বইমেলা ও ফজলে রাব্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম আলোয় গত ৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের লেখা ‘একুশে বইমেলার গোড়ার কথা’ শীর্ষক নিবন্ধে বইমেলা সম্পর্কে নানা তথ্য আছে। তার সঙ্গে প্রাসঙ্গিকভাবে আরও তথ্য যোগ করার মানসেই এই রচনা।
প্রথমত, সরদার জয়েনউদ্দীনকে ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অব বুকস (আলফ্রেড স্টেফারাড রচিত/সম্পাদিত, ১৯৫৩ সালে প্রকাশিত) বইটি দিয়েছিলেন বাংলা একাডেমির তৎকালীন প্রকাশনা কর্মকর্তা ফজলে রাব্বি (যিনি পরবর্তী সময়ে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হয়েছিলেন)। তিনি বাংলা একাডেমির সংগ্রহে আসা বইটি পড়ে বুক ফেয়ার বা বইমেলার ধারণাটি যে জানতে পারেন, সেটিও তিনি সরদার জয়েনউদ্দীনকে জানান। এরপর সরদার জয়েনউদ্দীন নিজে বইটি পড়েন এবং বইমেলার বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন। যার ফলে ১৯৬৫ সালে তিনি ঢাকায় আয়োজন করেন শিশু গ্রন্থমেলা। দ্বিতীয়ত, ১৯৭০ সালে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে যে সপ্তাহব্যাপী গ্রন্থমেলার আয়োজন করা হয়েছিল, তার মূল আয়োজক ছিল নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগার। এতে জাতীয় গ্রন্থকেন্দ্র ও কেন্দ্রীয় বাঙলা উন্নয়ন বোর্ড (পরে বাংলা একাডেমির সঙ্গে একীভূত) সহায়তা দিয়েছিল। ফজলে রাব্বি ছিলেন সুধীজন পাঠাগারের প্রতিষ্ঠাতা কর্মাধ্যক্ষ। সাংস্কৃতিক সপ্তাহের অংশ হিসেবে এটি আয়োজিত হয়, যা বাংলাদেশের প্রথম বড় পরিসরের গ্রন্থমেলা। এটি আয়োজনেও সক্রিয় সহযোগিতা করেছিলেন সরদার জয়েনউদ্দীন। তৃতীয়ত, ১৯৬৭ সালে যশোরে অধ্যাপক শরীফ হোসেন প্রথম বইমেলার সূত্রপাত ঘটান, যা অল্প সময়ের মধ্যেই বৃহত্তর যশোরে ছড়িয়ে পড়ে।

.
.

বস্তুত বাংলাদেশের বইমেলার বীজ রোপণের ও তা লালনের জন্য মরহুম সরদার জয়েনউদ্দীনের পাশাপাশি ফজলে রাব্বি ও মরহুম অধ্যাপক শরীফ হোসেনের অবদান সম্পর্কে অবহিত হওয়া ও নতুন প্রজন্মকে অবহিত করা প্রয়োজন। তা ছাড়া ফজলে রাব্বি ও মরহুম অধ্যাপক শরীফ হোসেন বাংলাদেশের গণগ্রন্থাগার আন্দোলনকে দশকের পর দশক ধরে বিভিন্নভাবে সংগঠিত ও বিস্তৃত করার জন্য নিরলসভাবে কাজ করেছেন। তাঁদের প্রয়াস এটাও প্রমাণ করে যে গ্রন্থপ্রেমী ও শিক্ষানুরাগী মানুষেরাই বইমেলার সূত্রপাত ঘটিয়েছেন, কোনো এক বা দুজন প্রকাশক নন। আর বইমেলার সূচনাপর্বে ঢাকার চেয়ে ঢাকার বাইরের প্রতিষ্ঠান ও সংগঠকদের ভূমিকা ছিল অনেক বেশি। ভালোভাবে অনুসন্ধান করলে হয়তো আমরা ঢাকার বাইরের আরও কিছু ব্যক্তি ও সংগঠনের কথা জানতে পারব বইমেলার সূচনাপর্বের অন্যতম আয়োজক হিসেবে।
আসজাদুল কিবরিয়া
ঢাকা।