>

বাচ্চা যখন খায় না কিছুই—ডা. আবু সাঈদ শিমুল
প্রচ্ছদ: মাসুক হেলাল, প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৭, ৬৪ পৃষ্ঠা, দাম: ১৭০ টাকা।
ডা. আবু সাঈদ শিমুল এমন এক সময়ে বাচ্চা যখন খায় না কিছুই বইটি লিখেছেন, যখন শিশুকে নিত্যদিন তার খাবার খাওয়াতে গিয়ে সৃষ্ট সমস্যা, বলতে গেলে, প্রকট আকার ধারণ করেছে। লিখছেনও সে কথা তিনি তাঁর বইয়ের ভূমিকায়, যেখানে তিনি বলছেন, ‘অভিবাদন সকল মা-বাবাকে। যে অসীম ধৈর্য নিয়ে তাঁরা সন্তানকে বড় করে তোলেন, তার কাছে সব প্রশংসাই তুচ্ছ। কিন্তু এই মা-বাবারা যখন দেখেন শত চেষ্টা করেও বাচ্চা কিছুই খাচ্ছে না, তখন একধরনের অসহায়ত্ব তাঁদের পেয়ে বসে। মা-বাবাদের সেই অসহায়ত্ব দূর করাই এ বই লেখার উদ্দেশ্য।’
আবু সাঈদ শিমুল শিশু চিকিৎসায় নিবেদিতপ্রাণ। দীর্ঘকাল ধরে চিকিৎসার এ বিভাগে একনিষ্ঠভাবে কাজ করে চলেছেন বলেই এমন একটি বই লেখা তাঁর পক্ষে সম্ভব হয়েছে। মোট ৪৩টি ছোট-বড় অধ্যায়ের শিরোনামগুলো উদ্ধৃত করলেই বোঝা যাবে এই চিকিৎসক লেখকের শিশুদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কী গভীর ও দূরপ্রসারী। যেমন ‘বাচ্চার খাওয়া না-খাওয়ার গোলক ধাঁধা’, ‘খাবার নিয়ে জোর করবেন না’, ‘আপনার বাচ্চা কি ব্যাঙ খায়’, ‘বাচ্চার খালি পেট ভরিয়ে দিচ্ছে কে’, ‘তাড়াহুড়া নয়, খাওয়াতে সময় দিন’, ‘বাচ্চার ওজন কি কমে যাচ্ছে?’, ‘যখন-তখন খাবার নয়’, ‘বাচ্চা কার্টুন খাবে, নাকি খাবার খাবে’, ‘অযাচিত আবদার অগ্রাহ্য করুন’, ‘বাচ্চাকে নিজ হাতে খেতে দিন’, ‘ওর বাচ্চা খায়, আমারটা খায় না’, ‘খিচুড়ি! ওয়াক থু!’, ‘বাচ্চা কি আপনাকে ব্ল্যাকমেইল করছে’, ‘আমার চেম্বারে থুতু ফেলে যান’, ‘খেললেই তো লাগবে ক্ষুধা’, ‘খাবার তৈরিতে শিশুর অংশগ্রহণ’, প্রতিদিন এক খাবার নয়’, ‘বৈচিত্র্য আনুন খাবার পরিবেশনে’, ‘ঘুমটা খুব জরুরি’, ‘কী জ্বালাতন, খেতে এত সময় লাগে কেন’, ‘শিশুকে পুরস্কৃত করুন’, ‘ক্ষুধা বাড়ানোর মহৌষধ’, ‘বয়স বাড়লে ক্ষুধা কেন কমে’, ‘সুস্থ বাচ্চাই হোক কাম্য’, ‘শিশুকে খাওয়ানোর কৌশল’, ‘শিশুকে পর্যবেক্ষণ ও সমস্যা চিহ্নিতকরণ’, ‘দুই বছরের কম বয়সী শিশুর খাবার’, ‘৬ থেকে ৮ মাস বয়সী শিশুর খাবার’, ‘৯ থেকে ১১ মাস বয়সী শিশুর খাবার’, ‘১২ থেকে ২৪ মাস বয়সী শিশুর খাবার’, ‘একটি বহুল পরিচিত খাবার’, ‘২ বছরের পর শিশুর খাবার’, ‘একটি বহুল পরিচিত খাবার’, ‘২ বছরের শিশুর খাবার’, ‘পাঁচ বছরের পর শিশুর খাবার’, ‘ফল, না ফলের জুস’, ‘খাবার নিয়ে যত ভুল’, ‘আনারস আর দুধ একসঙ্গে খাওয়া যায় না’, চিনি খেলে কৃমি হয়’, ‘টক খেলে কাটা সারে না’, ‘ফার্মের চেয়ে দেশি ডিম ভালো’, ‘জোড়া ফল খেলে যমজ বাচ্চা হয়’, ‘হাঁসের, না মুরগির ডিম ভালো’, ‘কোন খাদ্যে কত ক্যালরি’ ইত্যাকার অধ্যায়ের এসব শিরোনাম উদ্ধৃত করা হলো শুধু এটুকু বোঝার জন্য যে, এ বই শিশুর কত জরুরি বিষয়কে ঘিরে আবর্তিত।
বাচ্চাকাচ্চা আছে যাঁদের, এ বইয়ের পাঠ তাঁদের আকর্ষণ না করে পারে না। প্রতিটি অধ্যায়েই প্রাসঙ্গিক বিষয়ে, বিশেষত শিশুদের মনস্তস্ত্ব ও তাদের আহার-বিহারের ব্যাপারে যেসব সমস্যার সৃষ্টি হয়ে থাকে, সেসবের সমাধানে এমন বাস্তবোচিত সমাধান লেখক হাজির করেছেন, যার পাঠ প্রত্যেক মা ও বাবার জন্য অবশ্য-জরুরি। যেমন ‘বাচ্চা কার্টুন খাবে, নাকি খাবার খাবে’ শিরোনামের অধ্যায়ে শিমুল বলছেন, ‘বাচ্চারা এমন একনিষ্ঠ মনোযোগ দিয়ে টিভিতে কার্টুন দেখে, মনে হয় কার্টুনটাকেই গিলে খাচ্ছে। তার সত্তাজুড়ে তখন কার্টুন। এ সময় বাচ্চাকে খাবার দিলে শ্বাসনালিতে খাবার ঢুকে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।’
শুধু তা-ই নয়, তিনি আরও জানাচ্ছেন, সতর্কতার স্বরেই, ‘বাচ্চাকে খাবার খাওয়ানোর সময় অন্য কিছুকে এর সঙ্গে মেলানো যাবে না। খাওয়ানোর সময় টিভি দেখা, কার্টুন, কম্পিউটার গেমস, মোবাইল ফোন—কোনো কিছুতেই বাচ্চাকে ব্যস্ত রাখা ঠিক নয়। প্রয়োজনে খাবারটাকেই আকর্ষণীয় করে তুলুন। একে করুন সুস্বাদু। খাবারে বৈচিত্র্য আনুন।...তা না করে বাচ্চার সমগ্র মনোযোগ যদি টিভির কার্টুনের দিকে থাকে আর আপনি তার অন্যমনস্কতার সুযোগ নিয়ে খাইয়ে দেন, তবে কী যে খেল, বাচ্চা কিছুই বুঝবে না।...এর ফলে তার স্বাদগ্রন্থিও পরিণত হয় না।’
এই বই নিয়ে দীর্ঘ আলোচনার অবকাশ নেই। এটি সন্তান বা বাচ্চা আছে, এমন প্রত্যেক মা-বাবার পাঠ করা অবশ্য জরুরি।