বই পরিচিতি

আতই চোরার আতান্তর
মঈনুস সুলতান
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর, প্রকাশক: উৎস, ঢাকা, প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৮, দাম: ১৮০ টাকা।
মঈনুস সুলতান ভ্রমণকাহিনির জন্য বিখ্যাত। তবে অনেকেই জানেন না, লেখালেখির শুরুতে গল্প ও কবিতাই ছিল তাঁর প্রথম ভালোবাসা। গল্পলেখক হিসেবেও তিনি যে অনন্য, তার প্রমাণ ছোটগল্পের এই বই। বইয়ের বেশির ভাগ গল্পই গ্রামীণ পটভূমিতে রচিত। গল্পগুলোতে লেখক বিষয়বস্তু, শব্দব্যঞ্জনা ও দৃশ্যপট বর্ণনার সমাহারে গড়ে তুলেছেন বর্ণিল এক জগৎ। এই বইয়ের শুরুর দিকের গল্পে পাঠক পরিচিত হন শিক্ষা, সংস্কৃতি ও বিত্তে পরিশীলিত এক বৃদ্ধের সঙ্গে, যিনি জরাজনিত কারণে অনুভব করেন আত্মপ্রকাশে তাঁর অক্ষমতা। পরবর্তী কয়েকটি গল্পে মুক্তিযুদ্ধের দুর্যোগ-দীর্ণ পরিস্থিতিতে পল্লবিত হয় কিছু মানুষের আতঙ্ক ও সঠিক পথ অনুসন্ধানের প্রচেষ্টা। মোট কথা, আতই চোরার আতান্তর গল্পগ্রন্থে মঈনুস সুলতান সৃষ্টি করেছেন তাঁর আরেকটি পৃথিবী।

প্রেক্ষাপটের দাসদাসী
জাহিদ হায়দার
প্রচ্ছদ: সেলিম আহ্মেদ, প্রকাশক: সমাবেশ, ঢাকা, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮, দাম: ৩৯৫ টাকা।
জাহিদ হায়দার কবি। তবে গল্পেও তিনি সিদ্ধহস্ত। প্রেক্ষাপটের দাসদাসী তাঁর দ্বিতীয় গল্পগ্রন্থ। মোট ২০টি গল্প আছে এই বইয়ে। বইয়ের শুরুতে বলা হয়েছে, ‘এই গ্রন্থে মুদ্রিত গল্পগুলোর মানুষেরা বিবিধ পরিপ্রেক্ষিতের শিকার এবং শিকারি। বহুবিধ চড়াই-উৎরায়ে যাপিত জীবনের স্বপ্ন, প্রেম, সংঘাত, অপমান, অপরাধ স্যাটায়ার এবং আশা-নিরাশার গল্পরূপ ধারণ করেছে এই গ্রন্থ।’
এই লেখাটুকু পড়লে বেশ বোঝা যায় লেখক তাঁর গল্পে সমসাময়িক সময়কে তুলে ধরেছেন। পরে গল্পগুলো পড়লেও পাওয়া যায় তার সত্যতা। বর্তমান সময়ের অস্থিরতা, আশা ও আশাহীনতা ফুটে উঠেছে প্রতিটি গল্পের পরতে পরতে। কবি বলেই জাহিদ হায়দারের গদ্যে কখনো কখনো উঁকি দেয় কাব্যময়তার আভা। বইটি লেখকের কথাসাহিত্যিক পরিচয়কে আরেকটু সংহতি দেবে।

আগুনে আপত্তি নেই
ফারুক মাহমুদ
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
প্রকাশক: উৎস প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮
দাম: ১০০ টাকা।
আত্মমুখী কবিতার যে ধারাটি কল্পনা করা যায়, ফারুক মাহমুদের কবিতা তেমন। স্বভাবে মগ্ন তাঁর কবিতা ছন্দময়তাও উজ্জ্বল। আগুনে আপত্তি নেই নামে এই কবির নতুন কাব্যগ্রন্থটিতে এসব কথার স্বাক্ষর মিলবে। সত্তর দশকের এই কবির কবিতায় ছন্দের পাশাপাশি পাওয়া যায় দার্শনিকতার আলোকফোয়ারাও। তাঁর কবিতা সহজও বটে। তাই কবিতায় তিনি সহজেই বলতে পারেন, ‘পাথরে প্রতীক্ষা নেই। মনের গভীর থেকে গেয়ে ওঠে হৃদয়-প্রণতি/ সঙ্গম-শোভিত রাতে বৃষ্টি এলে ধুয়ে যায় পৃথিবীর সমুদয় ক্ষতি।’
ছোট-বড় মিলিয়ে বইয়ে কবিতা আছে ৩৭টি। কবিতাগুলো পড়তে মন্দ লাগবে না।