বই পরিচিতি
কবিতাবুদ্ধদেব বসুর অগ্রন্থিত গদ্য ‘কবিতা’ থেকেদময়ন্তী বসু সিং/ বিকল্প/ ৫৪০ টাকাকবিতা পত্রিকার সঙ্গে এ অঞ্চলের সাহিত্যরুচি নির্মাণের গভীর যোগসাজশ রয়েছে। আধুনিক কবিতার ভিত্তিভূমি প্রস্তুত করেছিলেন যাঁরা, তাঁদের মধ্যে বুদ্ধদেব বসু সম্পাদিত এই সাহিত্য-কাগজটির সবিশেষ স্থান নির্দিষ্ট। এবার বুদ্ধদেব বসুর অগ্রন্থিত গদ্য ‘কবিতা’ থেকে শিরোনামে দময়ন্তী বসু সিংয়ের সম্পাদনায়কবিতা পত্রিকায় প্রকাশিত বুদ্ধদেবের সম্পাদকীয় এবং বিভিন্ন গ্রন্থ-সম্পর্কিত নাতিদীর্ঘ সমালোচনার সমন্বয়ে প্রথম খণ্ড বেরিয়েছে। বইয়ের প্রাক-কথন অংশে দময়ন্তী জানাচ্ছেন,কবিতায় প্রকাশিত বুদ্ধদেব বসুর অগ্রন্থিত গদ্যকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। বুদ্ধদেব বসু নিজে সম্পাদকীয়, সমালোচনা ও প্রবন্ধ শিরোনামে গদ্য রচনাগুলো পৃথক করেছিলেন। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আরেকটি বিভাগ সম্পাদকের স্বকৃত। অর্থাৎ ১৯৩৫ থেকে ’৬১ সালের কালখণ্ডে আয়ুষ্মান কবিতা পত্রিকায় বুদ্ধদেব বসু সম্পাদকীয়সহ যে টুকরো টুকরো প্রবন্ধ লিখেছিলেন, সেসবের মোটামুটি সংকলিত অবয়ব পাওয়া যাবে আলোচ্য বইয়ে। এ রকম আরও তিন খণ্ড প্রকাশের পরিকল্পনা আছে সম্পাদক দময়ন্তী বসুর।অনুবাদনাজীব মাহফুজের ছোটগল্পআহসান সাইয়েদ/ অক্ষরসংস্কৃতি/ ২০০ টাকা সরাসরি আরবি থেকে নাজীব মাহফুজের লেখা অনুবাদ করেছেন আহসান সাইয়েদ। বাংলা ভাষাভাষী নাজীব মাহফুজের পাঠকদের কাছে এই অনুবাদের গল্প ভিন্ন স্বাদের ঠেকতে পারে। প্রথম গল্প ‘বন্দীর পোশাক’ পড়তে গেলেই স্বাদটা পাওয়া যায়। চরিত্র, ঘটনাবলির বর্ণনায় আরবি স্বাদটা আছে। নাজীব মাহফুজ কোন পরিস্থিতি আর বাস্তবতায় তাঁর গল্প তৈরি করেন, সেই পরিপ্রেক্ষিত আরও বাস্তব হয়ে উঠেছে এই গ্রন্থে। মোট ১২টি গল্পের অনুবাদ সংকলন করেছেন আহসান সাইয়েদ। দ্বিতীয় গল্প ‘অভিযুক্ত অপরাধী’। এক ভ্রমণকারী ফেঁসে যান মিথ্যা অভিযোগে। ‘শিশুর স্বর্গ’ গল্পে আছে এক অবুঝের জিজ্ঞাসা সৃষ্টি আর সৃষ্টিকর্তা নিয়ে। এই গল্পে বালিকার মা আর বাবা তার সরল মনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানা সত্যকে আবারও পরখ করে নেন। শেষ গল্প ‘অপরাধ’-এ ফুটে উঠেছে সামাজিক বৈষম্য এবং একই সঙ্গে অপরাধের তত্ত্বতালাশ, অপরাধ-সংশ্লিষ্ট জনগোষ্ঠীর উপলব্ধি। তবে মূল আরবি থেকে অনুবাদ করে আহসান সাইয়েদ যে সফলতা দেখিয়েছেন, তা তিনি ধরে রাখতে পারেননি গল্পের ক্ষেত্রে। বেশ কয়েকটি গল্পের বর্ণনায় কিছুটা শৈথিল্য চোখে পড়ে, বিশেষ করে বাক্য গঠন এবং একটানা গল্পের সুর বিঘ্নিত হয়েছে কোথাও কোথাও। তবে চরিত্রগুলোর নাম, সংলাপ, বিভিন্ন প্রতীকায়ন প্রভৃতি ক্ষেত্রে আরবি সুরটা পাওয়া যায়, যা এই বইয়ের বৈশিষ্ট্য।গল্পরঙ্গরসের গল্প তিতাশ চৌধুরী/ শোভা প্রকাশ/ ১২০ টাকাতিতাশ চৌধুরীর লেখা রঙ্গরসের গল্প বইয়ে মোট ২১টি গল্প আছে। দুই বছর ধরে দৈনিক জনকণ্ঠে রসগল্পগুলো প্রকাশিত হয়েছে। শেষ গল্প ‘কলি মাসির গ্রামে যাত্রা’ অবশ্য এ বইয়ের জন্যই লেখা। বাকি ২০টি গল্পেই এমন মজাদার কিছু চরিত্র আছে, যারা সমাজের ভিন্ন স্তরে বাস করে। এসব মানুষকে নিয়েই তিতাশ চৌধুরী লিখেছেন। তাদের জীবনের ক্ষোভ-আক্ষেপ-সরলতা হাসির হয়ে উঠেছে তাঁর লেখনীতে। কিন্তু তা হাস্যকর নয় কখনোই। তা আসলে জীবনের গল্প। যেমন ‘লেবু মামার টি-স্টল’ গল্পে একই সঙ্গে সরল মানুষ আর যে সামাজিকতায় সে বাস করে, তার চিত্র ফুটে উঠেছে। কেবল চা-বিক্রেতাই নয়, তিতাশ চৌধুরী লিখেছেন এমন অনেক পেশার মানুষ নিয়ে, সামাজিক মানুষ নিয়ে, যাদের সরলতা, মানসিক টানাপোড়েন অন্যদের আনন্দ দেয়। টুটুল মামা যেমন তাঁর জীবনের গড় অঙ্কের হিসাব মেলাতে পারেন না। মহব্বত আলি যেমন পিঙ্ক সিটি দেখতে যান নানা ঝক্কি সামলে। এক মামার গল্প আছে, যিনি হতে চান ধনী। স্পিড মানি নিয়েও গল্প লিখেছেন তিতাশ চৌধুরী। ফলে বলা যায়, এই গ্রন্থ সামগ্রিক সমাজ-রাষ্ট্রের একটি চিত্র তুলে ধরে।