বইমেলা শুরু হওয়ার পর থেকে নানাভাবে বিবর্তিত হচ্ছে মেলার ধরন-ধারণ। এবারের মেলা সাজানো হয়েছে কিছুটা নতুনভাবে। দেশের উল্লেখযোগ্য কয়েকজন লেখক বলেছেন তাঁদের নতুন বইয়ের খবর, সেই সঙ্গে বইমেলা ঘিরে তাঁদের নিজস্ব ভাবনা ও প্রত্যাশার কথা। জানাচ্ছেন কাজল রশীদ
বইমেলা কেমন চাই
সৈয়দ শামসুল হকএবার বইমেলায় আমার গল্প-কবিতা-অনুবাদ-উপন্যাস মিলিয়ে সাতটি বই বেরোচ্ছে। যত দিন যাচ্ছে, বইমেলার বিবর্তন হচ্ছে। লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হয়েছে বইমেলা। মেলার একটি উল্লেখযোগ্য দিক, আমাদের ভাষাশহীদের মাস ফেব্রুয়ারি বই প্রকাশের মৌসুম হিসেবে চিহ্নিত হচ্ছে।মেলার পরিসর বাড়ানোর জন্য বইমেলা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়া যেতে পারে। এতে আরও খোলামেলা পরিসরে পাঠক বই দেখতে পারবেন।যাঁরা প্রতিষ্ঠিত, তাঁদের তুলনায় যাঁরা এখনো পুরোপুরি প্রতিষ্ঠা পাননি কিংবা একেবারে নবীন, তাঁদের জন্য বইমেলার গুরুত্ব অপরিসীম। ভালো লাগছে, প্রকাশকেরা নতুন লেখকদেরও খুঁজে বের করছেন। খুশি হতাম, যদি বইমেলায় শুধুই একজন লেখককে ঘিরে কোনো আয়োজন থাকত, যেখানে পাঠকেরা সরাসরি তাঁর সঙ্গে কথা বলতে পারবেন।শামসুজ্জামান খানবইমেলায় চারটি বই বেরোচ্ছে, বইয়ের সংখ্যা আরও বাড়তে পারে। বাংলা একাডেমীর মহাপরিচালক হিসেবে যথাসাধ্য চেষ্টা করছি, বইমেলাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে। কাজটা কঠিন। কারণ, এখানে নানা রকম স্বার্থ জড়িত। রাজনৈতিক শক্তির তৎপরতা রয়েছে। আনন্দের কথা, বিচ্ছিরি, বারোয়ারি চেহারা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। মেলার পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেছে, মানুষ এখন অনেক বেশি স্বচ্ছন্দভাবে ঘোরাঘুরি করছে।অত্যন্ত দুঃখজনক ব্যাপার, মেলায় পাইরেটেড বই বিক্রি হচ্ছে। আমরা বাইরের বইয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে রয়ালিটি প্রদানের ব্যাপারটি নিশ্চিত করতে চাইছি। বইয়ের গুণগত মানও নিশ্চিত হচ্ছে না। চিত্তরঞ্জন সাহা সম্পাদনা ছাড়া একটি বইও ছাপাননি। অথচ এখন এ কাজটাই নির্বিঘ্নে করা হচ্ছে। গুণগত মানের চেয়ে বইয়ের লাভটাই বড় হয়ে দেখা দিয়েছে। বইমেলার ইতিবাচক দিক হলো, বইমেলাকে ঘিরে বাংলা একাডেমীর আলোচনা অনুষ্ঠান এবং অন্যান্য আয়োজনে নতুন প্রজন্ম একুশে ফেব্রুয়ারি, শহীদ মিনার, স্বাধীনতার নানা দিক সম্পর্কে জানতে পারে। বইমেলায় এসে নতুন প্রজন্ম ফিরে যায় একটা নতুন ধরনের চেতনা নিয়ে। সেভাবেই আমরা আলোচনার বিষয়গুলো নির্বাচন করতে চেষ্টা করি। যেমন এবার মেলার প্রথম দিন আলোচনার বিষয় ছিল ‘অপার সম্ভাবনার বাংলাদেশ’।আকবর আলি খানবইমেলায় আমার বই—আজব ও জবর- আজব অর্থনীতি বেরিয়েছে প্রথমা প্রকাশন থেকে। বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় ও প্রাণের উৎসব বইমেলা। জায়গাটা ছোট হওয়ায় চাপটা বেশি পড়ে। ধুলাবালুর সমস্যা তো আছেই। সোহরাওয়ার্দীতে সরিয়ে নেওয়া যেতে পারে। দুঃখজনক হলো, বইমেলার বেশির ভাগ বই-ই মানসম্মত নয়। প্রকাশকদের এ ব্যাপারে মনোযোগী হওয়াটা জরুরি।বছরজুড়ে বইয়ের প্রকাশনা হওয়া উচিত। অথচ আমাদের দেশে বেশির ভাগ বই ছাপা হয় বইমেলাকে ঘিরে। লেখকদের এ কারণে ডেডলাইন মেনে চলতে হয়। এর প্রভাব পড়ে বইয়ের গুণগত মানের ওপর, ডেডলাইনের চাপে বইয়ের গুণগত মান অনেক সময় রক্ষা করা সম্ভব হয় না। এটা ভালো বই পাওয়ার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধক।নাসরীন জাহানসাধারণত বইমেলায় আমার একটি বই বেরোয়। এবার ব্যতিক্রম হলো; তিনটি বেরিয়েছে। বইমেলা তো রীতিমতো একটা উৎসব। তরুণ লেখকদের জন্য বইমেলা একটি প্ল্যাটফর্ম। সবকিছু দেখে আমার অবশ্য মনে হয়, বইমেলাও চলে গেছে বুর্জোয়াদের দখলে। কারণ, মেলা থেকে ছোট প্রকাশকদের বাদ দেওয়া হচ্ছে।গাছ না কেটে সোহরাওয়ার্দীতেও মেলা করা যেতে পারে। তাতে একটু আড্ডার জায়গা পাওয়া যাবে। সস্তায় হালকা খাবার পাওয়া যায়, এ রকম ক্যানটিন থাকা উচিত। বাঙালির সামাজিক উৎসব কখনো গুরুগম্ভীর ছিল না। দুঃখজনক ব্যাপার হলো, অনেক অ-খাদ্য, কু-খাদ্য বইয়ে ভরে যায় বইমেলা। যেহেতু বই প্রকাশের ক্ষেত্রে কোনো সেন্সরিংয়ের ব্যবস্থা নেই, তাই যা-তা বই বেরোয়। আগে একটা বই বের হওয়া অনেক বড় ব্যাপার ছিল। লেখক অনেক প্রস্তুতি নিয়ে একটি বই করতেন। এখন যেনতেনভাবে বই বের করাটাই মুখ্য। গুণগত মানের দিকে খেয়াল নেই বললেই চলে। এতে ভালো লেখক তৈরি হওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।অদিতি ফাল্গুনীমেলায় এবার আমার একটি বই এসেছে, কিফু কান দিনঅথবা লক্ষ্মী পাঁচালী ও ব্রতকথা। বইমেলা নিয়ে নানা রকম প্রত্যাশা তো থাকেই। টিএসসির গেট থেকে বাংলা একাডেমী পর্যন্ত যেতেই লাউড স্পিকারে হিন্দি গান শুনতে হয়। এর থেকে নিস্তার পাওয়া দরকার। ধুলা আরেকটু কম থাকুক। ডোরেমন-পোকেমন-এর বইয়ের বদলে শিশুদের হাতে উঠুক ঠাকুর মা’র ঝুলি বা সুকুমার রায়ের শিশুসাহিত্য কিংবা হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসনের রূপকথার অনুবাদ। ফুটপাতে বিদেশি বইয়ের অবারিত বিক্রি বন্ধ হোক। ছুটির দিনগুলোয় বা পয়লা ফাল্গুন, ভ্যালেন্টাইনস ডে, একুশে ফেব্রুয়ারির মতো বিশেষ দিবসের ভিড় যেন উচ্ছৃঙ্খল ও নারীপীড়ক হয়ে না ওঠে। ক্রেতা-বিক্রেতা-প্রকাশক-লেখক সবার জন্য শুভ বার্তা নিয়ে আসুক এবারের বইমেলা।