বইপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আততায়ী

লেখক: কেন ফলেট

রূপান্তর: শেখ আবদুল হাকিম

প্রকাশক: প্রথমা প্রকাশন

দাম: ২৫০ টাকা

টান টান উত্তেজনা এবং ঐতিহাসিক উপন্যাসে কেন ফলেটের জনপ্রিয়তা আকাশচুম্বী। রোমান্সেও জুড়ি নেই তাঁর। ১৯৮২ সালে কেন ফলেটের লেখা রোমান্সনির্ভর উপন্যাস দ্য ম্যান ফ্রম সেইন্ট পিটার্সবার্গ-এর রূপান্তর আততায়ী। রূপান্তর করেছেন শেখ আবদুল হাকিম। এই উপন্যাসে প্রেম ও থ্রিলার আছে দুর্দান্তভাবে: ‘উনিশ বছর পর প্রেমিকা লিডিয়ার তরুণী কন্যা বিদ্রোহী শার্লটকে টার্গেট করেছে ফেলিক্স। রাশিয়া থেকে সে লন্ডনে এসেছে একজন রুশ কূটনীতিককে খুন করতে...।’ অসাধারণ থ্রিলার আর উত্তেজনায় বুঁদ হয়ে থাকার জন্য আপনাকে আততায়ী হাতে নিতেই হবে।

ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত

বাংলা বই

লেখক: শিশির কর

প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড

দাম: ৪০০ টাকা

বই নিষিদ্ধের ইতিহাস আজকের নয়। প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশে বইপত্র নিষিদ্ধ হয়েছে। ভারতীয় উপমহাদেশেও রয়েছে বই নিষিদ্ধের দীর্ঘ ইতিহাস। ব্রিটিশ শাসনামলে অনেক বইয়ের ওপরই নেমে এসেছিল রাজশক্তির খড়্গ। কিন্তু কেন, কী কারণ কিংবা এর পেছনের প্রেক্ষাপটই বা কী, ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত বাংলা বইতে দীর্ঘদিন পর হলেও এই অজানা দিকের ওপর আলো ফেলেছেন গবেষক শিশির কর। দীর্ঘ ১০ বছর ধরে তিনি ‘ইংরেজ আমলে নিষিদ্ধ বাংলা পুস্তক’ নিয়ে গবেষণা করেছেন। এই বই শুধু তথ্য ও তত্ত্বের কারণেই আকর্ষণীয় নয়; এতে রয়েছে সেই সময়ের গোপন নথিপত্রের অবিকল উদ্ধৃতি এবং বেশ কিছু দুর্লভ সাক্ষ্য-প্রমাণের ফটোকপি।

অ্যান অ্যানথ্রোপলজিস্ট অ্যামাং দ্য মার্কসিস্টস অ্যান্ড আদার অ্যাসেস

লেখক: রামচন্দ্র গুহ

প্রকাশক: পার্মান্যান্ট ব্ল্যাক

দাম: ৬৫০ টাকা

‘চিন্তাশীল প্রত্যেক ভারতীয়র মধ্যেই প্রাধান্য বিস্তারের সংগ্রামে লিপ্ত একটি গান্ধীবাদী ও একটি মার্ক্সবাদী সত্তা রয়েছে’—ঠিক এই লাইনটি দিয়ে বইটির ভূমিকা শুরু করেছেন লেখক ও সম্পাদক রামচন্দ্র গুহ। মূলত রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, খেলা ইত্যাদি ক্ষেত্রে সফল ভারতীয় ব্যক্তিত্বদের নিয়ে লেখা গবেষণামূলক প্রবন্ধের বই এটি। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু থেকে হালের ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে নিয়ে লেখা হয়েছে প্রবন্ধগুলো। এসব ব্যক্তিত্বের মধ্য দিয়ে গান্ধীবাদ, মার্ক্সবাদ, প্রতি-মার্ক্সবাদ, গণতন্ত্র ইত্যাদির স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে।

সুত্র: প্রথমা প্রকাশন, আজিজ মার্কেট, ঢাকা