বই পড়ার বাতিক আছে আমার। এ বাতিকটা সেই ছোটবেলা থেকেই। আমার বাবা শফিকুর রহমান এবং মা ডা. আমেনা রহমানের উৎসাহেই আমি ছোটবেলা থেকে বইয়ের পোকা হয়ে উঠেছি। বাবার কাছে যখনই কোনো ভালো বইয়ের গল্প শুনতাম, প্রথম গ্রন্থাগারে গিয়ে সেই বইটি খুঁজে নিয়ে না পড়া পর্যন্ত যেন শান্তি মিলত না। অথচ এখন কত সহজ হয়ে গেছে বইয়ের দুনিয়ার খোঁজ। যেকোনো সময় যেকোনো বই খুঁজে দেয় এখনকার তথ্যপ্রযুক্তি। এ যেন ঠিক ম্যাজিকের মতো। পুরো বিশ্বের বইয়ের দুনিয়া আজ আমাদের হাতের মুঠোয়। চাইলেই ডাউনলোড করে নিয়ে নেটবুক কিংবা আইপ্যাডের পাতায় দুচোখ আটকে নেওয়া যায়। এখন বয়সটা বদলে গেলেও বই পড়ার বাতিকটা বদলায়নি। বই পড়াই আমার কাছে সবচেয়ে উপভোগ্য বিনোদন। শোয়ার আগে বই না পড়লে আজকাল ঘুমও আসে না। তবে একবারে শুধু একটি বই পড়ে আমার মন ভরে না। একসঙ্গে দু-তিনটি বই শুরু করা আমার পড়ার অভ্যাস। এতে বই পড়াটা অনেক আনন্দের হয়, একঘেয়েমি আসে না। কমবেশি সব ধরনের বই-ই পড়া হয়। তবে ইতিহাসনির্ভর বইগুলোই পড়তে বেশি ভালো লাগে। বর্তমানে হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি। আমাদের সামনে যে ঘটনাগুলো ঘটছে, তার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। একমাত্র বই-ই তার পাতায় পাতায় সঞ্চিত শত বছরের পুরোনো ইতিহাসকে চোখের পাতায় মেলে ধরে। সমরেশ মজুমদারের কালবেলা ও কালপুরুষ বই দুটি পড়ার সময় ‘অনিমেষ’ চরিত্রটি আমাকে খুব তাড়িত করেছে। ষাটের দশকের বাঙালি মধ্যবিত্ত পরিবারের অনিমেষ অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন যে তাড়না থেকে, আজ এ সময়ে এসে যেন সেটি উপলব্ধি করা যায়। মাঝেমধ্যে মনে হয়, আমিও যদি অনিমেষ হতে পারতাম! বর্তমানে হিলারি ম্যান্টেলের বুকার পুরস্কার জয়ী দুটি বই পড়ছি। একটি ওলফ হোল অন্যটি ব্রিং অব দ্য বডি। দুটি বই-ই ষোড়শ শতকের সম্রাট হেনরিসের সময়কার ধর্ম ও রাষ্ট্রের দ্বান্দ্বিক পরিস্থিতি নিয়ে লেখা। একই সঙ্গে পড়ছি লেখক নিরোদ চৌধুরীর অটোবায়োগ্রাফি অব আননোন ইন্ডিয়ান বইটি। আমাদের দেশের কিশোরগঞ্জে জন্মেছিলেন এই লেখক। বিশ শতকের মধ্যবিত্ত ভারতীয় সমাজ নিয়ে চমৎকার লিখেছেন তিনি। যদিও অনেকের কাছেই তিনি সমালোচিত হয়েছিলেন। আমি অতীতের কথা তাঁদের বলি, বাংলাদেশে জন্মেছি বলে শুধু বাংলা বই পড়তে হবে, তা নয়। সব দেশের বই পড়তে হবে। সব দেশের মানুষের দুঃখ-কষ্টের অনুভূতিও একই, তাই না?বই পড়লে ক্ষতি নেই, বরং বই পড়লে অনেক বেশি লাভবান হওয়া যায়। চিন্তাচেতনার জায়গার উৎকর্ষ গঠনের এই লাভের অংশটি টাকাপয়সায় পরিমাপযোগ্য নয়।