ফ্যাশনের কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১.রেনেসাঁ-যুগে সমাজে শ্রেণীভেদ ঠিক রাখার জন্য কিছু ফ্যাশন নিষিদ্ধ করা হয়েছিল নিম্নশ্রেণীর জন্য। ইংল্যান্ডের রানি এলিজাবেথ আইন করেছিলেন যে সাধারণ শ্রেণীর কেউ লোম কিংবা পালকের গলাবদ্ধ পরতে পারবে না; ফ্লোরেন্সে ছিল অন্য আরেক নিয়ম—সাধারণ শ্রেণীর মেয়েদের কাপড়ে বিশেষভাবে তৈরি এক ধরনের বোতাম ব্যবহার ছিল নিষিদ্ধ।২.মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস ম্যাডিসনের স্ত্রী ডলি ছিলেন বেশ ফ্যাশন সচেতন। নানারকম গাউন ছিল তাঁর প্রিয় পোশাকের তালিকায়, ১৮০৯ সালে ফ্রান্স থেকে ফ্যাশনসামগ্রী আনান, যার জন্য তাঁকে আমদানি কর দিতে হয়েছিল ২০০০ ডলার। ৩. যদিও উলের পোশাক পুরুষদের পুরোনো ফ্যাশন—ব্যাবিলনীয়রা খ্রিষ্টপূর্ব ৪০০০ সালে উলের পোশাক ব্যবহার করত—তবে ১৫৪০ সালের আগপর্যন্ত আমেরিকায় তা ছিল পুরোপুরিই অপরিচিত। করোনেডো অভিযানের সময় স্পেন থেকে উত্তর আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথম ভেড়া আনা হয়েছিল। ১৬০৯ সালে ঔপনিবেশিক শাসকেরা প্রচুর পরিমাণে ভেড়া আমদানি করে জেমসটাউনে; তার পর থেকেই উলের পোশাক প্রধান ফ্যাশন হিসেবে চালু হয়ে যায়। ৪.মধ্যযুগকে ‘গোসলহীনের ১০০০ বছর’ বলা হয়ে থাকে। সে সময় ইউরোপে গোসল বলতে কিছুই ছিল না, কারণ ক্রিশ্চিয়ান চার্চ মনে করত নগ্ন হওয়াটা পাপ। ১৬৪১ সালের আগপর্যন্ত ইংল্যান্ডে সাবান প্রস্তুত হতে পারেনি। সে সময় ধর্মীয় অনুশাসনের কড়াকড়ি অনেকটা কমে এসেছিল, কিন্তু সরকারি নিষেধাজ্ঞা ও কর বসানোর ফলে সাবানশিল্পের বিকাশ ঘটতে পারেনি। ৫.‘ইংরেজ ভদ্র সমাজে’ মেলামেশার জন্য মোহনদাস করমচাঁদ গান্ধীকে (তাঁর তরুণ বয়সে) প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হয়েছে টাই বাঁধা এবং চুল আঁচড়ানো ও নাচ-গান শেখার কাজে। ৬.চতুর্দশ শতাব্দীর ফ্রান্সে ফিলিপ দ্য ফেয়ার এক ফরমান জারি করেছিলেন যে ডিউক, কাউন্ট, ব্যারন এবং তাঁদের স্ত্রীরা কেউই চারটির বেশি পোশাকের মালিক হতে পারবেন না; অবিবাহিত মেয়েদের জন্য ধার্য ছিল একটি মাত্র পোশাক, যত দিন পর্যন্ত না উত্তরাধিকারসূত্রে তারা কোনো দুর্গের মালিকানা পায়। ফিলিপের ফরমানে জুতার কোনো কথা বলা ছিল না, এর ফলে জুতা হয়ে উঠল সে সময়ের রুচিশীলদের প্রতীক। আবিষ্কারকের নামানুসারে ‘পালাইন’ ছিল এক বিশেষ ধরনের জুতা। যে জুতার ডগা দুই ফুট লম্বা, সে জুতা পরতেন রাজপুত্র এবং অভিজাত শ্রেণীর লোকেরা, এক ফুট লম্বা জুতা পরতেন ধনী ব্যবসায়ীরা আর আধা ফুট লম্বা জুতা পরত সাধারণ মানুষ। নিকোপলিসের যুদ্ধে (১৩৯৬) ওই জুতা বিপদের কারণ হয়ে দেখা দেয় ফরাসি ক্রুসেডারদের, পালানোর প্রয়োজনে বাধ্য হয়ে জুতার ডগা কেটে ফেলতে হয়। ৭.বার্মার পাদাং গোত্রের লোকেরা বিশ্বাস করে, যে মেয়ের ঘাড় লম্বা সে সুন্দরী। মেয়েরা যৌবনপ্রাপ্তির সঙ্গে সঙ্গে গলায় একটি পিতলের রিং লাগায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গলায় পিতলের রিংয়ের সংখ্যাও বাড়তে থাকে। ওই মেয়েরা পায়েও পিতলের রিং পরে ফলে প্রায় ২০ পাউন্ডের মতো ওজন নিয়ে চলাফেরা করতে হয় তাদের। ৮.‘আনন্দ’র জন্য রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার নতুন কিছু নয়। ১৮০০ সালে নাইট্রাস অক্সাইড আবিষ্কৃত হয়। শ্বাস-প্রশ্বাসের সঙ্গে নাইট্রাস অক্সাইড গ্রহণ করলে হালকা-পাতলা নেশা হতো, অনুভূতিকে উত্তেজিত করে তুলত এবং আবেগকে করে দিত হালকা। মানুষজন হেসে গড়িয়ে পড়ত, তাই এর নাম দেওয়া হয়েছিল ‘লাফিং গ্যাস’। একসময় বিশেষ পার্টির ব্যবস্থা করা হতো, মানুষজন গোল হয়ে বসে এই গ্যাস গ্রহণ করত। ৯.গৃহযুদ্ধ শেষ হওয়ার আগে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রেল কন্ডাক্টর ও মেইলম্যানরা কোনো ইউনিফরম পরতে রাজি ছিলেন না। ১৮৪৪ সালে নিউইয়র্ক পুলিশ প্রস্তাবিত নীল রঙের ইউনিফরম পরার বিরুদ্ধে ধর্মঘট করেছিল। ইউনিফরম দাসত্বের প্রতীক বলে তাঁরা বিরোধিতা করেছিল। সে সময়ে বাড়ির কাজের লোক এবং খানসামারা ইউনিফরম পরত। ১০.১৮২৯ সালে লিডিয়া চাইল্ড যখন দ্য আমেরিকান ফ্রুগাল হাউসওয়াইফ লেখেন, তখনকার চুলের বাহার এখনকার চেয়ে অনেকটা আলাদা ছিল। নিউ ইংল্যান্ডে রাম পানীয় ব্যবহার করা হতো চুল পরিষ্কার ও উজ্জ্বল রাখার জন্য। আর চুলের গোড়া শক্ত রাখার জন্য ব্যবহার করা হতো ব্র্যান্ডি। ১১.রেনেসাঁ-যুগে সোনালি চুলকে এতটাই খাটো করে দেখা হতো যে ডেনমার্কে স্বর্ণকেশী মেয়েদের শুধু দেখা যেত শ্রমিকশ্রেণীর লোকের সঙ্গে, যে কারণে মেয়েরা ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করত চুল ডাই করার কাজে। ১২.পনেরো শতকের শেষ দিকে ফ্রান্সের চার্লস অষ্টম তাঁর নিজের পায়ের ছয় আঙুল ঢেকে রাখার জন্য একধরনের জুতা পরা শুরু করেন, যে জুতার ডগা ছিল চৌকোনা, অনেকটা হাঁসের ঠোঁটের মতো। হাসান খুরশীদ সূত্র: দ্য বুক অব ফ্যাক্টস