ফয়েজ আহমেদ ফয়েজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটো বড় ঘটনা ঘটছে এ বছর—রবীন্দ্রনাথের জন্মের সার্ধশত বার্ষিকী এবং ফয়েজ আহমেদ ফয়েজের জন্মের শতবার্ষিকী। একভাবে দেখলে মনে হবে, কবি হিসেবে এ দুজনের কোথাও কোনো মিল নেই। একজন আধ্যাত্মবাদী, মানুষে ঈশ্বর খুঁজেছেন, তাতেই মুক্তি দেখেছেন। অন্যজন বস্তুবাদী, মার্ক্সবাদী বিপ্লবে সামাজিক পরিবর্তনের সম্ভাবনায় গভীর বিশ্বাসী, জেনেছেন সেই বিপ্লবেই আসবে গোষ্ঠীবদ্ধ মানুষের মুক্তি। কিন্তু এই ফারাকটুকু সত্ত্বেও দুই কবির এক জায়গায় অসম্ভব মিল। তাঁরা দুজনই প্রেমের কবি। একজন বাংলায়, অন্যজন উর্দুতে তাঁর ভাষার শ্রেষ্ঠ প্রেমের কবিতা লিখে গেছেন। আধ্যাত্মিকতা নয়, অথবা বিপ্লবের তুর্য নিনাদ নয়, জন্মের ১০০ বছর অথবা এক হাজার বছর পরও পৃথিবীর প্রেমিক মানুষ তাঁদের কবিতা পড়বে। কারণ হূদয়ের যে কথা সে বলতে ব্যাকুল, এ দুই কবির মতো আর কজন তা বলতে পেরেছেন?রবীন্দ্রনাথের উদাহরণ দরকার নেই, সে আমাদের জানা। ফয়েজ থেকে একটি উদাহরণ নেওয়া যাক। কাশ্মীরি কবি আগা শাহেদ আলী, ফয়েজের কবিতার সেরা অনুবাদ যাঁর হাত দিয়ে হয়েছে, লিখেছেন, তাঁর বাবা প্রায়ই ফয়েজের একটি কবিতা আওড়াতেন। বাংলায় সেটি অনেকটা এ রকম:তুমি অধরা রবে—সে আমার নিয়তিকিন্তু তোমাকে ভালোবাসব, সে তো আমার ব্যাপার।সেই প্রেমই যদি আমাকে ফাঁসির মঞ্চে তুলে দেয়, তাহলেতা নিয়ে আবার অভিযোগ কেন?ফয়েজের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯১১, পাঞ্জাবের শিয়ালকোটে। ধনাঢ্য পরিবারের সন্তান। মাত্র দুই বছর বয়সে তিনি মাকে হারান, কিন্তু আইনজীবী ও কূটনীতিক বাবা তাঁর কোনো শখই অপূর্ণ রাখেননি। লেখাপড়ায় হাতেখড়ি শিয়ালকোটের মিশনারি স্কুলে, কবিতার সঙ্গে সেখানেই প্রথম পরিচয়। ইংরেজি, উর্দু, ফার্সি ও আরবি—এই চার ভাষায় তাঁর সমান দখল ছিল। ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি নিয়েছেন, পরে আরবি ভাষা ও সাহিত্যেও এমএ পাস করেন। অধ্যাপনা দিয়ে চাকরিজীবন শুরু। তিরিশের দশকে নবগঠিত প্রগতি লেখক সংঘের সদস্য হিসেবে উপনিবেশবিরোধী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। মার্ক্সবাদে দীক্ষাও সে সময়। হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলে দ্বিতীয় মহাযুদ্ধে অংশ নেন ব্রিটিশ বাহিনীর পক্ষে, সাহসিকতার জন্য রাজকীয় সনদও পান। ১৯৪৭ সালে দেশ ভাগ ও পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তান টাইমস পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দেন।ধর্মের ভিত্তিতে পাকিস্তানের সৃষ্টি, ফয়েজ তা অনুমোদন করেননি। ক্ষমতার কেন্দ্রে সামন্তবাদীদের আধিপত্য তাঁকে উদ্বিগ্ন করে। খুব দ্রুত তিনি নবগঠিত পাকিস্তানের শাসকগোষ্ঠীর সমালোচক হয়ে ওঠেন। সে সময়ই লিখেছিলেন, আঁধারে মোড়া যে সকাল হলো, এমন মিথ্যা স্বাধীনতার সকাল তো আমরা কেউ চাইনি। ১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীর একদল বামপন্থী অফিসার সামরিক অভ্যুত্থানের চেষ্টা করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান নিজে এক বেতার ভাষণে জানান, এই সামরিক অভ্যুত্থানের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা হলেন সেনাপ্রধান মেজর জেনারেল আকবর খান ও তাঁর স্ত্রী নাসিম আকবর খান, ব্রিগেডিয়ার মোহাম্মদ আবদুল লতিফ ও ফয়েজ আহমেদ ফয়েজ। তাঁদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়। মজার কথা, যে আইনের ভিত্তিতে তাঁরা গ্রেপ্তার হন, তা ছিল ব্রিটিশ আমলের ‘বেঙ্গল রেগুলেশনস অ্যাক্ট, ১৮১৮।’ এই ষড়যন্ত্রে ফয়েজের মৃত্যুদণ্ড হওয়ার কথা, ফয়েজ নিজে সে কথাই জানতেন। মৃত্যুর প্রহর গুনতে গুনতে ফয়েজ সে সময় লেখেন তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ দাস্ত-এ-সাবা (বাতাসের আঙুল)। চার বছর আটক থাকার পর ১৯৫৫ সালে আন্তর্জাতিক চাপের কারণে ফয়েজকে মুক্তি দেওয়া হয়। কিন্তু খুব বেশি দিন মুক্ত থাকতে পারেননি ফয়েজ। ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক সরকার তাঁকে ফের গ্রেপ্তার করে। তত দিনে ফয়েজ পাকিস্তানের সেরা উর্দু কবি। ১৯৬২ সালে ইউনেসকো তাদের অনুবাদ প্রকল্পের জন্য পাকিস্তানের প্রধান কবির নাম জানতে চাইলে আইয়ুব নিজেই ফয়েজের নাম প্রস্তাব করেন। সে বছরই ফয়েজ তাঁর কবিতার জন্য লেনিন পুরস্কারে ভূষিত হন। ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতার পর জুলফিকার ভুট্টো পাকিস্তানের ক্ষমতাভার গ্রহণ করলে ফয়েজকে তিনি পাকিস্তানের ন্যাশনাল আর্টস কাউন্সিলের প্রধানের দায়িত্ব দেন। ১৯৭৪ সালে ভুট্টোর সঙ্গে স্বাধীন বাংলাদেশে একবার এসেছিলেন ফয়েজ। ‘ঢাকা থেকে ফিরে’ নামের তিনটি চমৎকার কবিতাও লিখেছিলেন তিনি। ১৯৭৮ সালে ভুট্টো ক্ষমতাচ্যুত হলে দেশের বাইরে চলে যান ফয়েজ। বৈরুত থেকে আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা লোটাস-এর সম্পাদনার দায়িত্ব পড়ে তাঁর ওপর। ১৯৮৪ সালে তাঁর মৃত্যুর কয়েক মাস আগে দেশে ফিরে আসেন তিনি।ফয়েজ প্রগতিশীল কবি বলেই পরিচিত, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁর রাজনৈতিক কবিতাগুলোর মূল সুর মুক্তি ও নাগরিক অধিকারের পক্ষে স্পষ্ট সমর্থন। ফলে যেকোনো দেশের সংগ্রামরত মানুষই সে কবিতার সঙ্গে একাত্মবোধ করতে পারে। কঠিন ও বিরুদ্ধ রাজনৈতিক আবহে লেখা এই কবিতার ভাষা অনেক সময়েই প্রতীকী। যে কথা সরাসরি বলা যায় না, কবি তা বলেন ইঙ্গিতে, অলক্ষ্যে। অনায়াসে স্থানান্তরযোগ্য সে কবিতা। মৌল অধিকারের জন্য সংগ্রাম পৃথিবীর সর্বত্রই অভিন্ন। ফলে নেরুদার মতো ফয়েজের কবিতারও নির্দিষ্ট কোনো কাল নেই, কোনো স্থান বা পাত্র নেই।এডওয়ার্ড সায়ীদ ফয়েজের কবিতা ভালোবাসতেন। তিনি লিখেছেন, ফয়েজের কবিতার একটি প্রধান বৈশিষ্ট্য হলো, এই কবিতা বুদ্ধিজীবী যেমন পড়ে আনন্দ পান, ঠিক তেমনই আনন্দ পান সাধারণ মানুষ। ফয়েজ ফার্সি, ধ্রুপদি কবিতার বিভিন্ন ফরম—যেমন ক্বাসিদা, গজল, মাসনাভি ও ক্বিতা থেকে অনুপ্রেরণা নিয়ে তাকে রূপান্তর করতেন এক নতুন আঙ্গিকে, কবিতাকে প্রদান করতেন এক নতুন বাগ্মিতা ও ছন্দে। সায়ীদ মনে করেন, এই পরিবর্তনের ভেতর দিয়ে ফয়েজের কবিতায় একই সঙ্গে পুরোনো ও নতুন জায়গা করে নেয়। ‘তাঁর কবিতা এত নিখুঁত ও বিশুদ্ধ যে সেখানে অনায়াসে শোনা যায় কিটসের ইন্দ্রিয়ময়তা ও নেরুদার তেজ।’ফয়েজের বিপ্লবের কবিতাগুলো বাংলায় আমরা পড়েছি রণেশ দাশগুপ্তের অনুবাদে। আর তাঁর প্রেমের কবিতার সঙ্গে আমাদের পরিচয় মুখ্যত বেগম আখতারের গলায় শোনা গজল থেকে। সে গজলের অর্থ উদ্ধার সব সময় সহজসাধ্য ব্যাপার নয়, কিন্তু যখনই যোগ্য কোনো অনুবাদের মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় ঘটেছে, তাতে অনায়াস আশ্রয় মিলেছে সব শ্রোতার ও পাঠকের। এসব গজল বা ক্বাসিদার মুখ্য সুর বেদনার। প্রেমের কবিতা তো চিরকালই বেদনার, রবীন্দ্রনাথের কাছ থেকে কি সে কথা আমরা শিখিনি? সে মাধুরী অধরা বলেই তা এমন সুন্দর ও কাঙ্ক্ষিত। ফয়েজের রাজনৈতিক কবিতায় পাই ক্রুদ্ধ প্রত্যাখ্যান, কিন্তু তিনি যখন প্রেমের কবিতা লেখেন, তাতে শুনি নিঃসঙ্গতার হাহাকার।কারান্তরালে বসে লেখা কবিতায় তিনি বলেন—লেখার কাগজ নেই, কলম নেইতা নিয়ে এত ক্ষোভ কিসের?শুকানো না পর্যন্তআঙুলে তো রক্ত রয়েছে লেখার।এমন দ্রোহের উচ্চারণ মিলাতে না-মিলাতেই শুনি প্রেমিকার অনুপস্থিতির অনুচ্চ ক্রন্দন:তোমার স্মৃতিতে ভরা তৃষিত হূদয়কিন্তু তাতে কোথায় পাইতোমার ঠোঁট, তোমার বাহু, তোমার স্পর্শ।ব্যক্তিগতভাবে শত বিপর্যয়ের ভেতরও ভবিষ্যতের সম্ভাবনায় ও প্রতিশ্রুতিতে তাঁর ছিল অদম্য বিশ্বাস। কবিতায় সে বিশ্বাস প্রতিফলিত হয়েছে বারবার।আমরা দেখবইদেখবই সেই দিনযার প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম।দুঃশাসন ও নিবর্তনের পাহাড়একসময় হাওয়ায় উড়বে, উড়বেই তুলার মতো।হায়দরাবাদ জেলে তাঁর ইংরেজ স্ত্রী এলিস প্রথমবারের মতো সাক্ষাৎ শেষে ফিরে গেলে ফয়েজ লিখেছিলেন:কারারক্ষীরা যখন নিশিথ গরাদের পেছনে আমাকে ঠেলে দেয়, তখন ফয়েজ আমার বুকের ভেতর জ্বলে ওঠে ঝলমলে তারা।যে বিপ্লবী, সেই প্রেমিক। এই যে আপাত বৈপরীত্য, কঠোর ও কোমলের এই সমান্তরাল অবস্থান, তা ফয়েজের কবিতাকে মানবিক করে তোলে, তাকে আমাদের নিকটতর করে। ফয়েজের কবিতা শুধু রাজনৈতিক স্টেটমেন্ট না হয়ে তা হয়ে ওঠে একাধারে আমাদের স্বপ্ন ও অপূর্ণতার আন্তরিক বিবৃতি। এমন এক কবি—সীমান্ত-চিহ্ন দ্বারা যাঁর পরিচয় সীমাবদ্ধ নয়, তাঁর জন্মশতবর্ষে জানাই অভিনন্দন।