বইপত্র

সামাজিক ব্যবসা—মুহাম্মদ ইউনূস
প্রচ্ছদ: মশিউর
অনন্যা প্রকাশনী
২৬৫ পৃষ্ঠা
দাম: ২৫০ টাকা
ক্ষুদ্রঋণের উদ্ভাবক নোবেল শান্তি পুরস্কারজয়ী মুহাম্মদ ইউনূস প্রবর্তিত ‘সামাজিক ব্যবসা’র তত্ত্ব এখন বিশ্ববাসীর কাছে বহুল পরিচিত। বাংলাদেশসহ বিভিন্ন দেশে ইতিমধ্যে সূচনা ঘটেছে এ ব্যবসার। এমনকি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষা কারিকুলামেও অন্তর্ভুক্ত হয়েছে এটি। সামাজিক ব্যবসা কী, কেন—এই সমূহ বিষয় খোলাসা হবে মুহাম্মদ ইউনূসের লেখা সামাজিক ব্যবসা শিরোনামের বইয়ে। এ বইয়ের দুটি ভাগ—প্রথম ভাগে রয়েছে সামাজিক ব্যবসা সম্পর্কে সামাজিক ব্যবসার সংজ্ঞা, প্রকারভেদসহ নানা তথ্য। দ্বিতীয় ভাগ সাজানো হয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে। এখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে এ ব্যবসার স্বরূপ ব্যাখ্যা করেছেন ইউনূস।

আকাশভরা সূর্যতারা—মতিউর রহমান
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
প্রথমা প্রকাশন
৩৪০ পৃষ্ঠা
দাম: ৮০০ টাকা
এই বইয়ে ধরা আছে আমাদের শিল্প-সংস্কৃতির জগতের উজ্জ্বল ব্যক্তিত্বদের মুখ। এখানে অরুণ মিত্র, আলতাফ মাহমুদ, কামরুল হাসান, রণেশ দাশগুপ্ত, রবিশঙ্কর, শহীদুল্লা কায়সার, গণেশ পাইন যেমন আছেন, তেমনি সোমনাথ হোর, সুভাষ মুখোপাধ্যায়, কাইয়ুম চৌধুরী, মোহাম্মদ কিবরিয়া, যোগেন চৌধুরীসহ আছে আরও অনেকের অন্তরঙ্গ অবয়ব। বামপন্থী রাজনীতির সুবাদে বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলনে মতিউর রহমানের যুক্ততা ছিল। তিনি সান্নিধ্য পেয়েছেন বাংলাদেশ ও পশ্চিম বাংলার সংস্কৃতিজগতের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্বদের। আকাশভরা সূর্যতারায় তিনি তুলে ধরেছেন শিল্প-সাহিত্যাঙ্গনের সেই সব উজ্জ্বল তারকাদের অন্তর্জগৎ।