ফেসবুক থেকে গ্যালারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চন্দ্রালোকে নারী’, শিল্পী: সুদত্তা রায়
‘চন্দ্রালোকে নারী’, শিল্পী: সুদত্তা রায়

ফেসবুকের মাধ্যমে পরিচয়, অতঃপর যোগাযোগ। তারপর? নানা দেশের নারী চিত্রশিল্পীরা তাঁদের চিত্রকর্ম নিয়ে হাজির হলেন। হলো প্রদর্শনী। হ্যাঁ, ঘটনাটি সত্যি। প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের যুগে ডিজিটাল মিডিয়া হয়ে উঠেছে মানুষে মানুষে যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এবার সেই মাধ্যমের কল্যাণেই এক হলেন নারী চিত্রকরেরা।
উপলক্ষ আন্তর্জাতিক মা দিবস। ২৪ থেকে ২৯ মে অবধি কলকাতার বিড়লা একাডেমিতে ‘এক্সপ্রেশনস-১৩’ নামে চলল ছয় দিনব্যাপী প্রদর্শনী। কলকাতার এক্সপ্রেশনসের আয়োজনে প্রদর্শনীর কিউরেটর ছিলেন জয়ন্ত খান।
এই দলে বাংলাদেশের কয়েকজন নারী চিত্রশিল্পীও যুক্ত হয়েছিলেন। কলকাতা থেকে শুরু করে ভারতের বিভিন্ন অঞ্চলের নারী আঁকিয়েসহ নানা দেশের নারী চিত্রশিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছিল আয়োজনটি।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন নাসরীন বেগম, নাইমা হক, ফারেহা জেবা, কনকচাঁপা চাকমা, এলহাম হক, আফরোজা জামিল, দিলরুবা লতিফ, ফারজানা রিপা, শামিম সুব্রানা, বিপাশা হায়াত, সামিনা এম করিম, মার্গি বেথ লাবাদি, জয়িতা মুখার্জি, আনা নেজভেৎনোভা, জুলিয়া স্মিরনোভা, নাতালিয়া বাহুসেভিচ, অর্পিতা রেড্ডি, জয়লক্ষ্মী, বিদুলানাথ বসু, চন্দনা খান, ডানা ঘোষ, দীপ্তি চক্রবর্তী, হেতাল শাহ, জাসকানওয়ালজিৎ কাউর, ঝর্ণা সান্যাল, কাবেরী ব্যানার্জি, নির্মলা দত্ত, নিবেদিতা সেন, পুনম রানী, রাজনন্দিনী, রিনা রায়, শায়লা কাপুর, সোনালী চৌহান, শ্রাবন্তী জুলুরি, শুভল ভার্মা, সুচিত্রা সিং, সুদত্তা রায়, সুলোচনা সারস্বত, স্বর্ণালী পাল, সঞ্চিতা পাল, শালিনী সনি মজুমদার, তমালিকা ঘোষ ও বানী চাওলা।
ক্যানভাসে ডিজিটাল ইমেজে বিশ্বাসী আমেরিকান শিল্পী মার্গি বেথ লাবাদি এঁকেছেন সময়ের ছবি। অবয়বকে ফুল-পাতায় আড়াল করে কম্পোজিশন রচনা করেছেন জয়িতা মুখার্জি। আনা নেজভেৎনোভা বাংলা শব্দ ‘আমার’ অবলম্বনে নির্মাণ করেছেন স্থাপনা। ক্যানভাসে তেলরঙে জুলিয়া স্মিরনোভা এঁকেছেন নগরকেন্দ্র। বেশি রঙে স্পেচুলা চালিয়ে কাজ করায় বেশ দৃষ্টিনন্দন হয়েছে কাজটি। নাতালিয়া বাহুসেভিচ গরুসহ এক বালকের আদল ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে। একইভাবে বাংলাদেশের শিল্পী এলহাম হক তাঁর ছবিতে তুলে ধরেছেন গরুর পরিচর্যায় নারীর অংশগ্রহণ।
বাংলাদেশের অন্য শিল্পীদের মধ্যে নাসরীন বেগম ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে মা ও শিশুর দৃষ্টিনন্দিত ছবি এঁকেছেন। নাইমা হক ক্যানভাসে রং লেপে ম্যাচের কাঠি দিয়ে রচনা করেছেন কম্পোজিশন। ফারেহা জেবা লাতিন আমেরিকান চিত্রকর ফ্রিদা কাহ্লোর অনুসারী। নারীকে পরির সাজে সাজিয়ে ফুলের সঙ্গে তুলনা করে একধরনের পণ্য বানানোর প্রক্রিয়া যে চলে দেশে দেশে, সেই চিত্র তিনি তুলে ধরেছেন ‘মাঞ্চকিন’ শিরোনামের ছবিতে।
কনকচাঁপা চাকমা তাঁর স্বকীয় ধরনে এঁকেছেন এক বৌদ্ধভিক্ষুর উপাসনার ছবি। আফরোজা জামিল ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে এঁকেছেন ফুলসহ অ্যাসিডদগ্ধ নারীর অবয়ব। দিলরুবা লতিফের ‘যন্ত্রণা’ শীর্ষক ফ্যান্টাসিনির্ভর ছবিটিও অনন্য। শামিম সুব্রানা ও বিপাশা হায়াত বিমূর্তরীতিতে এঁকেছেন যথাক্রমে ‘গঠন’ ও ‘ধ্রুপদি প্রেমের কবিতার স্মৃতি’। শৈশব-স্মৃতি এঁকেছেন ফারজানা রিপা। সামিনা এম করিম প্রদর্শনীতে অংশ নিয়েছেন ‘নারী’ শিরোনামে মৃৎশিল্প মাধ্যমের ভাস্কর্য নিয়ে।
ভারতীয় শিল্পীদের আঁকা বিষয়বস্তুর মধ্যে অর্পিতা রেড্ডি, বিদুলানাথ বসু, দীপ্তি চক্রবর্তী ও শালিনী মজুমদারের কাজে উঠে এসেছে বিভিন্ন দেব-দেবীর মুখ। তা ছাড়া অবয়ব, পরিবার, সখী পরিবৃতা হয়ে আড্ডা ও প্রকৃতি তাঁদের প্রিয় কয়েকটি বিষয়। সুদত্তা রায়ের আঁকা ‘চন্দ্রালোকে নারী’ বিন্যাস এবং উপস্থাপনগুণে দর্শকের সমীহ আদায় করে নেওয়ার মতো ছবি।
এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য হলো নানা দেশের নারী শিল্পীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ, মতবিনিময় এবং পরস্পরের সঙ্গে সৃজনশীল যোগাযোগের জায়গা তৈরি। এই যে সৃষ্টি হলো নতুন এক পাটাতন, সামনে এখান থেকেই নতুন নতুন সৃষ্টি হবে নিশ্চয়।