বইপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজীবন মানুষকেই তুলে ধরেছেনঅগ্রন্থিত গল্প—মাহমুদুল হক \ সংগ্রহ ও সম্পাদনা: আবু হেনা মোস্তফা এনাম \ সাহিত্য প্রকাশ \ জানুয়ারি ২০১০ \ ৪৫০ টাকাষাটের দশকের অন্যতম শক্তিশালী কথাশিল্পী মাহমুদুল হকের অপ্রকাশিত গল্পগ্রন্থ অগ্রন্থিত গল্প নামে প্রকাশিত হয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন তরুণ কথাশিল্পী আবু হেনা মোস্তফা এনাম। দীর্ঘদিন অনেক শ্রম ও সময় ব্যয় করে তিনি এই দুঃসাধ্য কাজটি করেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে থাকা গল্পগুলো তিনি গ্রন্থাবদ্ধ করেছেন।মাহমুদুল হক বেশি লেখেননি। কিন্তু তাঁর জীবনের স্বল্প পরিসরে যতটুকুই লিখেছেন, ততটুকুই হয়েছে হিরণ্ময়। তিনি উপন্যাস লিখেছেন আটটি। এগুলো হলো—অনুর পাঠশালা, নিরাপদ তন্দ্রা, জীবন আমার বোন, খেলাঘর, কালো বরফ, মাটির জাহাজ, পাতালপুরী ও অশরীরী। তাঁর গল্পগ্রন্থ প্রতিদিন একটি রুমাল ও নির্বাচিত গল্প। মৃত্যুর পর প্রকাশিত হয়েছে আরও দুটি গল্পগ্রন্থ—মানুষ মানুষ খেলা ও অগ্রন্থিত গল্প আর একটি মাত্র কিশোর উপন্যাস চিক্কোর কাবুক।এত অল্প লিখেও মাহমুদুল হক বাংলা কথাসাহিত্যে তাঁর নিজের আসনটি স্থায়ী করে নিয়েছেন। তাঁর কথাসাহিত্য সততই পাঠককে মুগ্ধ ও বিস্মিত করেছে। তাঁর শক্তিশালী গদ্যে প্রসাদগুণ ছিল অনন্য। চরিত্র সৃষ্টি ও বক্তব্যের ঋজুতা তাঁর সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য। তিনি সমকালে থেকেও আগমনীকালের ধ্বনিকে আত্মস্থ করেছেন এবং বাংলা ভাষায় তিনি এক নতুন ও নিরেট গদ্যের সূচনা করেছেন। এই অর্থে তিনি আধুনিক জীবনের রূপকে তাঁর অভিনব গদ্যে ব্যক্ত করার প্রয়াস পেয়েছেন।মাহমুদুল হকের উপন্যাসে যেমন প্রথাগত কোনো কাহিনি নেই, তেমনি গল্পসমূহেও গতানুগতিক কাহিনি অনুপস্থিত। তাহলে কেন পাঠকের কাছে মাহমুদুল হক এত জনপ্রিয়? কোন বৈশিষ্ট্য তাঁকে জ্যোতিষ্মান ও আলোকিত করেছে? তা হলো, তিনি উন্মোচন করেছেন মানুষের অন্তর্জীবনকে। মানব মনের গূঢ় মনস্তত্ত্ব, নিঃসঙ্গতা, বিচ্ছিন্নতাবোধ ও অতলস্পর্শী মানবিকতাকে তিনি কাহিনিহীন উত্তলে বয়ান করেছেন সুদৃঢ়ভাবে। ভাষার এক দুর্নিবার আলোকে ঝলসে দেন মানুষের অন্তর্জীবন।অগ্রন্থিত গল্প-এর গল্পগুলো সেই গভীর জীবনবাদী পর্যবেক্ষণকে তুলে ধরেছে। প্রতিটি গল্পের ভেতর জীবনের এক অন্তঃগূঢ় স্বপ্ন-কল্পনার প্রতীক রয়েছে। আশ্চর্য এক ভাষায় লেখক পুষ্পায়িত করেছেন তাঁর জীবন-দর্শনকে। এই জীবন-দর্শন আসলে মাহমুদুল হকের গভীর মানবিকতা। মানুষের কাছে তাঁর শৈল্পিক অঙ্গীকার। আজীবন তিনি মানুষকেই তুলে ধরেছেন—এ মানুষ উপরিতলে থাকে না, থাকে জীবনের গভীর অতলে। মাহমুদুল হকের ভাষা নির্মেদ, হূদয়গ্রাহ্য ও শাণিত। তিনি আঞ্চলিক শব্দ ব্যবহারে অব্যর্থ এবং এ ক্ষেত্রে তিনি মুনশিয়ানা দেখিয়েছেন। ব্যক্তিজীবনে তিনি পথে-প্রান্তরে ঘুরেছেন। লোকজীবন পর্যবেক্ষণ করেছেন। দেখেছেন গ্রামীণজীবন ও নগরজীবনের নাড়ি-নক্ষত্র। মিশেছেন নিম্নতল ও উপরিতলের মানুষের সঙ্গে। আত্মস্থ করেছেন দুই জীবনকে গভীরভাবে। গ্রন্থের প্রায় প্রতিটি গল্পেই মাহমুদুল হক তাঁর শিল্পীসত্তার ওই অতিমানবিকতার দিকটি ভাষায়িত করেছেন। একটি মাত্র অনুবাদ গল্প ছাড়া মোট গল্পের সংখ্যা ৪২টি। গ্রন্থের প্রথম গল্পের নাম ‘দুর্ঘটনা’। গল্পটি ছোট কিন্তু মাহমুদুল হকের আমরণ অঙ্গীকারকে ইঙ্গিত দেয়। অনেক অসাধারণ গল্পের মধ্যে যে গল্পগুলো সবচেয়ে বেশি নাড়া দেয়, সেগুলো হলো: ‘মিনুর জন্য গল্প’, ‘ওরা বেঁচে আছে’, ‘যাদের কথা কেউ ভাবে না’, ‘রাহুমুক্ত’, ‘মুহূর্ত নায়িকা’, ‘নিহত নিসর্গে কিছুক্ষণ’, ‘বিষ’, ‘মানুষ মানুষ খেলা’, ‘হঠাৎ জ্যোৎস্নায়’ প্রভৃতি। এ সব গল্পে উঠে এসেছে যাপিত জীবন, সংগ্রাম, আশা, হতাশা, স্বপ্ন ও মৃত্যুর অবিচল চালচিত্র।  মিনাজ মুরনদীপ্রেমবাংলা দেশের নদ নদী ও পরিকল্পনা—কপিল ভট্টাচার্য \ প্রকাশক: সংহতি প্রকাশন \ জানুয়ারি ২০০৮\ ২০০ টাকাকবির ভালোবাসা, জনসেবকের দায়বদ্ধতা আর বিশেষজ্ঞ জ্ঞান মিলিয়ে যা হয়, কপিল ভট্টাচার্যের বাংলা দেশের নদ নদী ও পরিকল্পনা বইটি তাই-ই। যদিও তাঁর সময়ে পরিবেশবাদ ততটা দানা বাঁধেনি, তবু তাঁকে বলা হয় ভারতের প্রথম আধুনিক পরিবেশবাদী। নদী ও মানুষের সম্পর্ক এবং উভয়ের দ্বারা উভয়ের কল্যাণকেই তিনি তাঁর নদীপরিকল্পনা ও নদী ব্যবস্থাপনা চিন্তার গোড়ায় রেখেছেন। তাই ভারত সরকারের ফারাক্কা ব্যারেজ যে বিষফল দেবে, সে সম্পর্কে তাঁর সচেতনতা ছিল ষোলআনা। সেই ১৯৪৮-৪৯ সালে যখন প্রথম পরিকল্পনাটির কথা ভারত সরকারের মাথায় আসে, তখনই তিনি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের চিঠি লিখে এর বিপদের কথা জানান। মূলত তাঁর বিরোধিতার কারণেই পরিকল্পনাটি থমকে যায়। কিন্তু ষাটের দশকের শুরুতে আবার এ নিয়ে তোড়জোড় শুরু হলে তিনি নামেন জনমত গঠনের কাজে। এই বইটি তাঁর সেই সময়ের সরকারি নদীশাসন পরিকল্পনারই সমালোচনা। কিন্তু যেহেতু সাধারণ জনগণকে বোঝানোর জন্য লেখা, সেহেতু এটি হয়ে উঠেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নদী বিষয়ে আগ্রহী যে কারও সহায়ক বই।ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রধান নদীপ্রকৌশলী, কিন্তু নদীশাসন পরিকল্পনায় সরকার তাঁর কথা শোনেনি। বৃহৎ ব্যবসায়ী শক্তি আর বিদেশি পরামর্শদাতাদের চাপে শেষ পর্যন্ত ফারাক্কা ব্যারেজ হলোই। এবং সময় প্রমাণ করল, কপিল ভট্টাচার্যের বিরোধিতা সঠিক ছিল। তিনি লিখেছিলেন, ‘ফারাক্কা হলে কলকাতা বন্দর ধ্বংস হয়ে যাবে...পাটনা শহর অবধি গঙ্গার বন্যায় বিপন্ন হতে পারে।’ এবং ‘ব্রহ্মপুত্রের বন্যা পদ্মার ওপর দিকে চাপ দিয়ে পদ্মার খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।’ কেবল তাই নয়, এর প্রভাবে বাংলাদেশ অংশের পদ্মায় পলি ভরাট হতে থাকা এবং এর দক্ষিণ পাড়ে বন্যার প্রকোপ বাড়ার হুঁশিয়ারিও তিনি দেন। সেই ১৯৫৩-৫৪ সালে বলা তাঁর সেই কথা অচিরেই প্রমাণিত হলো। ফারাক্কা দামোদরের বন্যাকে আরও বাড়িয়েছে, কলকাতা বন্দরের নাব্যতা কমিয়েছে এবং ভাটিতে বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণের বিপর্যয় নিয়ে এসেছে। বাংলাদেশের নদী, এর বৈচিত্র্যপূর্ণ গঠন, কালে কালে এর বিভিন্ন পরিবর্তন নিয়ে প্রথম প্রকাশের পর থেকে এখনো বাংলা ভাষায় খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ বাংলা দেশের নদ নদী ও পরিকল্পনা। নদীপ্রকৌশলী হলেও তাঁর চোখে বাংলার নদীগুলো এই অঞ্চলের প্রাণ। এই নদীগুলোর টিকে থাকা এবং এর প্রবাহের দ্বারা অর্থনীতির, কৃষির ও যোগাযোগের উপকার সাধনের পন্থাগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। সুষ্ঠু নদী পরিকল্পনার স্বার্থেই এ বিষয়ে ভারত-বাংলাদেশের একসঙ্গে কাজ করার জরুরি বিষয়েও তাঁর ধারণা স্বচ্ছ। এদিক থেকে তিনি ইংরেজ শাসনামলে ভারতবর্ষে কাজ করতে আসা বিশ্ববিখ্যাত ব্রিটিশ নদীপ্রকৌশলী স্যার উইলিয়াম উইলকক্সের উত্তরসূরি। তাঁর মতো উইলকক্সও সেই সময়ের ভারত সরকারের নদীশাসন-ব্যবস্থা নিয়ে দ্বিমত পোষণ করেন এবং তা যে কৃষিসহ জনগণের অশেষ ক্ষতির কারণ হবে, সেই সিদ্ধান্তে পৌঁছান। কপিল ভট্টাচার্যও জনস্বার্থের জায়গা থেকে নদী ও তার ব্যবহার বুঝতে গিয়ে সরকারি আমলা, অদূরদর্শী বিশেষজ্ঞ ও বিদেশি পরামর্শদাতাদের ভুলগুলো তুলে ধরেছেন। ১৬টি পরিচ্ছেদে বিভক্ত ১৭৫ পৃষ্ঠার বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৪ সালে। বাংলাদেশের পাঠকদের জন্য এটির পুনর্মুদ্রণ করে সংহতি প্রকাশন দায়িত্বশীলতারই পরিচয় দিয়েছে। ফারুক ওয়াসিফ