ফুটপাত তল্লাশি

নগরের রাস্তার দুপাশে দুই চিলতে হাঁটাপথের নামই তো ফুটপাত।
সে এক রাজ্য বটে। চলন্ত। ছুটন্ত। ধাবমান। এক মুহূর্ত স্থির, আবার চঞ্চল মানুষের ছোট-বড় পদক্ষেপে। চেনা-অচেনা আওয়াজের কত না ব্যঞ্জনা চারদিকে।
এই চলমান, মুহূর্ত-দাঁড়ানো পথ পথের চেয়েও বেশি। হাজার পসরার মেলা সেখানে। কী নেই ফুটপাতে? হরেক কিছুর মধ্যে আছে নানা রকম বইও।
২.
Of Christ’s twelve Apostles Judas alone proved to be traitor. But if he (Stalin) had acquired power, he would have represented the other eleven Apostles as traitors…
—Leon Trotsky
মানুষের ভিড়ের ফাঁক গলিয়ে ওই তো দেখা যাচ্ছে কত দেশি-বিদেশি, বাংলা-ইংরেজি বই, কখনো অন্য ভাষার। দোকানি সে ভাষার নামও জানে না। এসব ঢেউ-দঙ্গল পেরিয়ে হয়তো আমিও থামি। কমলা রঙের একটা বই। বইওয়ালারা যাকে বলে থাকেন ‘পুট’, সেখানে আড়াআড়ি সাদা হরফে লেখা ‘প্রফেট আউটকাস্ট’। পুটটুকুই দেখা যাচ্ছে শুধু। দোকানি বইয়ের স্তম্ভটা বুকে ঠেকিয়ে অতিকষ্টে বের করে আনেন প্রফেট আউটকাস্ট!
রুশ বিপ্লবের অন্যতম এক কারিগর লিয়ন ট্রটস্কির জীবনী। প্রচ্ছদে মুথা ব্রাশে কালো রঙে আঁকা মহান বিপ্লবীর পোট্রে৴ট। ছোট গোল চশমার ভেতর তীক্ষ্ণ চোখ আগে নজরে আসে। একটু নিচের দিকে দৃষ্টি। কী দেখছেন তিনি? আজকের ছত্রখান হয়ে যাওয়া সোভিয়েত ইউনিয়ন? হয়তো বলছেন, কী, বলেছিলাম না? এখন হলো তো!
বইটি তাঁর জীবনীগ্রন্থের তৃতীয় খণ্ড। প্রথম খণ্ডের নাম প্রফেট আর্মড, দ্বিতীয় খণ্ডের নাম প্রফেট আন-আর্মড। ট্রটস্কির জীবনকালের ১৯২৯ থেকে ১৯৪০ পর্যন্ত যা যা ঘটেছে, এই বইয়ে তা লিপিবদ্ধ করেছেন ট্রটস্কির জীবনীকার আইসাক ডয়েটসার। প্রথম খণ্ডটা হবে? দোকানি মাথা নেড়ে ‘নাই’ জবাব দেন। অবুঝের মতো আরও দুয়েকবার জিজ্ঞেস করি।
এরপর বইটির প্রায় ভঙ্গুর, ছিঁড়ে যাওয়া হলদে পাতা উল্টাতে থাকি আমি। প্রকাশকাল ১৯৬৩। প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। হার্ড বাইন্ডিং, ভেতরের কাভার নীল রঙা কাপড়ে বাঁধাই। এখানে-ওখানে বল্মীকেরা ট্রটস্কিকে ক্ষত-বিক্ষত করে ফেলেছে। দাম চাইতেই সে আমাকে জানিয়ে দেয় ২০০ টাকার কম হবে না। আমি বলি, এ তো রুশ বই! হাত থেকে বইটা প্রায় কেড়ে দোকানি দেখায় বইটা নিউইয়র্কে ছাপা। পাপের প্রায়শ্চিত্ত করতে ২০০ টাকাই নগদ তাঁর হাতে তুলে দিই। সেই অপমান সইতেই যেন তাঁকে বলি, শোনো, প্রথম ও দ্বিতীয় খণ্ডটা কিন্তু তোমাকে জোগাড় করে দিতে হবে!
বাকি খণ্ডগুলো এখনো জোটেনি আমার কপালে। সেই দোকানিকেও দেখি না পল্টনের ফুটপাতে আর। এ ঘটনা আজ থেকে প্রায় ৩০ বছর আগের। তবে আমার ধারণা, এ বইয়ের কপিটি কারোর হাতে পৌঁছাতে পারেনি। বইয়ের কোথাও তেমন নিশানা পাওয়া গেল না। হঠাৎ চোখে পড়ল শেষ মলাটের ভেতরে একটি ইস্যুকার্ড হোল্ডার গাম দিয়ে সাঁটা। সেখানে বইটির ইস্যু কার্ডে বইয়ের মালিকের খোঁজ মিলল। মালিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লাইব্রেরি। এসিসি নম্বর: ৩৬৭৯৯। এবং বইটি একজনকেও ইস্যু করা হয়নি। তবে লাইব্রেরির বদ্ধ কারাগার থেকে বেরিয়ে কার কার হাত হয়ে এটি পৌঁছে গিয়েছিল পল্টনের রাস্তায়!
সোভিয়েতও আর নেই, কোনো এক প্রচল অন্ধকারে হারিয়ে গেছে সবকিছু। ট্রেইটর কিনা জানি না, এখনো দেখি তো স্তালিনকেই এখানে-ওখানে।
৩.
You arrived in my voice…
—Salvatore Quasimodo

একটা নতুন বই কখনোই একটা পুরোনো বই না! সে শুধু পুরোনো হয়ে যাওয়ার কারণেই না, বরং এক আদিভৌতিক পাঠকপরম্পরা পুরোনো বইয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, একটি নির্দিষ্ট কপি নানা হাত ঘুরে যেন বদলে দেয় কবিতার অর্থ।
তখন বিশ্ববিদ্যালয় পড়ার সময়। দুপুরে খেতে বেরিয়েছি নীলক্ষেত ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়’ সংলগ্ন ‘হে অনেক ভাতের হোটেলে!’ নীলক্ষেত পুরোনো বইয়ের বাজারকে আমরা ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়’ নামেই ডাকতাম! খেয়ে হাত মুছতে মুছতে চলছে বই নাড়াচাড়া। মুচকি হাসি দিয়ে পেঙ্গুইন মডার্ন ইউরোপিয়ান পোয়েট্রি সিরিজের একটা বইয়ের সঙ্গে মোলাকাত হলো আমার। সিরিজের এই খণ্ডের কবি ‘সালভাতোরে কোয়াসিমোদো’। জন্ম সিসিলিতে। তা হোক। কীভাবে কীভাবে যেন বইটা নীলক্ষেত বাজারে এসেছে বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক শওকত ওসমানের সংগ্রহ থেকে। উনি কি নিজেই বইটি বিক্রি করে দিয়েছিলেন, না বাড়ির আর কেউ? এমন হয় না—যুবক ছেলে, হঠাৎ টাকার দরকার, তাই বাড়ির সংগ্রহ থেকে কয়েকটা বেঁচে দেওয়া। বইয়ের ইতিহাসে এই ঘটনাগুলোর কি কোনো মূল্য আছে? থাকতেও পারে।
এই বইটির মজা, ভেতরে শওকত ওসমানের স্বাক্ষর। আরও মজার, ভেতরে টিস্যু পেপারের মতো ফিলফিলে কাগজের ভাঁজ করা একটা চিঠি। কবি শামসুর রাহমানকে চিঠিটি লিখেছেন কলকাতার শতভিষা পত্রিকার সম্পাদক অালোক সরকার। চিঠিতে শামসুর রাহমানকে তিনি শতভিষার জন্য কবিতা পাঠাতে অনুরোধ করেছেন। আফসোস, একদা বাড়ি বদলের হুজ্জতে অনেক বইয়ের মধ্যে এই বইখানি অালোক সরকারের চিঠিসহ চিরকালের মতো হারিয়ে যায়। কুড়ি বছর আগের এ ঘটনা এই জন্য মনে পড়ে যে একবার মনে হয়েছিল শওকত ওসমানকে দিয়ে বইতে কিছু লিখিয়ে নিয়ে আসি। সে আর হয়ে ওঠেনি।
৪.
Taste is the most atavistic sense the most reactionary the most national
—Blaise Cendrars
একেবারে বড় রাস্তার ফুটপাত না হোক, হাট-বাজারের আশপাশে রাস্তার দুধারের পায়ে-চলা পথে বাংলাদেশের মতো না হলেও অন্য দেশের ফুটপাত চরিত্রগুণে কম-বেশি প্রায় একই রকম। জেদ্দার এমনই এক ফুটপাতে ২০ খণ্ডের ফরাসি এনসাইক্লোপিডিয়ার চারপাশে ঘুরঘুর করছি বেশ কয়েক দিন ধরে। পুরোনো হলে কী হবে, দাম ছিল আমার আওকাতের বাইরে। তা ছাড়া আমার ফরাসি জ্ঞান শূন্যেরও কম। জনৈক আরব, তিনি আমাকে বললেন, দেখো, তুমি তো ফরাসি জানো না, আমি প্যারিসে পড়েছি, আমিই বরং নিই। কী মনে করে চট করে বইয়ের স্তূপ ঘেঁটে বের করলেন গ্রিক ভাষার একটি বই। বললেন, এইটি নিতে পারো। কিন্তু আমার কাছে যাহা ফরাসি তাহাই গ্রিক। আমি নীরবে বইয়ের পাহাড় খুঁড়ছি। কী যেন পাতলা গোছের হাতে ঠেকল—হাতে উঠে এল দুটো বই একসঙ্গে। আমি শুধু আরব ভদ্রলোকটির দিকে তাকিয়ে বললাম, যবনের বই ছোঁব না। কিন্তু দেখি পিট পিট করে লোকটি তাকিয়ে আছে আমার দিকে। আমি বই দুটি অন্যপাশে সরিয়ে রেখে দোকানিকে শুধাই, কত? উত্তর এল, আসারা। দশ রিয়াল। একেকটা পাঁচ রিয়াল। দাম মিটিয়ে বই দুখানা বগলদাবা করে রওনা হব, আরব লোকটি বলল, তুমিই জিতেছ। এ এক আশ্চর্য ভবঘুরে কবি। কিছুই বানিয়ে লেখেননি। পরাবাস্তববাদীদের দলে ছিলেন একসময়, পরে তাঁদেরও ছেড়ে যান। এক ট্রাংক বই নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতেন।
বলা বাহুল্য, এই পরাবাস্তববাদী কবিটি হলেন ব্লেইজ সঁদ্রার। অদ্ভুত নিরাসক্ত কবিহৃদয়। তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে বাস্তবকে হাজির করেন, তখন বাস্তব হয়ে ওঠে অবাস্তব। সিলেকটেড পোয়েমস নামে তাঁর নির্বাচিত কবিতার এ বইটিও মডার্ন পেঙ্গুইন সিরিজের। অন্যটি সঁদ্রারই সাড়া জাগানো উপন্যাস মোরাভাজিন। সঁদ্রার আসল নাম ফ্রেডেরিক সসের। সঁদ্রার জন্মেছিলেন সুইজারল্যান্ডে, ১৮৮৭ সালে। ১৯৬১-তে মহান এই ভবঘুরে লেখকের মৃতু্য হয়। সঁদ্রারকে, তঁার বইটিকে খুঁজে পাই আমি ১৯৯১-এ, আমেরিকা যখন ইরাকে বোমা ফেলছে।
নগরের ফুটপাত থেকে প্রায় উঠে যাচ্ছে বই। নীলক্ষেত (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়!) আগের মতো নেই আর। অন্তর্জালে, সাইবারগলিতে এক আধখানা বই মেলে যদিও, কিন্তু হলদেটে পাতার গন্ধ নেই তাতে, আর বিল গেটস যেমন বলেন না— কম্পিউটারের যত খুশি তথ্য রাখো তুমি, ওজন কিন্তু সেই একই। কবি তারাপদ রায়ের ভাষায়, আমাদের ঝরনা কলম এখন ডটপেন হয়ে গেছে!