যখন বলা হলো, ফাহিমের সম্পর্কে একটু বলেন, টেলিফোনের অন্য প্রান্তের কণ্ঠে যেন বর্ষার ভরা নদীর উচ্ছল তরঙ্গ। আবদুল্লা মিয়া বলে যান, ‘জানেন, আমার ভাতিজার জন্য আজ আমাদের ভীষণ গর্ব হয়। আমরা জানতাম, ও কিছু একটা করবেই। ও যখন খুব ছোট, তখনই দেখেছি ও কতটা মেধাবী। ক্লাসে সব সময়ই প্রথম হতো। দাবা খেলা যখন শিখল, দাবা নিয়েই পড়ে থাকত। আমরা ওর সঙ্গে পেরে উঠতাম না। দোয়া করবেন, ও যেন অনেক বড় খেলোয়াড় হতে পারে। আর একটা অনুরোধ, এমন কিছু লিখবেন না, যাতে ফ্রান্সে ওর কোনো অসুবিধা হয়।’টেলিফোনে তো আর মনের কথা বোঝা যায় না। তা না হলে আবদুল্লা মিয়া ঠিকই উপলব্ধি করতেন, এই লেখার মূল উদ্দেশ্যই ফাহিমের কৃতিত্ব দেশবাসীকে শত কণ্ঠে জানিয়ে দেওয়া। ফাহিম আলম আজ বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে; সাফল্যের নতুন এক ইতিহাস লিখেছে; নৈরাশ্যের অন্ধকারে জীবনের আশাবরি গান শুনিয়েছে; বাংলাদেশের ভাগ্যাহত লাখ লাখ অভিবাসী উন্মূল মানুষের জন্য এক বাতিঘরের সন্ধান দিয়েছে। কেমন করে? দাবা বোর্ডের সাদা-কালোয় অসাধারণ এক জয় ছিনিয়ে এনে।গত ১৪ থেকে ২১ এপ্রিল, নিমেষে আয়োজিত হয় ফ্রান্সের জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-১২) দাবা। নিতান্তই ছোট একটি দাবা প্রতিযোগিতা। এ নিয়ে দাবা-বিশ্বের কিছু যায়-আসে না। কিন্তু এখানেই খেলল বাংলাদেশের একটি ছেলে, নাম ফাহিম আলম। বয়স ১১। শুধু খেললই না, অপরাজিত চ্যাম্পিয়ন হলো। নয় রাউন্ডের টুর্নামেন্টে সে সাত রাউন্ডেই জিতল, বাকি দুই ম্যাচ ড্র। এই বয়সে নিয়াজ, জিয়ারা বাংলাদেশেও সাব-জুনিয়র চ্যাম্পিয়ন হয়ে গেছেন। ফ্রান্সের তুলনায় সেই সময়ে জনসংখ্যায় দ্বিগুণ বাংলাদেশে নিয়াজ-জিয়ার শ্রেষ্ঠত্ব তো অনেক বড়! আসল কথা হলো, ফাহিমের কৃতিত্বকে এমন সরলীকরণের গণ্ডিতে ফেলা যাচ্ছে না। তার এই জয় আলোড়ন তুলল ফ্রান্সে; গোটা ইউরোপে, এমনকি পুরো দাবা-বিশ্বে। ফ্রান্সের গণমাধ্যমে ঝড় বয়ে গেল। বড় শিরোনামে খবর হলো ঢাকার ডেমরা থেকে হাজার হাজার মাইলের দূরের এক দেশে। কারণ, এই নির্মম পৃথিবীতে ছোট্ট ছেলেটির জীবন-জয়েরই গল্প ছিল এটি। তখন সে অবৈধ অভিবাসী হয়ে আক্ষরিক অর্থেই এক ছিন্নমূল। পলাতক জীবন কাটছে নানাজনের কাছে আশ্রিত হয়ে। চড়াই-উতরাই পেরিয়ে ২০০৮ সালে ফ্রান্সে ঢোকার পর তার বাবা নূরে আলম ফ্রান্সের নাগরিকত্বের আবেদন করেছিলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে; যেমনভাবে এই দেশের অনেক মানুষ পশ্চিমা দেশে যায় ভাগ্যান্বেষণে। কিন্তু ফ্রান্স সরকার তাঁর আবেদন প্রত্যাখ্যান করায় ২০১০ সাল থেকেই তিনি ওই দেশে হয়ে পড়েন অবৈধ অভিবাসী। আর অবৈধ হওয়া মানেই পুলিশের রক্তচক্ষু, যেকোনো মুহূর্তে ফিরতি বিমানে চেপে বুকের মধ্যে স্বপ্নের রক্তক্ষরণ নিয়ে দেশে ফেরার অপেক্ষা। দেশত্যাগের সমন এল। তাহলে কি হেরে যাবেন নূরে আলম? অনেক স্বপ্ন দেখে তিনি ছেলেকে নিয়ে এসেছিলেন ইউরোপে। ছেলেকে বানাবেন পেশাদার দাবাড়ু, একদিন যে চমকে দেবে দাবা-বিশ্বকে! প্রবল জলোচ্ছ্বাসে বিশ্বাসের দু পাড় ভাঙতে থাকা বাস্তবতায় ছেলেই বাবাকে জোগাল জয়ের সাহস। সেটি ফ্রান্সের এই জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়।ফাহিম জেতার পর ফ্রান্সের অভিবাসন আইন নিয়ে প্রশ্ন তুললেন খোদ ফরাসিরাই।অভিবাসী আইনের এই কঠোর জালে আটকে কেন দাবার এই বালক-বীরের ভবিষ্যৎ ঢাকা পড়বে অনিশ্চয়তার মেঘে? ঠিক ওই সময়ে ফ্রান্সে নির্বাচনী ডামাডোল। ফ্রান্সের জনপ্রিয় রেডিও স্টেশন ফ্রান্স ইন্টারে রাজনৈতিক বিতর্কে অংশ নিতে এসে সুশীল সমাজের চাপে প্রধানমন্ত্রীকে বলতে হলো ফাহিমকে নিয়েও। দাবি উঠল, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ওর জন্য কিছু করতে হবে সরকারকে। প্রধানমন্ত্রী জানান, ফাহিমের ব্যাপারটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। ১১ মে নূরে আলম পেয়ে গেলেন তিন মাসের অস্থায়ী ওয়ার্ক পারমিট। তিন মাস পার হলে দেওয়া হবে আরও দীর্ঘ সময়ের জন্য বসবাসের অনুমতি। ফাহিমের ফ্রান্সে থাকতে সমস্যা ছিল না। কারণ সে এরই মধ্যে ভর্তি হয়ে গিয়েছিল তাদের আবাসস্থল দক্ষিণ প্যারিসের ক্রেতিল প্রিফেকচারের ক্লেমেন্ত গিয়ার স্কুলে। এই জয়ের পর ফ্রান্সের জুনিয়র জাতীয় দলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রেঞ্চ দাবা ফেডারেশনের কর্মকর্তা জর্ডি লোপেজ। নিজের জন্য নয়, ফাহিম বেশি খুশি তার বাবা অস্থায়ী ওয়ার্ক পারমিট পাওয়ায়। বাবা না থাকলে কে জানে তার সামনের লড়াইটার বাঁকে বাঁকে কত অজানা আশঙ্কা ওত পেতে থাকত!ফাহিমের যে অর্জন, তাতে আর নিঃসঙ্গ লড়তে হতো না তাকে। ২০০৮ সালের শেষ দিকে সে যখন প্যারিসের দক্ষিণ শহরতলি ক্রেতিলে এসে আশ্রয় নিল, বড় সহায় ছিল ক্রেতিল চেস ক্লাব। ওই ক্লাবের কোচ জেভিয়ার প্যারামিন্তেয়ার ছিলেন বড় ছায়া। আস্তে আস্তে সে তার দাবা-প্রতিভা দিয়ে জিতে নেয় ওই ক্লাবের সবাইকে, স্কুলের বন্ধু ও তাদের পরিবারের হূদয়। দুই বছর না যেতেই ফাহিম হয়ে যায় পুরো ক্রেতিলের। হবেই বা না কেন? অমন শান্ত-ভদ্র আচরণ, তার ওপর ক্লাসেও প্রথম, দাবাতেও সেরা। দুই বছরের মধ্যে প্যারিসের আশপাশে অনেক শিরোপা জিতেছে সে। অনূর্ধ্ব-১৮, এমনকি অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের টুর্নামেন্টেও জিতেছে। সবশেষে জিতল জাতীয় জুনিয়র দাবা। সবার মন জিতে নেওয়াতেই তো রাস্তায় রাস্তায় ঘুরতে হয়নি বাবাকে সঙ্গে নিয়ে। বাবা-ছেলেকে আশ্রয় দিয়েছে ফাহিমের বন্ধুরা, ক্লাবের সতীর্থরা। বাংলাদেশসহ অন্য দেশের অভিবাসীরাও এসেছেন এগিয়ে। ফাহিম আজ আর ফ্রান্সে সহায়হীন নয়। ফরাসিরাই তার আত্মার আত্মীয় হয়ে গেছে।এই ফাহিমের দাবা-প্রতিভা সেভাবে কারোর চোখেই পড়েনি বাংলাদেশে। ছয় বছর বয়সে তাকে নিয়ে যখন তার বাবা দাবা ফেডারেশনে আসতেন, ছেলেটি চোখ বড় বড় করে তাকিয়ে থাকত খেলোয়াড়দের দাবার বোর্ডে। সেই চোখে সুদূরের হাতছানি কেউ দেখতে পায়নি, একমাত্র তার বাবা ছাড়া। বাবা ফায়ার সার্ভিসে চাকরি করতেন। প্রথম বিভাগ দাবা লিগে খেলতেন। ছেলেটি খেলেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবায়, সাব জুনিয়রে। একেবারে হইচই ফেলে দেওয়ার কিছু নয়। বাংলাদেশের আন্তর্জাতিক দাবা বিচারক হারুনুর রশিদ বলেন, ‘ওর বাবার সঙ্গে ওকে ফেডারেশনে খেলতে দেখেছি। তবে ও খুব শান্ত ছিল। ওর একটা বিষয়ই একদিন মন কেড়েছিল। দেখলাম, ও দাবার ভালো চালগুলো মনে রাখতে পারে।’ওর বাবা ঘরের কোণের এই ছেলেকে ঠিকই চিনেছিলেন গভীরভাবে। তাই দাবার তীর্থভূমি ইউরোপে নিয়ে যাওয়ার জন্য ছিলেন উদ্বাহু। অমানুষিক পরিশ্রম করেছেন। এ জন্য রাজীব-নাসিরদের কোচিংয়ে ভর্তি করিয়েছেন। সেই ডেমরা থেকে নিয়ে গেছেন গুলশানে। রুটিন বেঁধে। তারপর ফেডারেশন থেকেই একদিন খোঁজ পেলেন বুদাপেস্টের (হাঙ্গেরি) ফার্স্ট স্যাটারডে চেস টুর্নামেন্টের খবর। আন্তর্জাতিক দাবা সংগঠক লাজলো নেগি চালান এই টুর্নামেন্ট। এখানে এন্ট্রি ফি দিয়ে অংশ নিতে পারে রেটেড দাবাড়ুরা। পিটার লেকো, জুডিত পোলগারদের মতো দাবাড়ু উঠে এসেছেন ওই টুর্নামেন্ট থেকে। কিন্তু ওখানে যাওয়া তো সহজ নয়! অনেক কষ্টে দিল্লি গিয়ে ভিসা নেওয়া হলো। ওই স্যাটারডে চেস থেকেই ফ্রান্সের দিকচিহ্ন চোখে পড়ল নূরে আলম ও ফাহিম আলমের।ছবির দেশ, কবিতার দেশ, সৌরভের দেশ ফ্রান্স থেকেই হয়তো ফাহিমের দাবা-প্রতিভা সুরভি ছড়াবে সারা বিশ্বে। কিন্তু ওর বুকের মধ্যে লাল-সবুজ আঁকা থাকলেও মাথায় যে থাকবে ফ্রান্সের তেরঙা! বাংলাদেশ প্রতিভাদের চিনতে পারে না। পারলেও ধরে রাখতে জানে না। তার পরও ফাহিম, তোমার মধ্যেই বাংলাদেশ খুঁজে পাবে গৌরব!