ব ই প ত্র

স্ফুলিঙ্গের আভা
লেখক: রেজাউর রহমান
প্রকাশক: প্রথমা প্রকাশন
দাম: ২২০ টাকা
‘গল্পের আঙ্গিকে নয়, দিব্যচোখে দেখি, একাত্তরের এক মুক্তিযোদ্ধা প্রেয়সীকে লিখছেন তাঁর শেষ চিঠি। যে চিঠি কোনো দিন পৌঁছায়নি তাঁর কাছে’—লিখেছেন রেজাউর রহমান তাঁর স্ফুলিঙ্গের আভা গল্পবইয়ের উৎসর্গপত্রে। ৭১-এ হতচকিত বাঙালির ঘুরে দাঁড়ানোর গল্পই এ গ্রন্থের প্রেরণা। এই ঘুরে দাঁড়ানোর স্পর্ধায় প্রাপ্তি যেমন আছে, তেমনি আছে হারানোর বেদনা। আছে যুদ্ধের নৃশংসতাকে ছাপিয়ে ওঠা মানবিক উদ্দীপনা। আটটি গল্পে লেখক এঁকেছেন তাঁর যুদ্ধকালীন অভিজ্ঞতার রেখাচিত্র। গল্পকথকের আবেগে কোথাও কোনো চরিত্র টাল খেয়ে পড়েনি।

লোকসাধনার সংস্কৃতি
লেখক: মাসুদ সিদ্দিকী
প্রকাশক: ধ্রুবপদ
দাম: ২৬৭ টাকা
একটি সমাজের আচরণসংক্রান্ত মনোভাব, ধারণা ও ভঙ্গিকে জানা যায় সংস্কৃতি, বিশেষত লোকসংস্কৃতির মধ্য দিয়ে। বাংলার লোকসংস্কৃতিকে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরার প্রয়াস রয়েছে লোকসাধনার সংস্কৃতি শিরোনামের বইয়ে। এর বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে লেখক বাঙালির সংস্কৃতি ও বাংলার বিভিন্ন অঞ্চলের লোকগাথা তুলে ধরেছেন। বইটিতে মোট ১৩টি প্রবন্ধ স্থান পেয়েছে। লোকসংস্কৃতির স্বরূপ বোঝার জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ।