ফুটবল বুটবল তো নয়!

দেশটা যে ফুটবলপাগল, এতে কোনো সন্দেহ আছে? এমন কোনো জনপদ আছে, যেখানে বিদেশি পতাকা ওড়েনি? সঙ্গে অবশ্য ফাও হিসেবে আমাদেরটাও রয়েছে৷ মিডিয়ার কথা বলতেই হয়; কি প্রিন্ট কি ইলেকট্রনিক—সর্বত্রই বিশ্বকাপের কাঁপানো প্রতাপ৷ এমনকি প্রথম আলো পর্যন্ত রাস্তায় রাস্তায় নয়নমোহন বিলবোর্ড বিছিয়ে রেখেছে৷
আফসোস, আমার দেশ ব্রাজিলে যেতে পারেনি৷ এই বেদনার সঙ্গে সঙ্গী ভারত ও চীন—শতকোটির অধিক লোকসংখ্যার দেশ দুটি এ আসরে খেলছে না৷ এশিয়ার সম্মান রেখেছে ইরান আর কোরিয়া৷ হট ফেবারিট আর্জেন্টিনার নাভিশ্বাস প্রায় বের করে দিয়েছিল ইরান৷ ইনজুরি টাইমে, অর্থাৎ ৯২ মিনিটের মাথায় একক প্রচেষ্টায় মেসির নয়নলোভন গোলটির দৃশ্য প্রায় প্রতিটি কাগজেই ছাপা হয়েছে৷ মেলা বিশেষণ যুক্ত হয়েছে এ গোলের পাশে৷ মোহামেডানের একসময়ের মিডফিল্ডার সাব্বিরের (রোনালদিনহোর মতো মাঠের সর্বত্রই যাঁর বিচরণ ছিল) মক্তব্য, ‘মেসি তো এ রকমই৷’ প্রতিপক্ষবেষ্টিত মেসি খেলোয়াড়দের ফাঁক দিয়ে, ফাঁকি দিয়ে সেদিন গোলটি করেছিলেন৷
হ্যাঁ, ঢাকার দর্শকেরা মেসির খেলা দেখেছেন৷ আমিও স্টেডিয়ামে গিয়ে সেই খেলা উপভোগ করেছিলাম৷
মেসিবিহীন আর্জেন্টিনা আর নেইমারবিহীন ব্রাজিল ভাবা যায়! সোমবার শেষ রাতে ব্রাজিলের খেলা দেখছিলাম৷ ক্যামেরুনের সঙ্গে এই খেলা ছিল ব্রাজিলের বিশ্বকাপের শততম ম্যাচ৷ নেইমারের দুটি গোলই ছিল দর্শনীয়; এবারের প্রথম খেলায়ও নেইমার এই বিস্ময় উপহার দিয়েছিলেন৷
রাত জেগে জেগে খেলা দেখার ফলে প্রায় সব কর্মসূচিই বাতিল করতে হয়েছে অনেককে৷ আমি যেহেতু ছোট পর্দায় ক্রিকেট আর ফুটবল দেখি, তাই বার্সেলোনা কি ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল, কিংবা ক্রিকেটের তারকারা খুব অপরিচিত নন আমার কাছে৷
বলা হয় ক্রিকেট অনিশ্চয়তার খেলা৷ ফুটবল কেন নয়? নকআউটপর্বে অঘটন কখনো-সখনো ঘটে থাকে বা ঘটতেও পারে; কিন্তু প্রথম পর্বেই স্পেনকে বিদায় নিতে হলো, বিশ্বকাঁপানো ১৯তম বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনের এ বিদায় এভাবে! ওয়েন রুনি, বার্কলের মতো তারকাদের নিয়ে গড়া ইংল্যান্ডও তো প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে পা রাখার সুযোগ পেল না৷ চারবারের চ্যাম্পিয়ন ইতালির কাছে আর দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে হেরে বিদায় নিতে হলো ১৯৬৬-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে৷ আর উরুগুয়ের কাছে হেরে দেশে ফিরে গেল ইতালিও৷ মনে পড়ে, ছয়বার বিশ্বকাপের ফাইনালে খেলেছে ইতালি, চারবারই বিশ্বকাপটি বগলদাবা করে দেশে ফিরেছে৷

জার্মানির খেলা দেখতে মিসেস ম্যার্কেল এসেছিলেন মাঠে৷ মুলার গুনে গুনে হ্যাটট্রিক করলেন আর এখন গোল্ডেন বুটের লড়াইয়ে নেমে পড়েছেন, সে কি এমনি এমনি? মুলারের সঙ্গে সোনার বুটের জন্য পাল্লা দিচ্ছেন পার্সি, রোবেন, বেনজেমা, ভ্যালেন্সিয়া৷ বদলি খেলোয়াড়ের চমক দেখালেন জার্মানির ক্লোসা; পুরোনো চাল ভাতে বাড়ে, দুই মিনিটের মাথায় গোল করে দেশে ফেরার দায় বাঁচালেন যেমন, তেমনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা রোনালদোকেও ছুঁয়ে ফেলেছেন৷
বিশ্বকাপের কথা বলতে গিয়ে ধান ভানতে শিবের গীতের মতো এবার আমার ছেলেবেলার কথা বলি: আমাদের গ্রামে তিনটি ফুটবল মাঠ ছিল৷ এর মধ্যে স্কুলের মাঠটি বড়দের আর অন্য দুটি আমাদের—আমরা যারা ছোট ছিলাম তাদের৷ সে সময় কচি জাম্বুরা দিয়ে (কোনো কোনোটা বেঢপ সাইজেরও ছিল) বৃষ্টিভেজা মাঠেই খেলার নামে গড়াগড়ি খাওয়ার কথা কি কখনো ভোলা যাবে! পরে সামান্য বড় হয়ে আমাদের গ্রামের মাঠে আনু, গজনবী, পক্ষী—এঁদের খেলা দেখা, সে এক আনন্দময় মুহূর্ত!
আমাদের গ্রামেও তো ব্যান্ড বাজিয়ে ফুটবল প্রতিযোগিতা হতো৷ জেলায় জেলায় হতো৷ এভাবেই খেলোয়াড়েরা এসেছিলেন৷ সুদর্শন নবী চৌধুরী, সারা কবীর—এঁদের কথাই মনে পড়ছে এখন৷ আহা, বিশ্বকাপে এঁরা সুযোগ পেলেন না৷
ঢাকায় যখন খেলা দেখেছি, ঢাকার মাঠে তখন কাঠের গ্যালারি৷ মনে আছে, গেটকিপারকে তমিজের সঙ্গে সালাম দিয়ে বিনা টিকিটে ঢুকে কলকাতার মোহনবাগান, কী বিদেশি টিমের খেলা দেখেছি৷ সেই চোখে ছানি পড়েছে৷ আল নূরে গিয়ে কাটিয়ে এসেছি৷ চশমা ছাড়াই এখন পড়তে পারি৷ তবু চোখ তৃষ্ণার্ত—সালাউদ্দিন, অমলেশ, আসলাম, সাব্বির, কায়সার হামিদ—না, বিশ্বকাপের আসরে এঁদের দেখা হলো না৷
বেশ কয়েক বছর আগে একটি পত্রিকায় লিখেছিলাম, ফুটবলে আফ্রিকান ঘরানার আবির্ভাব৷ সাম্বা-ট্যাঙোর নৃত্যশৈলীসুলভ ব্রাজিলের চমকটা দু-তিন যুগ আগে রীতিমতো শিহরণ তুলেছিল৷ দক্ষিণ আফ্রিকার সেই অমর শিল্পী মিরিয়াস মাকেবার কথা নিশ্চয়ই মনে আছে৷ এবার খেলার মাঠে কোনো কোনো দল খেলার পাশাপাশি দলগত নৃত্য দিয়ে দর্শকদেরও চঞ্চল করে গেলেন৷
মনে নেই, সম্ভবত পি কে ব্যানার্জি অস্ট্রেলিয়ায় ফুটবল খেলেছিলেন খালি পায়ে৷ সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন, পা দিয়েই তো খেলব, এটা তো ফুটবল, বুটবল তো নয়৷
এবারের বিশ্বকাপটি কে ছোঁবেন জাতীয় পতাকা গায়ে জড়িয়ে? উত্তর জানা নেই৷ আমরা বরং তত দিন পর্যন্ত নির্মল আনন্দ পেতে থাকি৷