বই পরিচিতি
নামকরণের ইতিহাস—বিলু কবীর \ গতিধারা \ এপ্রিল ২০১০ \ প্রচ্ছদ: সিকদার আবুল বাশার \ ৩৩৬ পৃষ্ঠা \ ৪০০ টাকাইতিহাসমূলত জেলার নামকরণের ইতিহাস, ফলত তার চেয়ে বেশি। বেশি এ জন্য যে উদ্দিষ্ট নামকরণের ইতিহাস ছাড়াও বইটিতে সন্নিবেশিত হয়েছে প্রতিটি জেলার প্রাচীন-প্রতিনিধিত্বশীল ঐতিহ্যবাহী বিষয় বা স্থাপত্যচিত্র। মোটা দাগে গ্রন্থিত হয়েছে জেলাগুলোর প্রশাসনিক ইতিহাস। একাধারে মানচিত্রে নির্দেশিত হয়েছে পৃথিবী, এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান। নামের তালিকাসহ উপজেলাওয়ারি জেলা এবং জেলাওয়ারি বিভাগ তো রয়েছেই। প্রয়োজনীয় ক্ষেত্রে থানার তথ্যও শব্দায়িত হয়েছে। এসব গ্রহণযোগ্য কারণে বইটি ইতিহাস ছাড়াও একাধারে পৌরনীতি, ভূগোল, প্রত্নতত্ত্ব এবং চিত্রগ্রন্থনাও বটে। প্রবন্ধপ্রাকৃতজনের জীবনদর্শন—যতীন সরকার \ শোভা প্রকাশ \ ফেব্রুয়ারি ২০১০ \ প্রচ্ছদ: ধ্রুব এষ \ ১২৭ পৃষ্ঠা \ ১৫০ টাকাএই বইয়ের মূল চিন্তার শিকড় আছে ‘প্রকৃতির প্রকৃত তাৎপর্য ও আমাদের সংস্কৃতি’ নামক প্রবন্ধে। আমাদের চিন্তার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণে লেখক উপমহাদেশের চিন্তার দিক-দিগন্তে বিচরণ করেছেন। লেখক বলেন, ‘প্রকৃতিই সংস্কৃতির জননী’। প্রকৃতিসংলগ্ন চিন্তাই প্রাকৃতজনের দর্শন। ‘মানুষে-মানুষে জাতি-বর্ণ-বিভেদের চিন্তা প্রকৃতিসংগত নয়।’ কিন্তু স্বার্থান্বেষী ক্ষমতালোভী মহল বরাবর প্রকৃতিকে আড়াল করতে চায়। লেখক সেই আড়ালে থাকা প্রাকৃতজনের জীবনভাবনাকে এই বইয়ে সংকলিত করেছেন। আমরা যে অর্থে বেদকে ধর্মগ্রন্থ বিবেচনা করি, লেখক তা করেন না। তিনি বলেন, ‘বেদ’ মানে বিদ্যা। ‘বেদ’ মানে একটা সময় ও সমাজের চিন্তার ইতিবৃত্ত। ‘বাংলাদেশের গারো সমাজ: তাদের আদি ধর্ম ও বর্তমান ধর্ম’ প্রবন্ধটি আমাদের আদি পুরুষদের বিশ্বাস ও জীবন আচরণের ইতিবৃত্ত। প্রকৃতির প্রকৃত তাৎপর্য অন্বেষণের মধ্য দিয়েই বিজ্ঞানকে প্রকৃতভাবে উপলব্ধি করা যায়। অনুবাদরুশ উপন্যাস সঞ্চয়ন ১— সম্পাদনা হায়াৎ মামুদ \ শুদ্ধস্বর \ ফেব্রুয়ারি ২০১০ \ প্রচ্ছদ: সব্যসাচী হাজরা \ ৪২১ পৃষ্ঠা \ ৬৭৫ টাকাএই দেশে একসময় প্রগতি নামে এক প্রকাশনী ছিল। সেখান থেকে সুলভ মূল্য ও নান্দনিক বিন্যাসে প্রকাশিত হতো রুশ সাহিত্যের নানা বইপুস্তক। এখন সেই দিন গত। ফলে আলেকজান্দর পুশকিন, মিখাইল লিয়ের্মন্তভ, নিকোলাই গোগল কিংবা ম্যাক্সিম গোর্কি, লিও টলস্টয় প্রমুখ লেখকের লেখাপত্র পাওয়া অনেকাংশে দুষ্কর হয়ে গেছে। সম্প্র্রতি প্রকাশিত রুশ উপন্যাস সঞ্চয়ন সে ক্ষেত্রে বহুদিন পর বাঙালি পাঠকের কাছে রুশ সাহিত্যকে সুলভ করে তুলেছে আবার। হায়াৎ মামুদ সম্পাদিত এই সংকলনের প্রথম খণ্ডে সূচিবদ্ধ হয়েছেন আলেকজান্দর পুশকিন (ক্যাপ্টেনের মেয়ে), মিখাইল লিয়ের্মন্তভ (আমাদের সময়কার নায়ক) ও নিকোলাই গোগল (তরাস বুলবা)। তিনটি উপন্যাস সংকলনের মধ্য দিয়ে শেষ হয়েছে সংকলনটি। আর সংকলনের ক্ষেত্রে সম্পাদকের অভিপ্রায় এমন ‘রুশ কথাসাহিত্যের আদিপর্ব যাতে প্রতিনিধিত্ব করতে পারে সে দিকে দৃষ্টি রাখা হয়েছে।’