ফিরে ফিরে আসা
স্পেনপ্রবাসী শিল্পী হিসেবেই তিনি পরিচিত। ঢাকা আর্ট কলেজের শিক্ষক থাকা অবস্থায় ১৯৬৯ সালে সেই যে বছরখানেকের বৃত্তি নিয়ে মাদ্রিদে গেলেন, ফিরতে ফিরতে ১৯৮০। যখন গিয়েছিলেন তখন পাকিস্তান, মানে পূর্ব পাকিস্তান; আর ফিরলেন বাংলাদেশে। তত দিনে এচিংয়ে অর্জন করেছেন ঈর্ষণীয় দক্ষতা। জলরং ও মিশ্র মাধ্যম তো আছেই। পরিচিতি পেয়েছেন ইউরোপে। পরিণত এক শিল্পী হিসেবেই তাঁর দেশে ফেরা, ১১ বছর পর। শিল্পী মনিরুল ইসলাম।দেশে ফিরে তিনি প্রথম যে কাজটি করেছিলেন তা হচ্ছে, শিল্পকলা একাডেমীর উদ্যোগে এচিংয়ের ওপর একটি কর্মশালা আয়োজন করা। সে সময় তাঁর এচিংয়ের একটি প্রদর্শনীও হয়েছিল। বাংলাদেশে নতুন করে শুরুটা এভাবেই। এরপর ১৯৮৪ সালে ‘শিল্পাঙ্গন’ গ্যালারিতে তাঁর এচিং ও জলরঙের প্রদর্শনীটি ছিল প্রকৃত অর্থে এ দেশের সাধারণ দর্শকদের সামনে তাঁর প্রথম পরিণত উপস্থাপনা।১১ বছর পর ’৮০ সালে দেশের সঙ্গে আবার যে সংযোগ, তা দিনে দিনে শক্তপোক্তই হয়েছে, হচ্ছে। এরপর নিয়মিতই দেশে আসা, ফিরে ফিরে আসা। এখনো বাংলাদেশেই আছেন প্রায় ছয় মাস ধরে। এবারের আসাটা ছিল মায়ের অসুস্থতা সামনে রেখে। মাকে হারিয়েছেন গত ৩১ মার্চ। এখনো ফেরা হয়নি, মাদ্রিদে ফিরবেন এই মাসে (জুলাই)। মনিরুল ইসলামের এই যে নিয়মিত ফিরে আসা, তা ছুটি কাটানো নয়। ছবি আঁকা যাঁর জীবনের অংশ, তিনি যখন যেখানে, সেখানে ছবি আঁকায় ডুববেন—এটাই স্বাভাবিক। এখন বছর বছর আসেন। মাসখানেকের জন্য এসে দু-তিন মাসও থেকে যান। ঢাকায় ধানমন্ডিতে তাঁর ফ্ল্যাটটি এ সময় থাকে জমজমাট। ফ্ল্যাট বলতে এখানে তিনি রাতে ঘুমান, কিন্তু আসলে পুরোটাই তাঁর স্টুডিও। ফ্ল্যাটে ঢুকতেই যে বড় খোলা স্পেস, সেখানেই বড় টেবিল। রং আর ছবি আঁকার নানা সরঞ্জামে ভরা। আর মেঝেজুড়ে, দেয়ালে হেলান দেওয়া অসংখ্য ছবি, ক্যানভাস। কোনোটি শেষ হয়েছে, কোনোটিতে রং চড়িয়েছেন, কোনোটিতে দু-তিন দফা কাজ করেছেন, কিন্তু শেষ করেননি। ‘এইটা বিস্কুটের বাক্সের কাগজ, শক্ত আঠার লেপ আর রং লাগাইছি, কাজ অনেক বাকি।’ অথবা ‘কাগজের বোর্ডে তেলরং দিয়ে একটা টেক্সচার তৈরি করছি, এর ওপর এখন কাজ করতে হবে।’ এভাবেই আপনার আগ্রহ আর কৌতূহল মেটাবেন তিনি।তাঁর বাসায় পরিচিত ও বন্ধুবান্ধব দর্শনার্থীর অভাব নেই। পরিচিত জন ও বন্ধুদের জন্য তাঁর দরজা সব সময়ই খোলা। শিল্পের সঙ্গেই তাঁর বসবাস, তাই অতিথি আপ্যায়ন, গল্পগুজব, ছবি আঁকা—সবই চলে একসঙ্গে। গল্পগুজব জমে উঠেছে, তিনিই মধ্যমণি, ফাঁকে ফাঁকে তুলির টান, রং মেশানো সবই চলছে। একসঙ্গে অনেক ছবি শুরু করেন তিনি। শেষ করেন আস্তে আস্তে। ‘কোনো একটা বিষয় নিয়ে আমি ছবি আঁকি না। আঁকা শুরু করি, তারপর চিন্তা করি। যেভাবে শুরু করলাম, শেষ করতে গিয়ে দেখা গেল নতুন কিছু হইছে।’ তিনি শুরু করেন কাগজে, বোর্ডে, কাপড়ের ক্যানভাসে, ডিজিটাল ক্যানভাসে; গল্প করেন, রান্নাঘরে যান, চা বানান, চানাচুর প্লেটে ঢালেন, পনির কাটেন, আবার শুরু করেন।এচিং করার যে সাজসরঞ্জাম তাঁর মাদ্রিদে রয়েছে, সেই ব্যবস্থা ঢাকায় নেই। আর এখন এচিং করছেনও কম। কোন মাধ্যমে কাজ করতে সবচেয়ে ভালো লাগে? ‘যখন যে মাধ্যমে যা দিয়ে কাজ করি, সেটাই ভালো লাগে।’ মাধ্যম ও ম্যাটেরিয়াল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন তিনি। ছবির রং হিসেবে ইটের গুঁড়ো থেকে শুরু করে কফি—কত বিচিত্র কিছুই না ব্যবহার করেন তিনি। ‘একসময় ছিল শুধু তেলরং। এখন কত কিছু। যে যার পছন্দমতো ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারে। এইটা শিল্পীর একটা ফ্রিডমেরও ব্যাপার।’ সন্দেহ নেই, এই স্বাধীনতাকে পুরোপুরি উপভোগ করেন মনিরুল ইসলাম। এবার একটু বেশি সময় ধরে ঢাকায় আছেন মনিরুল ইসলাম। কিন্তু এখানে আর কত দিন! বছরের প্রায় পুরো সময় কাটে মাদ্রিদে। সেখানেও পুরো ফ্ল্যাটটিই তাঁর স্টুডিও। প্রিন্ট আর এচিংয়ের কাজের জন্য সেখানে বিশাল আয়োজন। তাঁর ওপর একটি কাজ করব বলে দুই দফা মাদ্রিদে গিয়েছি। ঢাকায় তাঁর যে জীবনযাপন দেখেছি, তার সঙ্গে খুব পার্থক্য নেই। ছবি আঁকছেন, ঘর পরিষ্কার করছেন, বাজারে যাচ্ছেন, রান্না করছেন, বন্ধুদের খেতে ডাকছেন—একই মনিরুল ইসলাম। ঢাকায় বিকেলে, সন্ধ্যায় সময় কাটিয়েছি তাঁর স্টুডিওতে। তখন লোকজনের মধ্যে তাঁকে কাজ করতে দেখেছি। একা কাজ করতে দেখেছি মাদ্রিদে, মধ্যরাতে। অতিথির জন্য রান্না করেছেন, রাতে আপ্যায়ন করেছেন, থালা-বাসন ও হাঁড়ি-পাতিল ধুয়েছেন, অতিথির ঘুমের ব্যবস্থা করছেন। মাঝরাতে ঘুম ভেঙে অতিথি দেখেন, স্টুডিও রুমের বাতি তখনো জ্বলছে। কৌতূহলী অতিথি দেখলেন, মনিরুল ইসলাম তখনো ছবি আঁকছেন।‘এখন সিদ্ধান্ত নিয়েছি, বছরের সময়টাকে দুই ভাগে ভাগ করে নেব। ছয় মাস থাকব ঢাকায়, ছয় মাস মাদ্রিদে।’ মনিরুল ইসলামের বন্ধুবান্ধবের জন্য খুবই সুখবর। এখন থেকে বছরে অন্তত ছয় মাস তাঁর ঢাকার স্টুডিওটি জমজমাট থাকবে। তাঁর বন্ধুরা মাঝেমধ্যেই পাইয়া (স্প্যানিশ খাবার) বা গাসপাচ্চো (এক ধরনের স্প্যানিশ সুপ) খাওয়ার দাওয়াত পাবেন।