ফুটনোটস অ্যান্ড আনঅর্থোডক্স গ্রুপ আর্ট শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আর্ট সেন্টারে চলছে ‘ফুটনোটস অ্যান্ড আনঅর্থোডক্স’ গ্রুপ আর্ট শো। প্রদর্শনী ১৮ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলেছে।শিল্পী রাশেদুল আলম মানিকের চিত্রকর্ম সামাজিক অভিজ্ঞতা ও বাস্তবতার প্রতিরূপ উপস্থাপন। জটিল সামাজিক কাঠামোতে বিধ্বস্ত হওয়া মানবিক আবেগ আর সরলতা কিংবা স্বপ্নের পরিণতি খুব রূঢ়। শিল্পী ক্যানভাসের পেছনের রুক্ষ টেক্সচার আর বিবিধ রঙের আকস্মিকতা কিংবা স্বাধীন ব্যবহারের মাধ্যমে সামাজিক বাস্তবতার একরকম ইল্যুশনিস্টিক আবহ তৈরি করেছেন। বিষয়ের গল্প পরিধি বিস্তৃত করেছেন সামনে মানুষের কিংবা কুকুরের সিল্যুইড অবয়ব এঁকে। কুকুরের পিঠে পাখা, মানুষকে বিদ্রূপ করে প্রাণী হিসেবে কুকুরের স্থান উঁচুতে তুলেছেন শিল্পী। ‘ডিমোরালাইজড সোসাইটি’, ‘ক্ল্যাশ অব সিভিলাইজেশন’, ‘অ্যাগনি’, ‘ম্যানুস্ক্রিপ্ট অব সিটি’ ইত্যাদি তাঁর চিত্রকর্মের নাম।শিল্পী মোহাম্মদ জাকির উস সালাম মূলত কাজ করেছেন মানুষের শরীরের বিভিন্ন আকৃতি, গঠন, ছন্দ ও ভঙ্গি নিয়ে। তিনি বিশ্বাস করেন, তাঁর পেইন্টিং জীবনের সত্য, সত্যের শক্তি এবং আধ্যাত্মিকতাকে উপস্থাপন করে। ‘মানুষ’ বিষয় হিসেবে তাই খুব আকর্ষণীয় শিল্পীর কাজে। এই শিল্পীর বেশির ভাগ ক্যানভাসই অ্যাক্রেলিক, চারকোল মিডিয়াতে করা ড্রয়িংধর্মী। ‘ডান্সিং’, ‘রিলেশন’, ‘রেস্ট’, ‘অফ দ্য স্ক্রিন’ ইত্যাদি নামে চিত্রকর্মগুলো সংজ্ঞায়িত করেছেন নিরীক্ষামূলক রেখা, রেখার বৈচিত্র্য, রঙের খুব সংক্ষিপ্ত ব্যবহার, ফিগার কম্পোজিশন ইত্যাদি শিল্পীর প্রাতিষ্ঠানিক দক্ষতা ও নিরীক্ষাধর্মীর মিশ্র পরিচয় বহন করে। সময়, জীবন, সুখ-দুঃখ, স্থান, প্রেম, অবস্থা প্রভৃতি মানবিক বাস্তবতা ও আবেগের দর্শনগত রূপান্তর শিল্পী স্বর্ণালী মিত্র রিনির দৃষ্টিতে ও সৃষ্টিতে। শিল্পের সৃজনশীল কঠিন যুদ্ধে অতি আত্মবিশ্বাসের সঙ্গে অবতীর্ণ এই শিল্পীর ক্যানভাসে বৈচিত্র্য লক্ষণীয়। দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক উপায়কে একই বিষয় ও চিত্রপটে উপস্থাপন, রেখার ভলিউম, স্পেসের সরলীকরণ তাঁর কাজে সহজেই দৃশ্যমান। ‘বেবি হোল্ডিং গ্লাস’, ‘স্নেক উইথ চিকেন,’ ‘হরিবল’, ‘দ্য হোয়াইট রোড’ ইত্যাদি নামে তাঁর ক্যানভাসে চিন্তার প্রতিফলন ঘটিয়েছেন। শিল্পীর বিশ্বাস, এমন শিল্পকর্ম প্রদর্শনী এর আগে দর্শক দেখেনি। শিল্পী রফিকুল শুভ ফিউচারিস্টিক এক্সপ্রেশনে কাজ করেছেন। স্পেসের স্পর্শকাতর ব্যবহার, মিনিমাইজড ড্রয়িং রেখা, কখনো যথেচ্ছ রং, ফর্ম, রেখা, স্ট্রোকের স্বাধীনচেতা ব্যবহার শিল্পীর নবীন উদ্যমকে প্রতিষ্ঠিত করে নতুন কিছু করার দাবিতে কিংবা দারুণ আত্মবিশ্বাসে। ‘ডেথ বাই শার্প সাবসটেনসেস্’ ‘হি কেম ব্যাক এগেইন আফটার থারটি ইয়ারস্’, ‘রেড কালার হ্যাজ বিন কিল্ড লাইক মেন’ ইত্যাদি ক্যানভাসকে কিছুটা বর্ণনামূলক ঢঙে শিল্পী রফিকুল শুভ নামকরণ করেছেন।