বইপত্র: বইয়ের দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে
সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে

সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে
লেখক: সন্জীদা খাতুন
প্রকাশক: নবযুগ প্রকাশনী
দাম: ৬২৫ টাকা
‘জীবনে দ্বন্দ্ব আর ছন্দ দুটিই স্বাভাবিক বলে কঠিন বাধা পেরিয়ে অবশেষে সহজ গতিতেই এগিয়ে যেতে পারে মানুষ।’—বইয়ের শুরুতে ‘প্রসঙ্গ কথা’য় এমনই বলেছেন সন্জীদা খাতুন। বইটির প্রায় প্রতিটি পাতাতেই রয়েছে সেই কঠিন জীবনের সহজ বয়ান।
সন্জীদা খাতুন আমাদের সাংস্কৃতিক জগতে এক অনন্য মানুষ। ভাষা আন্দোলন, সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন, পয়লা বৈশাখে রমনার বটমূলে বর্ষবরণ ইত্যাদির মধ্য দিয়ে বাঙালির সাংস্কৃতিক জীবনকে ঋদ্ধ করতে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছে ‘ছায়ানট’, ‘রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’, ‘ব্রতচারী’, ‘কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন’ ও ‘নালন্দা বিদ্যালয়’-এর মতো প্রতিষ্ঠান। এসব তাঁর গতিশীল জীবনের উপাখ্যান। কিন্তু এই জীবনের আড়ালেও আছে আরেক জীবন। সেই জীবনে সন্জীদা খাতুনের গল্প কেমন? জানা যাবে এই বইটিতে।

মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা
মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা

মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা
লেখক : হাসান ফেরদৌস
প্রকাশক : প্রথমা প্রকাশন
দাম : ৪০০ টাকা
আমাদের মহান মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্ব দুই পরাশক্তিতে বিভক্ত ছিল। একটির নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যটির তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। গবেষক-প্রাবন্ধিক হাসান ফেরদৌস মুক্তিযুদ্ধে সোভিয়েত বন্ধুরা বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন সেই সময়ে আন্তর্জাতিক পরিসরে আমাদের মুক্তিযুদ্ধ কতটা আলোড়ন সৃষ্টি করেছিল, তার বিবরণ। এযাবৎ অনুদ্ঘাটিত, স্বল্পজ্ঞাত তথ্যের সমাবেশ ঘটিয়ে দেখিয়েছেন আমাদের মুক্তিযুদ্ধে সোভিয়েত সমর্থন ভূরাজনৈতিক স্বার্থবোধ দ্বারা তাড়িত ছিল কি না।


দেখিয়েছেন আমাদের মুক্তিযুদ্ধের একেবারে অন্তিম পর্যায়ে নিরাপত্তা পরিষদে সোভিয়েত ভেটো এবং মার্কিন আণবিক অস্ত্রবাহী সপ্তম নৌবহরের মোকাবিলায় সোভিয়েত সপ্তম নৌবহর প্রেরণের ঘোষণা মুক্তিযুদ্ধের বিজয়ে কতটা সহায়ক হয়েছিল।

মজার পড়া ১০০ ছড়া
মজার পড়া ১০০ ছড়া

মজার পড়া ১০০ ছড়া
লেখক: আলম তালুকদার
প্রকাশক: অ্যাডর্ন পাবলিকেশন
দাম: ২১০ টাকা
‘বইয়ের পাতায়/ নিজের মাথায়/ আলোর কারুকাজ/ বুঝতে পারো আজ।’ আলম তালুকদারের মজার পড়া ১০০ ছড়া বইটিতে খুঁজে পাওয়া যাবে ১০০টি মজার ছড়ার কারুকাজ। এখানে অনন্য ছন্দের জাদুতে পলিথিনের সঙ্গে তিনি জুড়ে দিতে পারেন ‘থলিথিন’। নিমেষেই গাছ হওয়া মানুষটি, কিংবা যে গভীর জলে নাক ভাসিয়ে তিন পায় হাসে, তার পরিচয়ও পাওয়া যায় এখানে। একইভাবে আছে একাত্তরের কথাও।
‘ও পানি তুই বাড়বি কত/ আকাশ ধরবি নাকি?’—আবার আকাশ ধরা পানির সঙ্গে সঙ্গে ছড়াকার এখানে বারবার ছড়ার ঢেউয়ে ভাসিয়েছেন। শাপলা শালুকের সঙ্গে আকাশ ঘেঁটে নামিয়ে এনেছেন ছন্দের সুতোয় বাঁধা ‘আকাশ-তারা’দের। ‘যখন তুমি দেখবে কালো/ তখন তুমি চাইবে আলো/ কিন্তু আলো কই?/ অন্ধকারে দেখতে পাবে/ সব কালোদের গিলে খাবে/ একটি ভালো বই।’ মজার পড়া ১০০ ছড়া মুহুর্মুহু ছন্দের দুলুনিতে সবাইকেই আচ্ছন্ন করবে।