ফুটবলের কাব্যসত্তা

‘পোয়েট্রি ইন মোশন’—চলিষ্ণু কবিতা। সম্ভবত ম্যারাডোনার শতাব্দীর শ্রেষ্ঠ গোলটি দেখে কোনো সাহিত্যপ্রিয় ফুটবলপ্রেমী এই মন্তব্যটি করেছিলেন। ১৯৮৬ সালের মেক্সিকোর বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনাল—ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। মেক্সিকোর আজটেক স্টেডিয়ামে লক্ষাধিক দর্শকের সামনে ৫১ মিনিটে ম্যারাডোনা প্রথম গোলটি করলেন। তিউনিিসয়ার রেফারি বেন নাসির দেখলেন না যে ম্যারাডোনা মাথার ওপরে হাত দিয়ে বলটি জালে ঢুকিয়েছেন। ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ ফাঁকি। কিন্তু ৫৫ মিনিটে ঘটল সে অসম্ভবটি। নিজের রক্ষণভাগ থেকে বল নিয়ে ম্যারাডোনা একে একে ইংল্যান্ডের রক্ষণভাগের ছয়জন বিয়ার্ডসলি, রিড, বুচার, ফেনউইক, বুচার (আবার) এবং শেষে গোলরক্ষক পিটার শিল্টনের পায়ের ফাঁক দিয়ে বলটি গলিয়ে দিলেন। তার পরদিন গার্ডিয়ান পত্রিকার প্রথম পৃষ্ঠায় ছাপা হলো খেলার ফলাফল: ম্যারাডোনা ২, ইংল্যান্ড ১। এই খেলা শেষে ম্যারাডোনা বলেছিলেন, সামনে যদি বিশ্ব চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা মাইক টাইসন দাঁড়িয়ে থাকতেন, তবুও তিনি গোল করতেন। কোনো একটি ইউরোপীয় টিমের ম্যানেজার বলেছিলেন, তিনি ম্যারাডোনাকে একটি রুমাল পরিমাণের জায়গায় তিনজন খেলোয়াড়কে ঘোল খাওয়াতে দেখেছিলেন।
ড্রিবলিংয়ের এই দক্ষতা শুধু যে ম্যারাডোনার দখলে ছিল তা নয়, মোটামুটি দক্ষিণ আমেরিকা বা ল্যাটিনো ঘরানার ফুটবল যে কারণে ইউরোপীয় ঘরানার চেয়ে আলাদা সেটি হলো, খেলোয়াড়দের ব্যক্তিগত ক্রীড়াশৈলী। একজন ভালো নাচিয়ের যেমন তাঁর শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, দাবি করা হয় যে হিস্পানিক, ল্যাটিনো, মুলাটো এবং কালোদের ফুটবলের ওপর সেরকম সহজাত শৈল্পিক নিয়ন্ত্রণ আছে। ফুটবল ইউরোপ থেকে লাতিন আমেরিকায় আমদানি হওয়ার পর একটি কথা সহজে প্রমাণিত হয়ে গেল যে ইউরোপের ফুটবলের শরীরে প্রাণটা দিয়েছে লাতিন আমেরিকা। ১৯৯৫ সালে প্রকাশিত নৃতত্ত্ববিদ হারমানো ভিয়েনা তাঁর ও মিস্টেরিও ডু সাম্বা গ্রন্থে ব্যাখ্যা করলেন যে ব্রাজিলের সাম্বা, আর্জেন্টিনার ট্যাঙ্গো এবং কিউবার সালসা মিলে যে নৃত্যভঙ্গিমা, তা-ই লাতিন আমেরিকার ফুটবলশিল্পীদের পায়ের জাদুতে প্রতিফলিত হয়েছে। ১৯৪৬ সালে প্রকাশিত সমাজতত্ত্ববিদ গিলবার্টো ফ্রেয়ার কাসা-গ্রান্ডে ই সেনজালা (মনিব ও ভৃত্য) গ্রন্থে বললেন, ১৯৩৮ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিলের অবস্থান তৃতীয় হলেও তাদের খেলোয়াড় লিওনিডাস ডি সিলভা ও ডেমিংগোস ডা গুইয়া প্রমাণ করলেন যে খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্য দলগত শৃঙ্খলাকে ছাপিয়ে গেলে ফুটবল জাদুমণ্ডিত হয়ে ওঠে। বলাবাহুল্য, এ দুজনই ছিলেন কৃষ্ণকায় খেলোয়াড়। ফ্রেয়ার ইউরোপের শ্বেতাঙ্গ অধ্যুষিত ফুটবলকে বললেন ফুটবল-সাইন্টিফিকো অর্থাৎ বিজ্ঞানসম্মত ফুটবল, আর ব্রাজিলের ফুটবলকে বললেন ফুটবল-আর্টে বা শিল্পসম্মত ফুটবল। স্পেনে সেই ১৯৮২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে ব্রাজিল যখন নিউজিল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছিল, তখন নিউজিল্যান্ডের কোচ বলেছিলেন, ওরা ২১ শতাব্দীর ফুটবল খেলে। একই বিশ্বকাপে ব্রাজিল স্কটল্যান্ডকে ৪-১ গোলে হারালে স্কটল্যান্ডের ম্যানেজার বলেছিলেন, ‘আমরা খেলি কারিগরের মতো, আর ওরা খেলে শিল্পীর মতো।’
দক্ষিণ আমেরিকার দেশগুলোর ইউরোপের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সেখানে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধির মধ্যে একটি দ্বান্দ্বিক সম্পর্ক লক্ষ করা যায়। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে পুঁজিবাদী সমাজের বিশ্বায়নের পর্বের সঙ্গে ফুটবলের পেশাগত দিকটির সম্পৃক্তি বাড়ে। ই ই অর্থাৎ ইউরোপের অর্থনীতিক সংস্থা পেশাদার ফুটবলারদের শ্রম আইনের মধ্যে এনে তাঁদেরও শ্রমজীবী হিসেবে বিবেচনা করতে থাকে। সেজন্য বেলজিয়ামের খেলোয়াড় বসম্যানকে যখন সে দেশের ফুটবল সংস্থা বাইরে খেলার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করল, তখন ই ই রায় দিল যে বসম্যানের শ্রমিক হিসেবে যেকোনো জায়গায় খেলার স্বাধীনতা আছে। ঠিক একই কারণে যখন দক্ষিণ আমেরিকার খেলোয়াড়েরা দলে দলে বেশি টাকা ও উন্নত জীবনযাপনের জন্য ইউরোপের ক্লাবগুলোতে খেলতে শুরু করলেন, তখন দক্ষিণ আমেরিকার মার্ক্সবাদী লেখকেরা ফুটবলের জনপ্রিয়তাকে নব্য-ঔপনিবেশিক পুঁজিবাদী সমাজের নতুন চাল হিসেবে কথিত করলেন। প্রযুক্তিঋদ্ধ বিশ্ব প্রচারমাধ্যমগুলো এবং অ্যাডিডাস-জাতীয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর আগ্রাসী ভূমিকার কথা বললেন তাঁরা । যার ফলে দেখা যাচ্ছে, এবারও ব্রাজিলের বামপন্থী ঘরানার লোকেরা বিশ্বকাপের অনুষ্ঠানকে অর্থের অপচয় হিসেবে ধরে এর বিরুদ্ধে বিভিন্ন শহরে প্রতিরোধ গড়ে তুলছেন।
কিন্তু গিলবার্টো ফ্রেয়ার, ঔপন্যাসিক হোসে লিন্স ডু রেগো, প্রাবন্ধিক গার্থা আরানহা, ম্যারিও ডি আনড্রাডে, অসওয়াল্ড ডি আনড্রাডে, কবি আন্তোনিও ডি আলকান্ত্রা মাচাডো, সাংবাদিক মারিও ফিলহো প্রমুখ ব্রাজিলের জাতীয়তাবোধের উন্মেষের সঙ্গে ফুটবলের জনপ্রিয়তার সম্পৃক্তি খঁুজে পেলেন। ফিলহো তাঁর ধ্রুপদি গ্রন্থ ও নিগ্রো নো ফুটবল ব্রাসিলিয়েরো (ব্রাজিলের ফুটবলে কৃষ্ণকায় খেলোয়াড়েরা) (১৯৪৭)-তে বললেন, ব্রাজিলের অভ্যন্তরের গ্রামগুলোতে কালো লোকদের যে লোকসংগীত আছে, সেটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইমপ্রোভাইজেশন বা প্রত্যুৎপন্নমতিত্বের প্রয়োগ। সম্ভবত তাই, কারণ, এই প্রত্যুৎপন্নমতিত্বই দৃষ্টিগোচর হয় পেলে, জিকো, ম্যারাডোনা বা মেসির খেলায়। রবার্টো ডা মাতা নামক একজন নৃতত্ত্ববিদ ধারণা দিলেন যে রিও ডি জেনিরো, সাও পাওলোসহ বড় বড় শহরের রাস্তায় রাস্তায় যেসব মালান্দ্রো বা চালবাজ লোক ঘুরে বেড়ায়, যাদের পা বিড়ালের মতো সব

সময়ই মাটিতে পড়ে, তাদের মধ্যেও প্রত্যুৎপন্নমতিত্বের অভাব দেখা যায় না। এবং ব্রাজিলিয়ানরাও সাধারণভাবে দিনাতিপাত করে নিয়মনীতির চেয়েও স্বতঃস্ফূর্ততা আর প্রত্যুৎপন্নমতিত্বকে প্রশ্রয় দিয়ে। ফ্রেয়ার এই প্রত্যুৎপন্নমতিত্বকে ফুটবলে সংযুক্ত করেছেন এভাবে যে এটা শুধু ড্রিবলিং নয়, তার চেয়েও বেশি হলো পায়ের জাদুতে অতুলনীয় ধোঁকা দিয়ে বিস্ময়বোধ তৈরি করা। বস্তুত ফ্রেয়ারের ধারণা সঠিক, কারণ ম্যারাডোনার শতাব্দীশ্রেষ্ঠ গোলটির ভিডিওচিত্র দেখলে বোঝা যায় ইংল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড়েরা প্রায় সম্মোহিত অবস্থায় ছিলেন।
১৯২৭ সালে প্রকাশিত অ্যান্টোনিও ডি আলকান্ত্রা মাচাডো একটি গল্প ছাপালেন ‘কোরিনথিয়ান্স (২) ভারসাস প্যালেস্টার (১)’ শিরোনামে, যেখানে তিনি ফুটবল খেলাকে শুধু ঘটনার সূত্র হিসেবে আনলেন না, বরং খেলাটাকে ভাষায় রূপান্তরিত করলেন বলা যায়। উত্তরাধুনিক সাহিত্য আলোচনায় বুলি-সাহিত্য বা অর্যালিটির গুরুত্ব ব্যাপক এবং মাচাডো ও ফিলহোর মতো লেখকেরা দক্ষিণ আমেরিকার ফুটবলের ঐন্দ্রজালিক সৌন্দর্য সাহিত্যের কথকতায় রূপান্তরিত করতে সচেষ্ট হলেন। ম্যারিও ডি আনড্রাডে ১৯৩৯ সালে প্রকাশিত ক্রনিকায় ফুটবলকে ব্যাখ্যা করেছিলেন সংগীতের চিত্রকল্প দিয়ে—ফুটবলের চপলতা, সূক্ষ্ম ধোঁকা, প্রতিপক্ষকে বোকা বানানোর সাম্বাসদৃশ শারীরিক হিন্দোল, বলের দ্রুতগতি সঞ্চার বা গতির তাৎক্ষণিক দমন, যেন নেশায় বুঁদ হয়ে থাকা গ্রিক দেবতা ডাইনোসিয়াসের প্রতিমূর্ত রূপ এই ফুটবলের ঘোর। মারিও ডি আনড্রাডে তাঁর ‘ব্রাজিল-আর্জেন্টিনা’ শীর্ষক রচনায় লিখলেন, ‘গর্জিয়াস! হোয়াট আ মারভেলাস ডান্স, দিস গেইম অব সকার’।
’৩০-এর দশকে তিনটি বিশ্বকাপ (উরুগুয়ে ১৯৩০, ইতালি ১৯৩৪, ফ্রান্স ১৯৩৮) অনুষ্ঠিত হয়, যার একটিও ব্রাজিল জেতেনি, কিন্তু মন্টিভিডিওতে ১৯৩২ সালে রিও ব্রাঙ্কো কাপ (বর্তমানে কোপা আমেরিকা) ব্রাজিল জেতে উরুগুয়েকে হারিয়ে, যেটা ছিল ব্রাজিলের জাতীয়তাবাদী সত্তার পূর্ণ বিকাশের সঙ্গে সাযুজ্যপূর্ণ। এই অনুভূতি নিয়ে রচিত পূর্বে উল্লেখিত ফিলহোর ও নিগ্রো নো ফুটবল ব্রাসিলিয়েরো গ্রন্থের ভূমিকায় ঔপন্যাসিক লিনস ডু রিগো লিখলেন, ‘যেসব তরুণ মন্টিভিডিওতে খেললেন, তাঁরা ছিলেন সামাজিক গণতন্ত্রের একটি প্রতিচ্ছবি। যেখানে একটি অভিজাত পরিবারের ছেলে পলিনহো খেললেন কৃষ্ণকায় লিওনিডাসের পাশে, মুলাটো অসকারিনোর পাশে এবং শ্বেতাঙ্গ মার্টিনসের সঙ্গে। সবাই মিলে খেললেন ব্রাজিলের অনুপম ফুটবলশৈলী, চমৎকার স্বতঃস্ফূর্ততা আর প্রত্যুৎপন্নমতিত্বের সঙ্গে। ফুটবলের ওপর এই বইটি পড়ে সবাই অনুধাবন করবেন ব্রাজিল দেশটির সাফল্য নির্ভর করছে এই বিভিন্ন বর্ণ ও জাতির সুফল সমন্বয়ের মধ্যে।’
আয়রনি হলো, যে মাল্টিকালচারিজম বা বহু সংস্কৃতির মিলন ব্রাজিলের জন্য আশীর্বাদস্বরূপ হয়েছে, সে একই মাল্টিকালচারিজম ইউরোপের বিভিন্ন ফুটবল পরাশক্তির জন্য একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। যে ফ্রান্সের দল ১৯৯৮ সালের বিশ্বকাপ জিতল, সে দলে জিনেদিন জিদানসহ কয়জন প্রকৃত ফরাসিবাসী ছিলেন? এই প্রসঙ্গে একটি বক্রোক্তি প্রণিধানযোগ্য: জিদানরা যেন আঙুল দেখিয়ে বলছেন, ‘উই আর হিয়ার, বিকজ ইউ ওয়ের দেয়ার’। পূর্বের ঔপনিবেশিক শক্তিগুলোকে ফুটবলের মাধ্যমে এইভাবে কড়া জবাব দেওয়া হচ্ছে উপনিবেশিত কিন্তু বর্তমানে স্বাধীন দেশগুলো থেকে। এখন শুধু দেখার বাকি, কবে বাংলাদেশের ফুটবলাররা ইংল্যান্ডের ফুটবল একাদশে স্থান পাবেন!