বইমেলা দেশে দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকং বইমেলা। ছবি: সংগৃহীত
হংকং বইমেলা। ছবি: সংগৃহীত

লন্ডন বইমেলা
বই কেনাবেচার একটি উল্লেখযোগ্য মেলা হলো, লন্ডন বইমেলা। ১৯৭১ সালের ৫ নভেম্বর ছোট পরিসরে শুরু হয় এই বইমেলার। ১৯৭৭ সালে এর নামকরণ হয় ‘লন্ডন বুক ফেয়ার’। সাধারণত মধ্য এপ্রিলে অনুষ্ঠিত হলেও এ বছর মেলাটি অনুষ্ঠিত হবে মার্চে।
পাঠক কী পড়বে, আজ বিজ্ঞান কল্পকাহিনি খুব পড়ছে মানেই কি কালও তা–ই পড়বে? পলায়নপর সাহিত্যে রুচি বেশি, নাকি ঝোঁক বাস্তবমুখিতার?—এই সব রুচি আর পছন্দের হাওয়া মোটামুটি দেড় বছর আগে থেকেই আন্দাজ করে বই প্রকাশের কাজটিতে নামতে হয় এই বইমেলার প্রকাশকদের। আজ যদি সাইকোথ্রিলারের বাজার রমরমা থাকে, দেড় বছর পরে রাজনৈতিক উপন্যাস তার জায়গা করে নিতে পারে—এই সব প্রবণতার কারণে অনেক আগে থেকেই তাঁদের হিসাব-নিকাশ করতে হয়। আর লন্ডন বইমেলা এ জন্য প্রকাশকদের একটা উৎকৃষ্ট ঠিকানাও বটে। এ মেলায় এ বছর ইন্দোনেশিয়াকে মার্কেট ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ‘কল্পনার ১৭ হাজার দ্বীপ’ প্রতিপাদ্য নিয়ে ইন্দোনেশিয়া এবার থাকবে এখানে। লন্ডন বইমেলাটি যতখানি না বইয়ের, তার চেয়েও বইয়ের বিষয়বস্তুর উপস্থাপন, কেনাবেচা, দরদাম, স্বত্ব, বাজার গতিপ্রকৃতি নির্ণয়ের কেন্দ্রবিন্দু। তাই বিষয়বস্তু উপস্থাপনের মাধ্যম হিসেবে বই, চলচ্চিত্র, ভিডিও গেমস বা যেকোনো মিডিয়ার আলোচনাই প্রাধান্য পায় এখানে।

হংকং বইমেলা
হংকং বইমেলা এশিয়ার আরেক উল্লেখযোগ্য গ্রন্থমেলা। ২০১৮ সালে ১০ লাখের বেশি দর্শনার্থীর সমাগম ঘটেছিল এখানে । ১৯৯০ সালে এ মেলার গোড়াপত্তন হয়। প্রতি জুলাইয়ে শুরু হয়ে এটি চলে এক সপ্তাহ। গত বছর কিছু কিছু প্রকাশনী শেষ দিকে ৫০ শতাংশ ছাড়ে বই বিক্রি করায় স্যুটকেস বোঝাই বই কিনে জেতার অনুভূতি নিয়ে ফিরেছেন অনেক পাঠক। আবার মূল চীনের ছড়ি ঘোরানোর বাইরে হংকং আইনগত কিছু সুবিধা ভোগ করে, তার বরাতে চীনের অধিবাসীরাও কাঙ্ক্ষিত নিষিদ্ধ বইটি নিয়ে চুপিচুপি বাড়ি ফেরার সুযোগ ছাড়ে না এ মেলা থেকে। মূলত আঞ্চলিক সাহিত্যের প্রসারের লক্ষ্যে আয়োজিত হলেও বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ বইসহ সাম্প্রতিক প্রকাশনাগুলো পাওয়া যায় এখানে। একসময়ের কোনো বিখ্যাত বই, যার আর কোনো সংস্করণ পাওয়া যায় না কিংবা দুষ্প্রাপ্য সাহিত্যকর্মের পাণ্ডুলিপিও প্রদর্শিত হয় এই মেলায়।
গত বছর এ মেলার প্রতিপাদ্য ছিল ‘রোমান্স সাহিত্য’। ৩৯টি দেশ ও অঞ্চল থেকে প্রতিনিধিরা এতে অংশ নিয়েছিলেন। ১৪টি বিষয়ভিত্তিক অঞ্চলে ভাগ করা হয় পুরো মেলাকে, এর মধ্যে ছিল শিশুদের জন্য, ইংরেজি ভাষার বই, আন্তর্জাতিক সংস্কৃতি, সাধারণ বই, ই-বুক ইত্যাদি বিভাগ।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, বিবিসি নিউজ, সাউথ চায়না মর্নিং পোস্ট ও দ্য জাকার্তা পোস্ট
গ্রন্থনা: নুসরৎ নওরীন