>প্রথম আলো বর্ষসেরা বই: ১৪২২-এর মননশীল শাখায় এবার সৈয়দ আবুল মকসুদের গবেষণাগ্রন্থ ঢাকা বিশ্বিবদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা এবং সৃজনশীল শাখায় পুরস্কার পেয়েছে ফয়জুল ইসলামের গল্প সংকলন খোয়াজ খিজিরের সিন্দুক। আগামীকাল বাংলা একাডেমিতে দেওয়া হবে এই পুরস্কার
কী আছে খোয়াজ খিজিরের সিন্দুকে? কলোনিয়ান সাহিত্যপ্রকরণকে অস্বীকার করতে গিয়ে আমাদের বিদ্বজ্জন ও কথাসাহিত্যিকেরা যেসব পথের অনুসন্ধান করেছিলেন, জীবন ও মানুষকে যেভাবে পরখ করতে চেয়েছিলেন, তার ফলে দেখা দিয়েছিল উপনিবেশ-উত্তর যে সাহিত্যপ্রকরণ, এ আসলে তারই পরখঘর, এ যেন তারই আয়নাঘর। এই বই পড়তে পড়তে তাই আমরা এমন সব গল্প-কাহিনির কাছে পৌঁছাই, যা শোনা যায় শীতের আগুনপোহানো কামলা-মজুরদের কণ্ঠ থেকে, যা শোনা যায় জ্যোৎস্নায় বিহ্বল হয়ে বৃক্ষের কিংবা কাঁচা পথের মোড়ে হাঁটুর ওপর পর্যন্ত লুঙ্গি তুলে বসে বসে হুঁকা টানা কৃষিজীবীদের মজমায় বসলে, যা শোনা যায় কর্মক্লান্ত বিকেল মুছে যাওয়ার মুহূর্তে শহরের ছোট ছোট চায়ের দোকানে জটলা পাকানো অফিসফেরতা কর্মজীবীদের কণ্ঠে।

তাই খোয়াজ খিজিরের সিন্দুক বইয়ের গল্পগুলোতে মনোযোগী হলেই আমরা পাই এমন আস্বাদ, শতাব্দীর পর শতাব্দী ধরে, যা আচ্ছন্ন করে রেখেছে এ দেশের প্রান্তিকজন আর মধ্যবিত্ত মানুষকে। শুধু আচ্ছন্ন তো নয়, মারতে মারতে বাঁচিয়েও রেখেছে বটে। চ্যাংটা, যে কি না ‘খোয়াজ খিজিরের সিন্দুক’ গল্পের প্রধান চরিত্র, কুয়াঝরানি এই মানুষটি যেন এ দেশের সব নিম্নবর্গের মানুষের প্রতিনিধি। তুলনায় ‘আবু তাহের, ইন্দুর এবং সোনালী’, ‘বাবা’ কিংবা ‘গগনশিরিষ’ গল্পগুলোর মানুষগুলো অনেক বেশি মধ্যবিত্ত বটে, কিন্তু নতুন কোনো সাংস্কৃতিক জীবনযাপনে তারা কতটুকু প্রবেশ করেছে, তা নিয়ে সংশয় থেকেই যায়। সব মিলিয়ে এ বইয়ের মানুষগুলোর জীবন তাদের কাছে উদ্যাপনেরই বটে, কিন্তু সেই জীবনই তাদের ম্রিয়মান করে রেখেছে। কিন্তু অন্তহীন নির্লিপ্ত এক সংগ্রামেরও নায়ক তারা—যে সংগ্রামের ধারাপাত সবচেয়ে বেশি সংঘবদ্ধভাবে প্রকাশ পেয়েছে বোধকরি ফয়জুল ইসলামের নির্মিত চরিত্র চ্যাংটা, আবু তাহের ও সোনালীর ভেতর দিয়ে; বিশেষ করে চ্যাংটার মধ্যে দিয়ে। জীবনের শ্লীলতা-অশ্লীলতা, বিপণ² তা-অসম্মান, স্খলন-অবদমন—কোনো কিছুই দমিয়ে রাখতে পারে না তাকে। সে চায় তার অতল দারিদ্র্যকে জয় করতে। এই চাওয়া তাকে নিয়ে যায় এক কল্পলোকের কাছে, কল্পলোকে ঘুরপাক খায় সে, শোক, বিষণ্নতা ও মৃত্যুময়তার দোলাদলের মধ্যেও সেই কল্পলোক তাকে স্বপ্ন বয়ে বেড়াতে শেখায়। কলুর বলদের মতো সে স্বপ্ন দেখতে থাকে, জলের পয়গম্বর খিজির তার হাতে তুলে দিচ্ছে সব দুঃখ-তাড়ানিয়া গুপ্তধন বোঝাই ওজনদার এক সিন্দুক।

যত সহজে এটুকু কথা বলা বা লেখা গেল, বিষয়টা ঠিক ততটা সহজ নয়। কেননা বাস্তবতার ওপরে দাঁড়িয়েই নির্মিত হতে থাকে ওই স্বপ্নের, কল্পলোকের ধারা। কুয়া থেকে পড়ে যাওয়া গয়নাগাটি, জিনিসপত্র তোলার কাজ করে চ্যাংটা, কুয়ার ভেতরে জমা হওয়া ময়লা-আগাছা সরায়, কাঁদামাটি তুলে টলটলে স্বচ্ছ জলের ধারা থিতু করে রাখে তার তলদেশে। তার সাক্ষাৎ-ওস্তাদ সবিরুদ্দি একবার এক কুয়ার মধ্যে পেয়েছিল সোনায় গড়া ছোট এক বাক্স, তার মধ্যেই ছিল আবার একজোড়া ওজনদার সোনার দুল। কায়দা করে সেটা লোপাট করে দিতে পেরেছিল ওস্তাদ। আবার ওস্তাদের ওস্তাদ মোহাম্মদ আজমত মস্ত বড় এক ইদারার মধ্যে পেয়েছিল দুই ফুট বাই এক ফুটের সোনা-রুপার মোহরভর্তি একটা সিন্দুক। কুয়ার তলে বাস করা দেওরা জলের নিচের কুঠরিতে লুকিয়ে রাখে এ রকম মূল্যবান কত সম্পদ—সোনার টাকার সিন্দুক, রুপার ইট, সোনার কলস, নানা রঙের মণি-জহরত। কারও ওপর খুশি হলে তা থেকেই ধন বিলান খিজির পয়গম্বর। তেমনভাবে সোনা পাওয়ার সম্ভাবনার মধ্যে হাবুডুবু খায় চ্যাংটা—কেননা আর দশজন গ্রামবাসীর মতো তাকেও সীমিত সম্পদের প্রতিযোগিতায় মেতে থাকতে হয় সারা দিনরাত। এমনকি সাগরেদ নজরের সঙ্গেও চলে সেই নীরব সহিংস প্রতিযোগিতা। প্রতিযোগিতা, আবার সহযোগিতাও। নজরকে নিয়েই চ্যাংটা গুপ্তধন পাওয়ার উৎসবে মাতে খুনকারদের বাতিল কুয়ার ভেতর। বদ্ধ অন্ধকার কুয়ার ভেতর তার দম বন্ধ হয়ে আসতে থাকে, কী করে যেন হারিয়ে যেতে থাকে শরীরের সমস্ত জোর; অক্সিজেন-শূন্যতায় তখন তার কি মৃত্যুই ঘটে সেই রাতে? না সত্যিই খোয়াজ খিজির পয়গম্বর তাকে নিয়ে যায় নিজের সংগ্রহশালাতে, হাসিমুখে তার দিকে বাড়িয়ে ধরে মোহরে ঠাসা সোনার এক সিন্দুক? আমরা তার উত্তর পাই না, আমরা কেবল বুঝতে পারি, চ্যাংটার কোমরে বাঁধা দড়িতে টান পড়েছে, কিন্তু সে ডান হাত বাড়িয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে খিজির পয়গম্বরের বাড়িয়ে ধরা সিন্দুকটাকে নিতে।