আমাদের বাড়ির পরিবেশটাই এমন ছিল যে বই পড়াটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। আমার বাবা-মা দুজনই ছিলেন প্রচণ্ড পড়ুয়া। সেই সঙ্গে উপরি পাওনা বাবার বিশাল এক পাঠাগার। আমার বাবা গাজী শামসুর রহমানের পাঠাগারের বেশ সুখ্যাতি ছিল। তাই আমার বই পড়ার শুরুটা শৈশব থেকেই। তখন গল্পের বই, খবরের কাগজ—সবই পড়তাম। শৈশবে রামায়ণ, মহাভারতসহ সব বই-ই পড়েছি। সে সময় কলকাতা দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত বই পড়তাম। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গোয়েন্দা গল্প খুব পড়তাম। আর পড়তাম কিশোর জগৎ, শুকতারা ম্যাগাজিন আর বিভিন্ন পত্রিকার পূজাসংখ্যা। আরেকটু বড় হয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো কথাসাহিত্যিকদের লেখার সঙ্গে পরিচিত হয়েছি। দেশ পত্রিকায় যে ধারাবাহিক উপন্যাসগুলো ছাপা হতো সেগুলো পড়তাম। সারা সপ্তাহ ধরে অপেক্ষা করতাম পরের সংখ্যার জন্য। এরপর যখন বুয়েটে ভর্তি হলাম তখন সমারসেট মম ও অন্যান্য বিদেশি লেখকের বই পড়তে শুরু করি। সে সময় বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতায় অংশ নিতাম। আর পুরস্কার হিসেবে বই পেতাম। আর আমার যেহেতু আগেই অনেক বই পড়া ছিল, তার ওপর বাবার এত বড় একটা পাঠাগার! তাই পুরস্কার দেওয়ার আগে আমাকে জানানো হতো কী বই দেওয়া হচ্ছে।এই পড়ার নেশাটা এখনো আছে। আমার প্রিয় বইয়ের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসটি যতবার পড়ি ততবারই ভালো লাগে। শেষের কবিতার একটি কবিতা আমার বেশ পছন্দ। সেই যে কবিতাটি—মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন/ ভার তার না রহিবে, না রহিবে দায়/ হে বন্ধু, বিদায়।/ মোর লাগি করিয়ো না শোক,/ আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক।/ মোর পাত্র রিক্ত হয় নাই,/ শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। কবিতাটি আওড়াতে ভালো লাগে। এই উপন্যাসে লাবণ্য যে কারণে অমিতকে ফিরিয়ে দিয়েছিল, সেগুলো বারবার রোমন্থিত হয়।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলোও ভালো লাগে। তিনি সমাজকে এত নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন তাঁর রচনায়, যা পাঠক হিসেবে আমার মনকে নাড়া দেয়। তাঁর কমলাকান্তের দপ্তর-এ প্রহসন আর বিভিন্ন প্রশ্ন দিয়ে সমাজের অসংগতিগুলো এমনভাবে তুলে ধরেছেন, যাতে সাধারণ পাঠক এমনিতেই সোচ্চার হতে পারে।এ ছাড়া জীবনীগ্রন্থ পড়তেও বেশ ভালো লাগে। একেকজন লেখক তাঁর জীবনী একেক রকমভাবে দেখেন। আর তাঁদের লেখনীতে তার প্রতিফলনই দেখা যায়। আবার জীবনীকারদের মধ্যে অনেকে নিজের বাস্তব অনুভূতিটা বেশ সহজ-সরল আর সাবলীলভাবে তুলে ধরতে চেষ্টা করেন। এ রকম একটা বইয়ের নাম বলতে পারি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। বইটির মধ্যে একটা আশ্চর্য সরলতা আছে। জীবনীগ্রন্থ হিসেবে এটায় বেশ নতুনত্ব আছে। সেদিক থেকে এটা একটা অসাধারণ বই। আরেকটি বইয়ের নাম লং ওয়াক টু ফ্রিডম। এটি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীগ্রন্থ। এটিও বেশ চমৎকার বই। পড়ে বেশ আনন্দ পেয়েছি।আসলে বলতে গেলে বইকে ঘিরেই আমার জীবন। প্রতিবছরই ঈদসংখ্যা সবগুলো কিনি। শারদীয় পূজার সংখ্যা যতগুলো ঢাকায় আসে তাও সংগ্রহ করি। আর সারা বছর এগুলো পড়ি। হুমায়ূন আহমেদের বহু বই এভাবেই পড়েছি। এভাবে বছরে অনেক উপন্যাস পড়া হয়। প্রবন্ধ বা কবিতাও বাদ যায় না। অনুলিখন: সুচিত্রা সরকার