বই পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসান আজিজুল হক
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা, ইত্যাদি গ্রন্থপ্রকাশ, ঢাকা, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮, দাম ২০০ টাকা।

 একই সময়ের কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও আখতারুজ্জামান ইলিয়াস। তবে লেখার জগতে দুজনেই ভিন্ন স্বরের। এই বইয়ে আছে ইলিয়াসকে নিয়ে হাসান আজিজুল হকের পর্যবেক্ষণ। আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে এ পর্যন্ত পাঁচটি প্রবন্ধ লিখেছেন হাসান আজিজুল হক। ওই পাঁচ প্রবন্ধে চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা উপন্যাসের রচয়িতার অখণ্ড একটি অবয়ব তৈরির চেষ্টা করেছেন লেখক। এই প্রবন্ধগুলো ছাড়াও এখানে আরও গ্রন্থিত হয়েছে ইলিয়াসের সঙ্গে তাঁর একটি দীর্ঘ আলাপচারিতা। সব মিলিয়ে এই গ্রন্থে লেখক কীভাবে লেখককে দেখেন, সেটি বুঝতে পারা যাবে; পাওয়া যাবে নতুন এক ইলিয়াসকেও।

 

গল্পসমগ্র
কাজল শাহনেওয়াজ
প্রচ্ছদ: শিবু কুমার শীল, প্রকাশক: আগামী, ঢাকা, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮, দাম: ৪৫০ টাকা।

কাজল শাহনেওয়াজের গল্পগুলো—প্রথমত বলা যায়, সময় ভ্রমণ, দ্বিতীয়ত স্পেস অতিক্রম, শেষতক রূপকথার পুনর্ভরণ। ব্যক্তি মানুষ, ভূগোল আর সংক্ষুব্ধতা ছড়িয়ে আছে গল্পে। বিস্ময়কর সেই সব গল্প এক অনাস্বাদিত কথারসের উৎস। এই লেখকের দুটি গল্পগ্রন্থের মধ্যে কাছিমগালার গল্পগুলো সংকেত, নকশা, সূত্র ও অন্তর্বাণী দিয়ে ঠাসা। আর গতকাল লাল বইয়ের গল্পে আছে ভূগোল, পঞ্জিকা, কম্পাস, কাঠামোর ভেতর থাকা ব্যক্তি ও তার ক্রিয়া।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে লেখা চারটি গল্প থেকে খসে পড়েছে রং ও অন্তর্জগৎ। শুধু ঘটনাক্রম তৈরি করেছে বিষয়ের ইন্দ্রজাল। আছে ইতিহাস-ঐতিহ্য, বর্তমান ও অতীত।

এই সব মিলিয়েই কাজল শাহনেওয়াজের গল্পসমগ্র। এখানে একত্র হলো তাঁর বিচিত্র গল্পজগতের এক ধারাবাহিক পরিচয়।

দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস

অরুন্ধতী রায়
অনুবাদ: প্রমিত হোসেন
প্রচ্ছদ তাহেরা জামান, প্রকাশক: অন্যধারা, ঢাকা, প্রকাশকাল: জানুয়ারি ২০১৮, দাম: ৫০০ টাকা।
আলোচিত উপন্যাস দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস আমাদের নিয়ে যায় বহু বছরের এক সফরে।

আনজুম, যার নাম ছিল আফতাব, একটা জীর্ণ গালিচার পাক খোলে নগরীর এক কবরখানায় যাকে সে বলে বাড়ি। একটা নবজাতক শিশুর আকস্মিক আবির্ভাব ঘটে এক পেভমেন্টের ওপর, মধ্যরাতের সামান্য পরে, এক আবর্জনার টুকরিতে।

দ্য মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস তাৎক্ষণিক এক বেদনার্ত প্রেমকাহিনি এবং এক নিষ্পত্তিমূলক প্রতিবাদ। তা বলা হয়েছে ফিসফিস করে, চিৎকার করে, অশ্রুর ভেতর দিয়ে; কখনো-বা হাসির মাধ্যমে এর নায়কেরা ভেঙে পড়েছে যে দুনিয়ায় তারা বাস করে সেই দুনিয়ার চাপে, তারপর উদ্ধার পেয়েছে ভালোবাসায় এবং আশায়। এর প্রতিটি পাতায় রয়েছে অরুন্ধতী রায়ের গল্প বলার অলৌকিক গুণ।