ফ্র্যাঙ্কোফোনি উত্সব চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণ নিয়ে সভায় কথা বলছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান
মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণ নিয়ে সভায় কথা বলছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান

সারা পৃথিবীর ফরাসীভাষী দেশগুলোতে শুরু হয়েছে ফ্র্যাঙ্কোফোনি উৎসব। অন্যান্য দেশের সঙ্গে ১১ মার্চ থেকে বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামেও শুরু হয়েছে এ উৎসব। প্রতি বছর একুশে ফেব্রুয়ারির এক মাস পর ২০ মার্চ সারা পৃথিবীর ফরাসি ভাষা ব্যবহারকারী দেশসমূহ আন্তর্জাতিকভাবে ফ্র্যাঙ্কোফোনি দিবস উদযাপন করে আসছে। 

এ উৎসব উদযাপনের অংশ হিসেবে আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় ‘মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণ’ নিয়ে আলোচনা। এতে মূল প্রবন্ধ পড়েন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক জিনাত ইমতিয়াজ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রঙ্কোফোনির প্রতিনিধিত্বকারী দূতাবাসগুলোর রাষ্ট্রদূতেরা এবং কানাডীয় হাইকমিশনের প্রতিনিধিরা।
উৎসবটি উদ্‌যাপনে এ বছর বাংলাদেশে ফ্রান্সের ঢাকা ও চট্টগ্রাম দূতাবাসে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ফরাসি ক্রীড়া প্রতিযোগিতা পেতঙ্ক, ল্যাবসি-তোয়া, রান্না প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, ফরাসি ভাষায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন, অনুবাদ প্রতিযোগিতা। অনুষ্ঠান চলবে ২০ মার্চ পর্যন্ত।
বিশ্বজুড়ে ২২০ মিলিয়ন মানুষ ফরাসি ভাষায় কথা বলেন। এ ছাড়া এটি ৩২টি দেশের রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহৃত হয়। ঢাকায় অবস্থানকৃত ফ্রঙ্কোফোনি মিশনগুলো হলো কানাডীয় হাইকমিশন, মিশর, ফরাসি, মরক্কো, কাতার, সুইজারল্যান্ড এবং ভিয়েতনাম।