাঁর একাত্মতার বিষয়টি।
এরপরের বছর, অর্থাৎ ১৯৭১ সাল আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের বছর। মুক্তিযুদ্ধ শুরুর আগে ১ মার্চ থেকে অসহযোগ আন্দোলন শুরু হলো, তাতে শিল্পীসমাজও পিছিয়ে থাকল না। গড়ে তোলা হলো চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদ। এই পরিষদের যুগ্ম আহ্বায়ক হলেন কাইয়ুম চৌধুরী ও মুর্তজা বশীর। কাইয়ুম চৌধুরী তখন সরকারি আর্ট কলেজের শিক্ষক। সুতরাং সাহসের কথাটা ভাবতে হবে। মার্চের সেই উত্তপ্ত সময়ে এই পরিষদের উদ্যোগে ‘স্বাধীনতা’ শীর্ষক একটি মিছিল বের করা হলো। পাকিস্তানি সৈন্যরা যেকোনো সময় গুলি করতে পারে, সেই আশঙ্কা নিয়েই চারটি কুলায় লেখা চারটি শব্দ স্বা ধী ন তা নামাঙ্কিত মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হলো। শিল্পাচার্য জয়নুল আবেদিন এই মিছিলের পুরোভাগে ছিলেন। এই মিছিলে অনেকগুলো প্ল্যাকার্ড বহন করা হয়েছিল। এগুলোতে শিল্পীদের আঁকা কার্টুন ও স্লোগান ছিল। এসব প্ল্যাকার্ড আর্ট কলেজের ছাত্রাবাসে নিয়ে রাখা হয়েছিল। ২৫ মার্চে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের পরে এগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল।

আর্ট কলেজের হোস্টেলে সেনাবাহিনী আক্রমণ করেছিল। ছাত্র শাহনেওয়াজকে গুলি করে হত্যাও করা হয়েছিল। সে সময় হোস্টেলে অবস্থান করছিলেন মোহাম্মদ কিবরিয়া। পাকিস্তানি বাহিনী তাঁর ঘরেও ঢুকেছিল, কিন্তু তাঁর ওপর হামলা করেনি। ২৭ মার্চ কারফিউ শিথিল হলে মোহাম্মদ কিবরিয়া হোস্টেল ত্যাগ করে কাইয়ুম চৌধুরীর আজিমপুরের বাসায় আশ্রয় নিয়েছিলেন।
কয়েক দিন ওই বাসায় থাকার পর তিনি অন্যত্র যান। ১৯৭১ সালের ২৭ মার্চের সেই বিবর্ণ সকালে কাইয়ুম চৌধুরী দেখেছেন ভয়ার্ত মানুষের শহরত্যাগের মিছিল। সামান্য প্রয়োজনীয় জিনিসের পুঁটুলি হাতে দিগ্বিদিক জ্ঞানশূন্য মানুষ নিরাপত্তার জন্য শহর ত্যাগ করে নদী পার হয়ে গ্রামের দিকে চলছে। সেই মিছিলে ইতিহাসের অধ্যাপক মফিজুল্লাহ কবিরকে দেখেছেন, বিড়বিড় করে কী বলতে বলতে আতঙ্কগ্রস্ত মানুষের সঙ্গে হেঁটে হেঁটে শহর ত্যাগ করছেন। দীর্ঘ নয় মাস ঢাকায় একপ্রকার বন্দী জীবন যাপন করেছেন কাইয়ুম চৌধুরী। নিরাপত্তার অভাবে মানুষের ছোটাছুটি দেখেছেন। সন্ধানী সম্পাদক বন্ধু গাজী শাহাবুদ্দিনের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করে জেনেছেন, তাঁরা সংকট থেকে পরিত্রাণ লাভের আশায় গ্রামে মামাবাড়িতে আশ্রয় নিতে যাচ্ছেন। কিন্তু কাইয়ুম চৌধুরীর কোথাও যাওয়ার নেই। শহরের ভুতুড়ে পরিবেশে দিন-রাত এক অস্বস্তির মধ্যে দিন কাটানো। রাতে ফুটফাট আওয়াজের মধ্যে কখনো কখনো ঘুম ভেঙে যাওয়া। তারই মধ্যে ঘুটঘুটে অন্ধকারের ভেতর কানের কাছে ছোট ট্রানজিস্টারে নব ঘোরাতে ঘোরাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সন্ধান লাভ। সারা শরীরে তখন রোমাঞ্চ। ভেতর থেকে যেন বিরাট বোঝা নেমে গেল। উপলব্ধিটি এমন: ‘আমরা শুধু মার-খাওয়া, পলায়নপর নই; আমরা যুদ্ধরত, জয়ের আশায় উচ্চকিত।’
১৯৭১-এর মে মাসের মাঝামাঝিতে একদিন হাসান হাফিজুর রহমান ও আমিনুল ইসলামের সঙ্গে কাইয়ুম চৌধুরীর দেখা হয়েছিল সিদ্ধেশ্বরীতে। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে সকলেই তখন স্বল্পবাক। হাসান হাফিজুর রহমান ছিলেন প্রবলভাবে আশাবাদী। বাঙালির জয় যে অবশ্যম্ভাবী, তাতে তাঁর কোনো সংশয় ছিল না। এরপর আগস্টের এক দুপুরে ওই সিদ্ধেশ্বরীতেই দেখা হয়েছিল মুনীর চৌধুরীর সঙ্গে। ভারতে যাওয়ার প্রশ্নে তাঁর মুখে ফুটে উঠেছিল ম্লান হাসি—উভয়সংকটে তখন তিনি ক্ষতবিক্ষত।
১৬ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী হত্যার কথা জানতে পারেননি কাইয়ুম চৌধুরী। ১০ ডিসেম্বর ছড়াকার এখলাসউদ্দিন আহমেদ দুশ্চিন্তাগ্রস্ত মন নিয়ে জানিয়েছিলেন, কারফিউর মধ্যেই শামসুর রাহমান নিজ বাড়ি ছেড়ে অন্যত্র সরে গেছেন। অজানা আশঙ্কায় কাইয়ুম চৌধুরীও বসবাসের জায়গা সাময়িকভাবে বদলিয়েছিলেন। একদিকে মিত্রবাহিনী এগিয়ে আসছে, তারা আত্মসমর্পণের জন্য পাকিস্তানি বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে, অন্যদিকে তারা ঢাকার চারদিক ঘিরে ফেলছে। কিন্তু ঢাকায় ভারী গাড়ির ধীর আওয়াজ, বুটের শব্দ প্রভৃতির বিরাম নেই। ডিসেম্বরের সেই দুঃসহ অস্থির সব দিনরাত। ১৫ ডিসেম্বর রাত শেষ হলে সকালেও আজিমপুর কলোনির মাঠের কোনাকুনি লাইটপোস্টের নিচে এক রাজাকারকে অন্যদিনের মতো রাইফেল হাতে পাহারারত দেখতে পেয়েছিলেন। কিন্তু সময় কিছু গড়িয়ে গেলে বহুদূর থেকে অনেক কণ্ঠের আওয়াজে শুনতে পেয়েছিলেন ‘জয় বাংলা’ ধ্বনি। এরই মধ্যে রেডিওতে নিয়াজির আত্মসমর্পণের খবর পেয়ে যান। তারপর রাজাকাররা অন্তর্হিত হয়। কাইয়ুম চৌধুরী বেরিয়ে আসেন বাড়ি থেকে। রাস্তায় তখন প্রচণ্ড জনস্রোত। রাইফেল, থ্রি নট থ্রি, স্টেনগান হাতে মুক্তিযোদ্ধাদের বীরদর্পী পদচারণ। সবকিছু ছাপিয়ে তাঁর কানে ‘জয় বাংলা’ ধ্বনি বিজয়ের আনন্দকে মাতোয়ারা করে রাখে। আমৃত্যু তাঁর হৃদয়তন্ত্রীতে সেই ১৬ ডিসেম্বরের ‘জয় বাংলা’ স্লোগানের ধ্বনিই অনুরণিত হয়েছে। আর প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই তাঁর হৃদয়ের মণিকোঠায় স্থায়ী আসন পেতে বসেন। একই সূত্রে কিউবার ফিদেল কাস্ত্রোও হয়ে ওঠেন তাঁর আদর্শ, প্রিয় ব্যক্তিত্ব।
মুক্তিযুদ্ধের নয় মাস ঢাকা শহরে একপ্রকার বন্দি জীবন যাপন করলেও কাইয়ুম চৌধুরী মনের ভেতরে প্রতি মুহূর্তে কামনা করেছেন মুক্তিযোদ্ধাদের বিজয়। তাঁর হৃদয়াকাশে সব সময়ই ভেসে বেড়িয়েছে মুক্তিযোদ্ধাদের অপরাহত অগ্রযাত্রার ছবি। সুতরাং মুক্তিযুদ্ধের কাল নিয়ে তিনি যেসব ছবি এঁকেছেন, তাতে পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞের চিত্র থাকলেও অধিকাংশই মুক্তিযোদ্ধার বীরত্বব্যঞ্জকতায় পরিপূর্ণ। মুক্তিযুদ্ধবিষয়ক তাঁর চিত্রের শিরোনামগুলো এ রকম: ‘বাংলাদেশ’ ৭১’, ‘গণহত্যা’, ‘দগ্ধ গ্রাম’, ‘শহীদ’ ৭১’, ‘মৃত জেলেরা’, ‘জ্বলন্ত ঘাট বা বন্দর’, ‘মাঝিদের বিদ্রোহ’ প্রভৃতি। ১৯৭২ সালে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জন্য আঁকলেন অসাধারণ সুন্দর একটি পোস্টার-চিত্র, যার স্লোগানটি ছিল এ রকম: ‘লাখো শহীদের আত্মদানে মুক্ত স্বদেশ, এসো দেশ গড়ি’। মুক্তিযোদ্ধাদের নিয়ে তাঁর ছবি আঁকার বিষয়টি শুধু একাত্তর-বাহাত্তরেই সীমাবদ্ধ থাকেনি; মুক্তিযোদ্ধাদের ইমেজ তাঁর ছবির একটি স্থায়ী বিষয়ে পরিণত হয়। বাংলাদেশের ওই রূপ গৌরবময় বলিষ্ঠ ও বীরত্বব্যঞ্জক রূপই যে তাঁর সব সময় কাম্য, সেটিই তিনি মুক্তিযোদ্ধার ইমেজ চিত্রিত করার মধ্য দিয়ে প্রকাশ করেন।
একটা বিষয় স্পষ্ট হয়েছিল মুক্তিযুদ্ধের সময় কাইয়ুম চৌধুরীর কাছে। একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। পুলিশ, সেনাবাহিনী, ছাত্র-শিক্ষক ছাড়াও বিপুলসংখ্যক প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল অবিশ্বাস্য। কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, খেটে খাওয়া মানুষের যুদ্ধে অংশগ্রহণ ইতিহাস সৃষ্টি করেছিল। যুদ্ধের পোশাক ছিল না কারও। লুঙ্গি, গেঞ্জি, খালি পায়ে কর্দমাক্ত সমরাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ—এসব কাইয়ুম চৌধুরীর ক্যানভাসেই উঠে এসেছিল। মাথায় লাল গামছা বাঁধা মুক্তিযোদ্ধা কাইয়ুম চৌধুরীর ক্যানভাসেই প্রথম দেখতে পাই।
অতঃপর তাঁর চিত্রবৈশিষ্ট্যে মুক্তবুদ্ধির প্রেরণা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রগতিভাবনাই মুখ্য হয়ে ওঠে। তাঁর চিত্রমালায় সর্বদাই প্রকাশিত হয় দেশমাতৃকার যে বিস্তৃত রূপ, তাতে বাংলাদেশের মাঠ-ঘাট, বন-বাদাড়, নদী-নৌকা, পাহাড় ও সমুদ্র উজ্জ্বলরূপে পরিস্ফুট হয়; এবং সেসব যেন নির্বাক নয়, সবাক ও বাঙ্ময়। স্বাধীনতা-উত্তর গত চল্লিশ বছরেরও অধিককালের যাত্রায় তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ধর্মনিরপেক্ষ চেতনা বিনির্মাণ ও প্রগতির পথে দেশের অগ্রগতির সব কর্মযজ্ঞে নিজেকে নিবেদন করেছেন। মৌলবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে তাঁর অবস্থানও ছিল সুস্পষ্ট। শুধু ছবি এঁকেই তিনি নিজ দায়িত্ব পালন শেষ বলে মনে করেননি; সভা-সমাবেশেও তিনি উচ্চকণ্ঠ প্রতিবাদ ধ্বনিত করেছেন।
তাঁর জীবন, তাঁর চিত্রকলা—সবকিছুর মধ্যে দেশের প্রতি মমতাই প্রবলভাবে বিরাজ করে। সেই দেশ বলতে শুধু সবুজ ধানখেত কিংবা হলুদ সরষেখেত নয়, শুধু নদী আর নৌকা নয়, নীল সমুদ্র কিংবা সবুজ পাহাড় নয়; সেই দেশ বলতে ফসল-উৎপাদক নিয়ত প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামশীল চাষি, উজান বেয়ে চলা নৌকার বলিষ্ঠ মাঝি, রাজপথে গণতন্ত্রকামী প্রতিবাদী ছাত্র-যুবক, কল-কারখানায় ন্যায্য মজুরির দাবিতে লাল পতাকা হাতে আন্দোলনরত মজুর এবং অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সতেজ সপ্রাণ নারীকুলকেও তিনি উপলব্ধি করেন ঐকাত্ম্যচেতনায়। তাঁর ছবিতে তাই এসব বিভিন্ন শ্রেণিস্তরের মানুষও চিত্রিত হয়। সজীব, প্রাণবন্ত ও সংগ্রামমুখর রূপ নিয়েই তারা তাদের বলিষ্ঠতাকে, শক্তিময়তাকে প্রকাশ করে। অর্থাৎ শিল্পীর কাছে শেষ পর্যন্ত আরাধ্য হয় মানুষ। দেশকে ভালোবাসা মানে দেশের প্রকৃতি ও মানুষকে ভালোবাসা। কল্যাণকামী শুভবোধসম্পন্ন প্রগতির পথযাত্রী মানুষকে যেমন তিনি নিজ চিত্রে অঙ্কন করেছেন, তেমনি তাদের সঙ্গও তিনি গভীরভাবে উপভোগ করেছেন। অন্তরের অন্তস্তল থেকে উচ্চারণ করেছেন এক অমোঘ বাণী: ‘সবচাইতে ভালোবাসি মানুষের সঙ্গ’।