
মঞ্চের পেছনে সমান তিন ভাগের তিনটি আয়না। দুই ভাগে বিভক্ত মঞ্চের ডানে একটি টেবিল, তার পাশে রাখা চেয়ারে রঙিন পোশাকে মোড়া একটি নরকঙ্কাল। এই নাটকের সে–ও একটি চরিত্র। যাকে নিয়ে এই নাটক, সেই ফ্রিদা কাহালো—বেঁচে থেকেও ছিলেন মৃত, তাঁর জীবনীশক্তি অনেক আগেই হয়েছিল নিঃশেষিত—নরকঙ্কালটি আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। মঞ্চের অন্য ধারে একটি আলনা, তাতে সযত্নে সাজানো হরেক রকম সাজপোশাক। প্রায় অন্ধকার একটি দরজা দিয়ে হুইলচেয়ার ঠেলে মঞ্চের মাঝখানে এসে বসেন ফ্রিদা কাহালো। পেচনের কাচে দেখা যায় একজন নয়, অনেক ফ্রিদাকে। দর্শকের সারিতে বসে আছে যারা, আয়নায় তাদেরও প্রতিচ্ছায়া নজরে পড়ে, উন্মুখ ও আগ্রহী।
বস্তুত, ফ্রিদা একজন নন, একই সঙ্গে অনেকজন। তিনি নিজেই নিজের আত্মপরিচয় নানা সময়ে বিভিন্নভাবে আবিষ্কার করেছেন, এর কোনোটি সত্যি, কোনোটি তাঁর কল্পনার রঙে আঁকা। অথবা হয়তো দুটোই কৃত্রিম; সত্যিকার ফ্রিদাকে আমরা হয়তো কোনো দিনই চিনতে পারিনি।
ফ্রিদা কাহালো—মেক্সিকোর দুই প্রধান চিত্রকরের একজন। অন্যজন তাঁরই স্বামী দিয়েগো রিভেরা। শিশুকালে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন। ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো তাঁকে। আঠারো বছর বয়সে বাস দুর্ঘটনায় প্রায় মরতে বসেছিলেন, লোহার একটি দণ্ড তাঁর দুই পায়ের ফাঁক দিকে ঢুকে শিরদাঁড়ায় গিয়ে আঘাত করে। কাঁধের হাড় যায় ভেঙে, দু–টুকরো হয়ে পড়ে বুকের পাঁজর, একটি পা স্থানচ্যুত হয় এবং শ্রেণিচক্র তিন জায়গায় বিদ্ধ হয়। দিনের পর দিন হাসপাতালের শয্যায় কাটাতে হয়েছে তাঁকে। সে সময় তাঁর মনে হতো, মৃত্যু যেন তার শয্যার চারপাশে নেচে বেড়াচ্ছে। সেই ফ্রিদা শুধু বেঁচে উঠলেন তা–ই নয়, হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত একজন শিল্পীও। নিজের বেদনা ও একাকিত্ব কাটানোর জন্য হাতে তুলে নিয়েছিলেন তুলি, সেই তুলিই তাঁকে অমর করল।
এই ১৬ নভেম্বর আমরা নিউইয়র্কের কুইন্স থিয়েটারে গিয়েছিলাম চিত্রকর ফ্রিদার শিল্পকর্ম দেখতে নয়, গিয়েছিলাম মানুষ ফ্রিদাকে চিনতে। কলম্বিয়ার বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা ফ্লোরা মার্তিনেস তাঁর একক অভিনীত ফ্রিলিবরে নামের এই নাটকে ফ্রিদার ডায়েরি খুঁড়ে উদ্ধার করেছেন এক ব্যক্তিগত ফ্রিদাকে, একই সঙ্গে যিনি বিদ্রোহী ও প্রবল অনুগত, যিনি ঘৃণার আগুনে জ্বলছেন অথচ সামান্য ভালোবাসার জন্য ভিখারির মতো একাকী।
মাত্র এক ঘণ্টায় এগারোটি বিরতিহীন কাহিনিচিত্রের ভেতর দিয়ে প্রবল বৈপরীত্যে ভরা এই ফ্রিদাকে জীবন্ত করে তুললেন ফ্লোরা। কখনো তিনি দুর্ঘটনায় ক্ষতবিক্ষত তরুণী, কখনো রিভেরার প্রতিভার আগুনে ঝলসে যাওয়া প্রেমিকা, কখনো তাঁর বিশ্বাসঘাতকতা ও অহংকারে দীর্ণ ও নিঃস্ব হয়ে যাওয়া এক ব্যর্থ মানবী।
মেক্সিকোর সমাজতান্ত্রিক বিপ্লবের প্রধান এক ভাষ্যকার ছিলেন রিভেরা, ফ্রিদা তাঁরই স্ত্রী। ফ্রিদা ব্যক্তিগত দুর্যোগের ভেতরেও বিপ্লবের সম্ভাবনায় আস্থা রেখেছেন, তার পতাকা কাঁধে তুলে নিয়েছেন। এমনকি নিজের জন্মসাল ১৯০৭–এর বদলে তিনি বলতেন ১৯১০। কেননা, সে বছর থেকেই মেক্সিকোয় সমাজতান্ত্রিক বিপ্লবের সূচনা। এই বিপ্লবের সূত্রে, স্বামী রিভেরার মাধ্যমে লিওন ট্রটস্কির সঙ্গে তাঁর পরিচয় ও প্রণয়।
মাত্র এক ঘণ্টায়, কখনো কথায় কখনো গানে, খণ্ড খণ্ড প্রতিটি অধ্যায়কে এক অবিচ্ছিন্ন নকশি কাঁথার ফ্রেমে তুলে এনেছেন অভিনেত্রী ফ্লোরা।

জীবদ্দশায় ফ্রিদা কখনো স্বীকৃতি পাননি শিল্পী হিসেবে। একবার প্যারিসে এসেছিলেন ছবির প্রদর্শনী করতে, বিক্রি হয়নি একটি ছবিও। রিভেরা তাঁকে পরিহাস করে বলতেন, তুমি তো কেবল নিজের ছবিই আঁকো, সে আর এমন কি। ঠিকই, জীবনভর নানাভাবে ও ভঙ্গিতে নিজের অসংখ্য ছবি এঁকেছেন ফ্রিদা। উজ্জ্বল রঙের সেসব ছবিতে অধিকাংশ সময়ই ফ্রিদা বিচিত্র সাজপোশাকে সজ্জিত—মাথায় ফুল, সারা অঙ্গে বাহারি গয়না। কোনোটি প্রথাগত মেক্সিকান তেউয়ানা ধাঁচে, কোনোটি আধুনিক অলংকরণে। এই রং ও আলোর পেছনে ছিল এক গভীর বিষণ্ন, একাকী মানুষের জীবন। সেই একাকী মানুষটি আর কেউ নয়, ফ্রিদা–ই। এই সময়ে দাঁড়িয়ে আমরা যখন এ চিত্রকরের জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে ছবিগুলো দেখি, বুঝতে বাকি থাকে না, নিজের বেদনাকে ফ্রিদা ঢাকতে চেয়েছেন রং ও ফুলের বিচিত্র উপচারে।
দিয়েগো রিভেরা—যাঁকে ফ্রিদা মানতেন প্রভু বলে—তিনি শুধু ব্যভিচারী ছিলেন তা নয়, ফ্রিদাকে প্রতিনিয়ত শারীরিক আঘাতও করতেন। ফ্রিদা নিজ গৃহে কনিষ্ঠা ভগিনীকে দেখেছেন রিভেরার অঙ্কশায়িনী হতে। ক্রোধের আগুনে পুড়েছেন, রিভেরার মুখের ওপর দরজায় খিল এঁটে দিয়েছেন, গৃহত্যাগ করেছেন, শুধু রিভেরার মনোযোগ পাওয়ার জন্য এরপর নিজেও হয়েছেন বহুগামী। একসময় তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটেছে, আবার তঁারা বিয়ে করেছেন। কোনো সন্দেহ নেই, ফ্রিদা রিভেরাকে ভালোবাসতেন পাগলের মতো। ঘৃণাও করতেন। এই ভালোবাসা আর ঘৃণার আগুনে জ্বলতে জ্বলতে প্রার্থনা করতেন, প্রভু, ফিরে এসো।
বিশালাকার রিভেরার পাশে ফ্রিদা ছিলেন পাখির পালকের মতো তুচ্ছ। কী জানি, হয়তো সে জন্যই নিজেকে ডাকতেন তিনি ‘পালোমা’ অর্থাৎ কবুতর বলে। ফ্লোরা মার্তিনেস অভিনীত এই নাটকেও পালোমার উদ্দেশে ফ্রিদার জবানিতে তাবৎ স্বগতোক্তি নিবেদন করেন ফ্লোরা। নিজের অপারগতার কথা, ক্ষুদ্র হতে হতে নিঃশেষ হয়ে যাওয়া— নিজেকে ছাড়া এই কথা আর কার সঙ্গেই–বা বলা যায়! ডায়েরিতে ফ্রিদা লিখেছেন, আমি একটা ব্যর্থ মানুষ। নিজের জীবনে আমার কিছুই হলো না। এই কিছু না হওয়ার কথাই ছবিতে নানাভাবে বলে গেছেন তিনি। সে জন্য এক অর্থে তাঁর চিত্রকর্মই তাঁর প্রকৃত আত্মজীবনী।
এই কথাটা বোঝাবার জন্য ফ্লোরা মার্তিনেস তাঁর নাটকের একদম শেষ পর্যায়ে মঞ্চে এনে রাখেন ফ্রিদার আঁকা বিখ্যাত ছবি ‘টু ফ্রিদাস’। এই ছবিতে দেখা যায়, একই ক্যানভাসে পাশাপাশি দুটি আত্ম-প্রতিকৃতি (বলার অপেক্ষা রাখে না আত্ম–প্রতিকৃতি দুটি ফ্রিদারই)। একটির পরনে আধুনিক পোশাক, অন্যটির মেক্সিকোর ঐতিহ্যিক আভরণ। উভয় ফ্রিদার বুক চিরে বেরিয়ে এসেছে তাঁর রক্তাক্ত হৃদয়। প্রথম ফিদার হাতে একটি কাঁচি, বোঝা যায় তা দিয়েই বুক কেটে নিজের হৃদয় উন্মোচন করেছেন কিছুক্ষণ আগে। প্রথম হৃদয় থেকে একটি ধমনি ছিটকে বেরিয়ে এসে যুক্ত হয়েছে দ্বিতীয় রক্তাক্ত হৃদয়ে। একই মানুষ, তাঁর দুই স্বরূপ, উভয়কে যুক্ত করেছে বুক চেরা ওই ধমনি।
নাটকটি দেখার পর আমাদের আর কোনো সন্দেহই থাকে না, এই দুই ফ্রিদা আদতে একই মানুষ। অন্তর্গত রক্তক্ষরণে দীর্ণ এই মানুষটি আত্মরক্ষার জন্য আশ্রয় করেছিলেন চিত্রকলাকে। অবশ্য জীবদ্দশায় সে কাজের কদর তিনি পাননি। কয়েক হাজার ছবি এঁকেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিল ‘টু ফ্রিদাস’—মাত্র এক হাজার ডলারে।
তবে রিভেরার ওপর চূড়ান্ত প্রতিশোধ ফ্রিদা নিয়েছিলেন মৃত্যুর পর। আজ পৃথিবীর মানুষ বিখ্যাত চিত্রকর হিসেবে রিভেরার নাম স্মরণ করে বটে পাশাপাশি এ–ও বলে, তিনি ছিলেন ফ্রিদার উচ্ছৃঙ্খল স্বামী। আর ফ্রিদা কাহালোর পরিচয় বিশ শতকের এক ব্যতিক্রমী, বিদ্রোহী চিত্রকর হিসেবে। ফ্রিদা বলেছিলেন, মৃত্যু তখনই আসে যখন মানুষ তাকে ভুলে যায়। আমরা ফ্রিদাকে ভুলিনি, মৃত্যু হয়নি তাঁর।