ফেরা হল না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগ একটি নয়। অনেক। মাথায় পরচুলা পরছেন। গায়ের রং সাদা করেছেন। সেটাকে আরও সাদা করার জন্য আবার ব্লিচ করছেন। অক্সিজেন চেম্বারে ঘুমাচ্ছেন। বয়সে ছোট ছেলেদের সঙ্গে তাঁর যৌনাচারের অভিযোগ উঠছে। একই চেহারাকে বারবার প্লাস্টিক সার্জারি করে নিখুঁত থেকে নিখুঁত করার চেষ্টা করছেন। মধ্যবয়সে এসে এ ব্যাপারগুলোই মাইকেলকে ভক্তদের কাছ থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল। রাস্তায় হেঁটে বেড়াতে চাইতেন তিনি সাধারণ মানুষের মতো। কিন্তু সম্ভব হতো না। এলভিস প্রেসলি বা বিটলসের চেয়েও তাঁর জনপ্রিয়তা ছিল অনেক বেশি। কিন্তু নানা রটনা তাঁর আসল কৃতিত্বকে কালিমায় ঢেকে দিচ্ছিল। কালো মানুষদের পাশে তিনি দাঁড়িয়েছেন সব সময়। কিন্তু কৃষ্ণাঙ্গ মানুষটির ধীরে ধীরে ফরসা হওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। সবাইকে শান্ত করার জন্য তিনি জানান, ভিটিলাইগো নামের এক ব্যাধির কারণেই তাঁর এ পরিবর্তন। ‘বাবা বেল্ট নিয়ে দাঁড়িয়ে থেকে আমাদের গানের অনুশীলন করাতেন।’ ১৯৮৮ সালে বের হওয়া আত্মস্মৃতিমূলক বই মুন ওয়াক-এ তিনি এ কথা বলেছিলেন। মাইকেলের অদ্ভুত সব আচরণের শুরু তখন থেকেই। মাঝখানে একটা লম্বা সময় শিশু নিপীড়নের অভিযোগে তাঁর জীবন জেরবার হয়ে যায়। ১৯৯৩ সালে চুপচাপ বিয়ে করেন লিসা মেরি প্রেসলিকে, যিনি ছিলেন এলভিস প্রেসলির মেয়ে। কিন্তু দুই বছর যেতে না যেতেই তাঁদের ছাড়াছাড়ি। এর কিছুদিন পর নার্স ডেবি রোয়েকে বিয়ে করেন। বিয়ের সময়ই ডেবি গর্ভবতী ছিলেন। তিন বছরের মধ্যেই জ্যাকসন দুই সন্তানের জনক হন। প্রিন্স মাইকেল ১ এবং প্যারিস মাইকেল ক্যাথরিন। ১৯৯৯ সালে তালাকের মধ্য দিয়ে জ্যাকসন দুই সন্তানকে নিজের কাছে নিয়ে আসেন। ২০০৯ সালের মার্চে জ্যাকসন লন্ডন কনসার্টের মাধ্যমে ফিরে আসার ঘোষণা দেন। ৫০টি শো করার পরিকল্পনা ছিল ২০১০ সালে। মারা যাওয়ার আগেও আসন্ন লন্ডনের শোর অনুশীলনিতেই ব্যস্ত ছিলেন মাইকেল।  রয়া মুনতাসীর সূত্র: টাইম