বই পরিচিতি
অর্থনীতিদক্ষিণ এশিয়া: উন্নয়নের সংকট বাংলাদেশ প্রেক্ষিত—মওদুদ আহমদ \ অনুবাদ: জগলুল আলম \ প্রকাশক: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড \ ২০১০ \ ৪০০ টাকা \ ৩২০ পৃষ্ঠা \প্রায় ৫০ বছরকাল আগে স্বাধীনতা অর্জিত হলেও দক্ষিণ এশিয়ার ১০০ কোটি মানুষ অর্থনৈতিক উন্নতি, সামাজিক উৎকর্ষ অথবা রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে বিশেষ অগ্রগতি সাধন করতে পারেনি। মওদুদ আহমদ এ বইয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত যে সম্ভাব্য ক্ষমতানুযায়ী উন্নতি লাভ করতে পারেনি, এর কিছু কিছু কারণ ব্যাখ্যা করেছেন। লেখক মনে করেন, এশিয়ার একটি অগ্রবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে ভারত উন্নয়নের জন্য টেকসই প্রবৃদ্ধির মডেল দিতে পারেনি, পাশাপাশি সে তার ক্ষুদ্র প্রতিবেশীদের সামাজিক ও রাজনৈতিক ভীতি দূর করতে সাহায্য করেনি। কাশ্মীর ইস্যু এবং পারমাণবিকীকরণ এ অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ভীতির কারণ। ফলে যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে, তাতে এ অঞ্চলের উন্নয়ন ব্যাহত হবে।লেখকের ভাষায়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূমিকা নানাবিধ কারণে অনন্য। তিনি এর উন্নয়ন, অর্থনীতি, সমাজ ও রাজনীতি-সংক্রান্ত সমস্যা পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করেছেন। লেখক বর্তমান রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে সাহসী মন্তব্য করতেও নিজেকে বিরত রাখেননি। দক্ষিণ এশিয়ার রাজনীতি, অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ আছে বইটিতে। সঙ্গে এ দেশের রাজনীতিও স্থান পেয়েছে।প্রবন্ধগণতন্ত্রের চড়াই-উৎরাই—ড. মোয়াজ্জেম হোসেন ভুইয়াপ্রকাশক: আগামী \ ফেব্রুয়ারি ২০১০ \ ১৫০ টাকা \ ৯৬ পৃষ্ঠা \ গণতন্ত্রের চড়াই-উৎরাই লেখকের ইংরেজি গ্রন্থ ডেমোক্রেসিস রোলারকোস্টার রাইড ইন বাংলাদেশ থেকে অনুবাদ করা হয়েছে। ইংরেজি গ্রন্থটি প্রকাশ করা হয়েছিল ২০০৯ সালে। এ বইয়ে যেসব প্রবন্ধ স্থান পেয়েছে, এর সব কটিই ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদকীয় পাতায় ছাপা হয়েছিল ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত। প্রায় সব প্রবন্ধের বিষয়বস্তু ২০০৮ সালের নির্বাচন, এই নির্বাচনকে লেখক নানা দৃষ্টিকোণ থেকে দেখার প্রয়াস পেয়েছেন। ১৮ বছরের গণতান্ত্রিক ধারায় দুই বছরের যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা-ও বিশ্লেষিত হয়েছে এ বইয়ে। সব মিলিয়ে মোট ২১টি প্রবন্ধের অনুবাদ।গবেষণালঞ্চড ইনটু ইটারনিটি—মাসুদ মাহমুদপ্রকাশক: রাইটারডটইন্ক \ ২০০৯ \ ৫০০ টাকা \ ২৭৬ পৃষ্ঠা \ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রফেসর মাসুদ মাহমুদের গবেষণাগ্রন্থ লঞ্চড ইনটু ইটারনিটি: এ স্টাডি অব এমিলি ডিকিনসন, পোয়েমস অ্যান্ড লেটারস সম্প্রতি জার্মানি থেকে প্রকাশিত হয়েছে।ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট মার্কিন কবি এমিলি ডিকিনসনের জীবন ও কবিতার ওপর নতুন আলোকপাতের মাধ্যমে গভীরতাসঞ্চারী ব্যাখ্যা রয়েছে এ বইয়ে। সে কালের গোঁড়া খ্রিষ্টীয় অনুশাসনের মধ্যে বাস করেও ডিকিনসন বিনির্মাণধর্মী নতুন কাব্যধারার স্রষ্টা হয়ে উঠেছিলেন। একটি ক্ষয়িষ্ণু ধর্মীয় সংস্কৃতিকে নিজস্ব কাব্যশৈলীর মাধ্যমে কীভাবে এই মৃদুকণ্ঠী নারী-কবি চ্যালেঞ্জ জানিয়েছেন এবং একালের মনন-জগতেও সাড়া ফেলেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন ড. মাসুদ মাহমুদ তাঁর এই পিএইচডি গবেষণাগ্রন্থে। বইটি গবেষকের ব্যাপক অধ্যয়ন ও সুদূরপ্রসারী গভীর ব্যাখ্যার জন্য দেশে-বিদেশে, বিশেষভাবে পশ্চিমের শিক্ষাজগৎ ও সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করেছে।সম্প্রতি জার্মানির ভিডিএম পাবলিশিং হাউস থেকে ইংরেজি সংস্করণ প্রকাশিত হয়েছে। লঞ্চ ইনটু ইটারনিটি বইটি বাংলাদেশে প্রকাশ করেছে রাইটারডটইন্ক প্রকাশনা সংস্থা।