ফুটপাতে ও পাতালরেলের ইশটিশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাংকজাতীয় বাক্সের ওপর বসে আগুন পোহাচ্ছেন কৃষ্ণাঙ্গ এক তরুণ
ট্রাংকজাতীয় বাক্সের ওপর বসে আগুন পোহাচ্ছেন কৃষ্ণাঙ্গ এক তরুণ

জোহানেসবার্গের রাজপথে আমাকে একা বেরুতে হয় না। কপাল ভালো, এ বাবদে আমাকে লিফট দিয়ে সহায়তা করেন গেস্টহাউসের শ্বেতাঙ্গ ফোরম্যান হেন্ডরিক। সঙ্গে তাঁর বিবাহিত স্ত্রী বিপুল দেহের ব্যাপক সজ্জায় সজ্জিতা টসংগা গোত্রের কৃষ্ণাঙ্গ নারী মামা কনানানি। আমরা বাক্কি বলে পরিচিত পিকআপ ট্রাকে গেস্টহাউস থেকে বের হই। হেন্ডরিক স্টিয়ারিং হুইলে, পাশে বাস্কেটে তাঁদের সন্তান বেবি-ডল শ্রীমান আমুকেলানি। বাক্কির পেছনে মাদুর পেতে শিরনির ডেগের মতো মস্ত মস্ত গোটা তিনেক হান্ডি ও তাম্বুরিন জাতীয় ঢোলক নিয়ে জানু বিড়িয়ে বসেছেন মামা কনানানি।
হেন্ডরিক বাক্কি স্টার্ট দিতে দুন্দুরমুন্দুর করার কারণে স্ত্রীর কাছে গাট্টা খেয়েছেন। রাত জেগে তাঁকে গেস্টহাউসের রেফ্রিজারেটর সারাই করতে হয়েছে বলে মেজাজও খাট্টা। তার ওপর পান করেছেন হাঁড়ি খানেক চিবুকু বিয়ার। তিনি গিয়ার বদলাতে বদলাতে অশ্লীল ভাষায় গালাগাল করেন। অঙ্গারের মতো লাল হয়ে আছে তাঁর নাক। তবে মামা কনানানি খুব খোশমেজাজে বসেছেন পেছনে। তাঁর প্রসাধিত মুখখানা বেজায় গোল, তিনি থেকে থেকে ঢোলকে চাটি দিচ্ছেন—তাতে আওয়াজ হচ্ছে তাদোল দোল।

হলুদ রঙের অ্যাপ্রোেন সুসজ্জিত মামা কনানানি
হলুদ রঙের অ্যাপ্রোেন সুসজ্জিত মামা কনানানি

হেন্ডরিকের বাচনিকে জানতে পেরেছি, মাঝরাতে মামা কনানানি স্বপ্নে গন্ডারের পদাঘাত পাওয়ামাত্র জেগে উঠে উৎপাত শুরু করেন। তাঁর ধারণা, টসংগা গোত্রের স্রষ্টা অতিপ্রাকৃত শক্তি টিলো তাঁকে ইঙ্গিত করছেন। সুতরাং এর যথাবিহিত করতে হয়। তাই মামা কনানানি শেষ রাতে রান্না করেছেন হান্ডি খানেক ভুট্টার মণ্ড ও কুডু হরিণের নোনা মাংস। স্রষ্টা টিলোর ইশারা মোতাবেক এসব এখন পৌঁছে দিতে হয় নটুমবুলাকো বা সৃষ্টির কাছে। আমি এ সৃষ্টিছাড়া ব্যাপারের সাক্ষী হতে চাইলে হেন্ডরিক সঙ্গে সঙ্গে আমাকে লিফট দিতে রাজি হন। তিনি বাক্কির নাটবল্টু খুটখাট করতে করতে ফিসফিসিয়ে জানান, গাড়িতে ভিনদেশি এক পরপুরুষ থাকলে তাঁর ওপর চোটপাট তেমন হবে না। আর মামা কনানানি যেহেতু বিদেশিদের শাসন করার কোনো প্রয়োজন বোধ করেন না, আমার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণও তাই নেই।
মামা কনানানি কোনো এক পাহাড়ি গুহার গোলাপি মাটি পাউডারের মতো গতরে মেখেছেন। দুহাতের কবজিতে চুড়ির সংখ্যা দুই বা আড়াই ডজনের মতো। গলায় তার রঙিন বিডের সাতনরি হার, মাথায় প্যাঁচানো হেডগিয়ার। হলুদ রঙের অ্যাপ্রোন পরে নিজের কোয়ার্টারের বারান্দায় সূর্যের প্রথম আলোর সামনে গোটা তিনেক মৃৎপাত্র সাজিয়ে তিনি হাসিমুখে বসেন। খুব শোভনভাবে সাজসজ্জা করলেও গায়ে মেখেছেন উৎকট গন্ধের ভেষজ তেল। অবস্থাদৃষ্টে মনে হয়, সুদর্শনা ভেবে কোনো পুরুষের তাঁকে যাতে হয়রানির মতি না হয় সে জন্য বদগন্ধি তেলের প্রতিষেধক নিয়েছেন তিনি।
মামা কনানানি হান্ডি ও ঢোলক বাক্কির পেছনে তুলে অপেক্ষা করেন। কিন্তু হেন্ডরিক চিবুকু পান করে খানিক গছোমছো করছেন দেখে তিনি তেড়িয়া হয়ে তাঁর দিকে ছুড়ে মারেন ঝনঝনানো মরাক্কাস। উড়ে এসে সাহেবের কপালের চন্নায় লাগে তা, হেন্ডরিক কোনো চুচেরা না করে বাক্কি স্টার্ট দিয়ে স্টিয়ারিং হুইল ধরেন। এ ছোট্ট ঘটনা ছাড়া আজ ভোর বিহানে গেস্টহাউস থেকে বেরোনোর সময় অন্য কোনো উল্লেখযোগ্য হিংসাত্মক ঘটনা ঘটেনি।
বাক্কি হাঁকিয়ে আমরা চলে আসি রোজব্যাংক বিপণি বিতানের কাছে। পেছন দিকের গলিতে পাওয়া যায় ফুটপাতের ওপর শুয়ে-বসে থাকা কিছু গৃহহীন মানুষ। হেন্ডরিক ফিসফিস করে বলেন, এরা হচ্ছে টসংগা সম্প্রদায়ের স্রষ্টা টিলোর নটুমবুলাকো বা সৃষ্টি। টিলো মামা কনানানিকে দৌড়ানো গন্ডারের প্রতীকে স্বপ্নে দেখা দেন দেড় বছরে একবার। ওই দিন মামা কনানানি বিশেষভাবে সাজসজ্জা করেন, কাজে যান না, তবে রান্নাবান্না করে চাপ সৃষ্টি করেন আমার ওপর। আমার হাঁপ ধরে যায় সঠিক গৃহহীন মানুষ খুঁজে বের করতে। যাকে তাকে খাবার বিতরণ করে গেস্টহাউসে তাড়াতাড়ি ফেরার কোনো উপায় নেই। মামা কনানানির বাড়াবাড়ি আছে নটুমবুলাকো বা সৃষ্টির সিলেকশন নিয়ে। বাক্কি ধীরে আরেকটু এগিয়ে গেলে মামা কনানানি ছাদে চাপড় মেরে থামান। হেন্ডরিকের সঙ্গে আমিও নামি ফুটপাতে। মামা কনানানি হান্ডির খাবার পলিথিনের প্যাকেটে ভরে তা বাড়িয়ে দিয়ে বাক্কির চেচিসে হেলান দিয়ে ছোট্ট ঢোলক হাতে দাঁড়ান।
ফুটপাতে এক্সপেনসিভ স্পঞ্জের ম্যাট্রেস পেতে হাঁটু অবধি কম্বলে ঢেকে বসে আছেন হাই পাওয়ারের চশমা পরা এক কৃষ্ণাঙ্গ মহিলা। হেন্ডরিক তাঁর দিকে খাবারের প্যাকেট এগিয়ে দিলে নিরাসক্ত ভঙ্গিতে তাকান তিনি। সে দৃষ্টি আমার দিকে ফিরলে আমি তাঁর ব্যক্তিত্বের উত্তাপ অনুভব করি। হেন্ডরিক খাবার গ্রহণ করতে তাঁকে বিনীতভাবে অনুরোধ করলে তিনি চশমা খুলে এমনভাবে তাকান যেন বলতে চাচ্ছেন, খাবার আমি চেয়েছি কি তোমার কাছে? পরে দৃষ্টি নরম করে প্যাকেটটি ম্যাট্রেসের ওপর রাখতে ইশারা করেন। সঙ্গে সঙ্গে বাক্কিতে হেলান দেওয়া মামা কনানানি ঢোলকে মারেন চাটি। মহিলা ভ্রুকুটি করে তাঁকে দেখে বলেন, মনে হয় তুমি টসংগা নারীকে বিয়ে করেছ, কাজটা ভালো করোনি, ন্যাচারাল ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখো, জিরাফ কি হরিণের সঙ্গে ঘর বাঁধে? দিস ইজ নট ন্যাচারাল ইউ স্টুপিড হোয়াইট ম্যান। গতরের বর্ণের সঙ্গে মিলিয়ে সংসার করাই সৃষ্টির বিধান। তা না হলে তৈরি হয় অযথা অনাসৃষ্টি, নষ্ট হয় প্রকৃতির ভারসাম্য, ভ্রষ্ট হয় মানুষের সংস্কার ও কৃষ্টি। এ মন্তব্যের কোনো জবাব না দিয়ে হেন্ডরিক বাক্কির দিকে হাঁটেন। আমিও ওই দিকে যাচ্ছি দেখে মাহিলা আমার দিকে তর্জনী উঁচিয়ে বলেন, হ্যালো হ্যালো, ইউ...। ওই ব্যক্তিত্বময় কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে পড়ে তাঁর দিকে তাকাই। তিনি বলেন, তোমার কাছে কি অ্যাসপিরিন আছে? আমি নেতিবাচকভাবে ঘাড় হেলিয়ে মহিলার দিকে তাকাতেই কীভাবে যেন বুঝতে পারি তিনি তীব্র শিরঃপীড়ায় ভুগছেন। বাক্কির দিকে ফিরতে গেলে পেছন থেকে তিনি আমাকে বলেন, হ্যালো ইউ লিসেন...কয়েকটা অ্যাসপিরিন কিনে দিতে পারবে না? সারা রাত সাফার করেছি, পেইন যে সহ্য করতে পারছি না।
বাক্কি ড্রাইভ করে ফুটপাতে শুয়ে-বসে থাকা আরও কয়েকজন গৃহহীন মানুষকে অতিক্রম করে যাই আমরা। স্রষ্টা টিলোর কে সঠিক নটুমবুলাকো বা সৃষ্টি, তা নিয়ে মামা কনানানির আছে নিজস্ব হিসাব। তিনি সম্ভবত ফলো করছেন তাঁর গোত্রীয় নির্বাচন পদ্ধতি—হান্ডিতে খাবার প্রচুর থাকলেও যাকে তাকে সেটি বিতরণ করবেন না। হেন্ডরিক হচ্ছেন বস্তুত যুদ্ধে পরাজিত সৈনিক, তিনি যে মামা কনানানির অবাধ্য হবেন, এমন বিক্রম তাঁর কাছে প্রত্যাশা করা অনুচিত।
বাক্কি গলির শেষ প্রান্তে আবর্জনা ফেলার নির্জন মাঠে আসতেই মামা কনানানি ছাদে চাটি মারেন। ট্রাংকজাতীয় বাক্সের ওপর বসে আগুন পোহাচ্ছেন কৃষ্ণাঙ্গ এক তরুণ। বাক্কি থামতেই উল্টা করে পরা বেসবল ক্যাপ শূন্যে ছুড়ে তিনি উৎসাহ প্রকাশ করেন। খাবার হাতে নিতেই মামা কনানানি ঢোলক বাজান। সে এক হাতে ক্যাপ লোফালুফি করতে করতে বলে, দেবে না আমাকে এক পেয়ালা নাইস কফি? নো, দ্যাটস্ ইট, বলে হেন্ডরিক বাক্কিতে উঠতে গেলে মানুষটি ছুটে এসে বলে, কাম অন মিস্টার, গিভ মি মানি ফর আ কাপ অব কফি দ্যান। হেন্ডরিক শাট আপ বলে দড়াম করে দুয়ার লাগিয়ে স্টার্ট দেন বাক্কি।
আমরা চলে আসি পাতালরেলের ইশটিশনে। একজন নিঃসঙ্গ গৃহহীন মানুষকে সহজে সনাক্ত করা যায়। শ্বেতাঙ্গ এ হোমলেস ব্যক্তিটি বসে আছেন কালো কম্বল মুড়িয়ে প্ল্যাটফর্মে ঢোকার মুখে। তিনি খাবারের প্যাকেট খুলে শুঁকে তো মহাখুশি। হুঁশ করে দীর্ঘশ্বাস ফেলে বলেন, কত দিন হয়ে গেল কুডু হরিণের মাংস খাই না! দিস ইজ জাস্ট এ ফিস্ট ফর মি। মামা কনানানির ঢোলকের বাদ্যও তাঁর পছন্দ হয়। উৎসাহের সঙ্গে তিনি তাঁর উদ্দেশে বলেন, ওয়াও! টসংগা ড্রামের কি লাভলি বিট, মামা, বাজাও আমার জন্য একটু। বলেই গান ধরেন তিনি, ‘আই নিউ এ ম্যান হু লিভড ইন ফিয়ার/ ইট ওয়াজ হিউজ, ইট ওয়াজ এনগার, ইট ওয়াজ ড্রয়িং নিয়ার।’ তাঁর কণ্ঠ চমৎকার। মামা কনানানি তাঁর ভয়েসের সঙ্গে ঢোলকের ঠেকাও দেন বেশ ভালোভাবে। ব্রাইট ব্লু বলে কেপটাউনের একটি রক ব্যান্ডের এ গান আমিও সিডিতে শুনেছি। গান শুনতে দু-একজন পথচারীও দাঁড়িয়ে পড়ে।
বেশ জমে উঠছে দেখে আমি হেন্ডরিককে বলে পাতালরেলের ইশটিশন দেখতে ভেতরের দিকে পা বাড়াই। যাত্রীদের ভিড়ভাট্টা এখনো শুরু হয়নি। অ্যাকসেলারেটারের সিঁড়ি বেয়ে নেমে আসি মাটির নিচের প্ল্যাটফর্মে। দাঁড়িয়ে আছে চকচকে দুটি ট্রেন। কেবল এক মহিলা যাত্রী চাকাওলা স্যুটকেস টেনে টেনে হাঁটছেন। সেখানে দাঁড়িয়ে ব্রাইট ব্লু রক ব্যান্ডের গানের লিরিক নিয়ে ভাবি আমি, ‘এ ম্যান হু লিভড ইন ফিয়ার’—আমরা সবাই তো কোনো না কোনো আতঙ্ক নিয়ে বাস করছি। জোহানেসবার্গে একা ঘুরে বেড়াতে আমার ভয় লাগছে। হেন্ডরিক স্পষ্টত তাঁর টসংগা স্ত্রীকে ভয় পান। মামা কনানানির অন্তরেও আছে ভীতি, যদি স্রষ্টা টিলোর কাছে তাঁর উপাচার গ্রহণযোগ্য না হয়? জানতে ইচ্ছা হয়, দুটি চাকাওলা স্যুটকেস টেনে ট্রেনের দিকে যাচ্ছেন যে মহিলা, কিংবা গান করছেন যে নিঃসঙ্গ মানুষ, তাঁরা কি বাস করছেন এ মুহূর্তে কোনো আতঙ্কের ভেতর, যা আকারে প্রকাণ্ড, যার সঙ্গে মিশে আছে অপ্রাপ্তি ও ক্রোধ?
নরম তুলতুলে কিছুর ওপর পা পড়তেই খেয়াল করে তাকাই। মার্বেলের চকচকে চাতালে পড়ে আছে মেয়েরা চুলে পরে এ ধরনের ভেলভেটে তৈরি একটি ফ্লাওয়ার ক্রাউন। তার পাশে ভাঙা ইনজেকশনের সিরিঞ্জ, এম্পুল ও আধ খাওয়া একটি চকলেট বার। আমি তাকাতেই চকলেট ছেড়ে শুঁড় উঁচিয়ে তাওপ্যাঁচ করে কয়েকটি তেলাপোঁকা। তার পাশে মেঝেতে লেগে আছে সিঁদুরের টিপের মতো দুফোঁটা টকটকে লাল রক্ত—যেন কোনো পেইন্টিংয়ের স্টিললাইফ কম্পোজিশনের দিকে তাকিয়ে আছি। পড়ে থাকা বস্তুনিচয়ের দিকে আরেকবার নিবিড় নজর করে ওপরে ওঠার জন্য আবার আমি অ্যাকসেলারেটারে চাপি।
শ্বেতাঙ্গ হোমলেস মানুষটির গান থেমেছে। তিনি চিনামাটির প্লেটে কাঁটাচামচ দিয়ে খাবার খাচ্ছেন। তাঁর জানুতে বিছানো কাপড়ের চমৎকার ন্যাপকিন। বোধ হয় গৃহহীন এ শ্বেতাঙ্গ ঝুলিতে প্লেট ও ছুরিকাঁটা নিয়ে ফুটপাতে ঘর বেঁধেছেন। আমাকে দেখে চামচসহ হাত তুলে শুভেচ্ছা জানান তিনি।
বাক্কির কাছে এসে দেখি, হেন্ডরিক ও মামা কনানানি দুজনে লিপ্ত ঘোরতর কোন্দলে। মামা কনানানির কোলে তাদের শিশুপুত্র বেবি-ডল আমুকেলানি। তার গায়ে জ্বর এসেছে! হেন্ডরিক বোঝানোর চেষ্টা করেন আমুকেলানি তাদের সন্তান হলেও বস্তুত সে একটি ডল-পুতুল। তার আকার-আকৃতি-গাত্রবর্ণ—সবকিছুই দেখতে মানুষের বাচ্চার মতো। পুতুলটি যাতে ন্যাচারাল মনে হয় এ জন্য এমনভাবে তৈরি করা হয়েছে যে সে ঘুমালে চোখ মুদে যায়, কোলে নিলে মৃদু হাসে। ঘুমের ভেতর স্বপ্ন দেখে সে মাঝেমধ্যে কাঁদে। কখনো-সখনো তার গা গরমও হয়। সবকিছুই মূলত সফটওয়্যারের কারসাজি। শরীরে জ্বরজারি আসলে ডাক্তার-কবিরাজ দেখানোর আদৌ কোনো প্রয়োজন নেই।
মামা কনানানির চোখে জল। হলোই বা ডল-পুতুল, সন্তান যখন, শরীর খারাপ হলে মায়ের উদ্বেগ হবে না? জোহানেসবার্গের কাছাকাছি ক্লিপটাউনের বস্তিতে বাস করেন টসংগা গোত্রের নাংগা বা ঝাড়ফুঁক শিকড়-বাঁকড়ের ওঝা ও কবিরাজ। তিনি আমুকেলানিকে নিয়ে যেতে চান তাঁর কাছে, চিকিৎসার জন্য। পেশায় মেকানিকস হেন্ডরিক বিরক্ত হয়ে পুতুলের পেছন দিক খুলে কীভাবে সফটওয়ার কাজ করছে তা দেখাতে যান। মামা কনানানি খেপে ছোড়ার ভঙ্গিতে ঝনঝনানো মরাক্কাস হাতে নিয়ে শাসিয়ে বলেন, ডোন্ট ক্রস দ্য লাইন। শিশুপুত্রের আমি হচ্ছি মা, খবরদার, তোমার মেকানিজম দেখিয়ে আমার আবেগের গণ্ডি অতিক্রম করবে না। তার এ রণচণ্ডী সুরত দেখে আমি পাততাড়ি গোটানোর উদ্যোগ নিই। আমি পর্যটক, ঘুরে বেড়ানো আমার কাজ, ঘরোয়া বিবাদের ক্রসফায়ারে পড়তে চাই না। তাই তাঁদের একান্তে গৃহযুদ্ধের সুযোগ করে দিয়ে বিদায় নিয়ে সড়ক ক্রস করি আমি।