বইয়ের দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপন্ন নারী
লেখক: মালেকা বেগম
প্রকাশক: মুক্তধারা
দাম: ২৫০ টাকা
বিপন্ন নারী বইটি নারীসমাজের নানা বিষয় নিয়ে লিখিত কতিপয় প্রবন্ধের সংকলন। বিভিন্ন সময়ে লেখা এই ১০টি প্রবন্ধের মূলে আছে নারীর নানা সমস্যা ও আন্দোলনের কথা। এসবের সারকথা—নারীর বিপন্নতা। নারীর বিপন্নতা শুধু নারীকেই ক্ষতিগ্রস্ত করে না, পুরো সমাজ-রাষ্ট্রকেও বিপন্ন করে। পুরুষ ও পুরুষতান্ত্রিকতার আঘাতে বিপন্ন নারী সেই মূল কেন্দ্রকেই চুরমার করতে চায়। ১০টি প্রবন্ধের অভ্যন্তরে নারীর আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে নারীর জীবনের দরকারি কথাগুলোই লেখক ব্যাখ্যা করেছেন, পরামর্শ দিয়েছেন। নিজস্ব দর্শন, বিবেচনা এবং নারীর বিপন্ন অবস্থার মুক্তি—এগুলো এতে গুরুত্ব পেয়েছে। বইটির কয়েকটি প্রবন্ধের শিরোনাম এ রকম। রোকেয়া সাখাওয়াত হোসেন ও নারী আন্দোলন, নারীর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে নারী, নগর ঢাকা জীবনে নারী, সংস্কৃতি ও নারী, বাংলাদেশের নারী আন্দোলন ইত্যাদি।

সমুদ্র অনেক বড়
লেখক: আখতার হুসেন
প্রকাশক: প্রথমা প্রকাশন
দাম: ১৭৫ টাকা
ছোটদের জন্য নানা স্বাদের ১৫টি গল্পের সংকলন নিয়ে বই সমুদ্র অনেক বড়। শিশুসাহিত্যিক আখতার হুসেনের কলমে চমৎকার সব গল্প ডানা মেলেছে এই বইয়ে। চীন ও জাপানি পুতুলের অস্ত্রশস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার গল্প এখানে আছে, আছে কোকিল পাখির দুঃখের গল্পও। কুয়োর ব্যাঙ কীভাবে সমুদ্র দর্শন করল—সেই গল্পও বাদ দেননি শিশু-কিশোরদের প্রিয় এই লেখক। ১৫টি গল্পের প্রতিটিই পাঠের পর মনোজগতে এক ভিন্ন রকম অনুভূতি হবে। যে অনুভবে থাকবে আনন্দ-বেদনা এবং সুখ ও দুঃখের খতিয়ান। সবার ওপরে আছে ভাবনার জগতে লুকিয়ে থাকা অজানা রহস্যের মতো অনেক কিছু। ছোটদের জন্য তো বটেই, বড়রাও পাঠ করে আনন্দ পাবেন সমুদ্র অনেক বড় বইটি।

মহাভারতের অষ্টাদশী
লেখক: নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
প্রকাশক: আনন্দ পাবলিশার্স
দাম: ১০০০ টাকা
মহাভারতের প্রধান এবং বিশিষ্ট নারীচরিত্রগুলো নিয়ে অনন্য এক বই মহাভারতের অষ্টাদশী। শরীরের বয়স বাড়লেও নারীর মনের বয়স বাড়ে না, জীর্ণ-পক্ব শরীরের সঙ্গেও গভীর সঙ্গোপনে অষ্টাদশী মন কাজ করে চলে। মহাভারতের বিশাল চালচিত্রে রয়েছে মুনি-ঋষি এবং তাঁদের পত্নীকুলের কথা। বহু বিচিত্র রাজা-মহারাজার কাহিনি। পুরুষের বীরগাথার পাশাপাশি আছে নারীকুলের প্রেম, ত্যাগ, ক্রোধ ও প্রতিহিংসার বিবরণ। আছে যন্ত্রণার ইতিকথা। এই বইয়ের আলোচিত উল্লেখযোগ্য চরিত্রগুলো হচ্ছে দেবযানী, শর্মিষ্ঠা, মাধবী, লোপা মুদ্রা, অম্বিকা, অম্বালিকা, কৃষ্ণপ্রিয়া সত্যভামা, কুন্তী-দ্রৌপদী-মাদ্রী-গান্ধারী প্রমুখ। প্রত্যেকটি চরিত্রের বিশ্লেষণ মহাভারত-এর গভীর বিচিত্র দর্শনে এই গ্রন্থের পাঠককে সমৃদ্ধ করবে। তথ্য, তত্ত্ব এবং একই সঙ্গে লেখকের জীবনাভিজ্ঞতার অভিঘাত মিশে আছে বইয়ের পুরোটা জুড়ে।
সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।

নেলসন ম্যান্ডেলা বাই হিমসেলফ
সম্পাদক: সেলো হ্যাটাং, সাম ভেনচার
প্রকাশক: ম্যাকমালিন দাম: ১১৯৮ টাকা
নেলসন ম্যান্ডেলা বাই হিমসেলফ বইটির বিশেষত্ব হলো, এটি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতির সংকলন। একই সঙ্গে এগুলো বিশ্বের স্বতঃস্ফূর্ত স্বীকৃত অভিমতও বটে। বলাই বাহুল্য, এসব অসামান্য উদ্ধৃতি, কথামালা ম্যান্ডেলার একান্ত ব্যক্তিগত এবং সংরক্ষিত; তাঁর সুনিয়ন্ত্রিত সংরক্ষণাগারে, ব্যক্তিগত প্রয়োজনে তুলে রাখা। এত সব কথা, যোগাযোগ দক্ষতার সূত্র, শ্রুতিধারণ ফিচার এবং ২০০০-এরও বেশি উদ্ধৃতি বিগত ৬০ বছর ধরে জমাকৃত। এই প্রথম এটি প্রকাশিত হলো। ম্যান্ডেলার এসব আধ্যাত্মিক উদ্ধৃতি প্রায় ৩০০ ক্যাটাগরিতে বিভাজিত; যেমন প্রবন্ধ-নির্দেশিকা, কোনো চরিত্রের মহানুভবতা ফুটিয়ে তোলে এমন মুখাবয়ব; সাহস এবং আশাবাদ, যেভাবে আমরা একজন মহৎ মানুষের কাছে শিক্ষা নিই গণতন্ত্রের সারাংশ; স্বাধীনতা এবং অধীনতা যা গণতন্ত্র, ইতিহাস, বর্ণবাদ, বিরোধ ও ঐক্য ইত্যাদি মিলিয়ে এসব উদ্ধৃতির সমন্বয়। যা পাঠান্তে মুগ্ধদৃষ্টিতে তাকিয়ে থাকতে হয় স্বতন্ত্র এক ব্যক্তিসত্তার মানসভূমিতে।