বইয়ের দুনিয়া

বিড়ালের মমি
লেখক: শরিফুল ইসলাম ভূঁইয়া
প্রকাশক: প্রথমা
দাম: ১৪০ টাকা
গা শিউরানো সাতটি ভৌতিক গল্পের আয়োজন বিড়ালের মমি। শরিফুল ইসলাম ভূঁইয়ার লেখায় এই বইয়ের গল্পগুলো হাসির, মজার ও ভয়েরও। ‘হলদে বাড়িতে এক সন্ধ্যা’ গল্প থেকে কয়েক লাইন তুলে দিলে গল্পগুলোর বৈশিষ্ট্য কিছুটা আঁচ করা যাবে—‘হঠাৎ তীক্ষ গলায় চিৎকার দিয়ে ওঠে নিকি। মা অন্ধকারেই পাগলের মতো ছুটে যান টেবিলের দিকে। চার্জার বাতিতে হাতে পড়তেই দ্রুত বোতাম টেপেন। নিমেষে উজ্জ্বল সাদা আলোয় ঘর ভরে যায়। খাটের কাছে বিকট চেহারার এক নারীমূর্তির কোলে নিকি। রূপকথার এক রাক্ষুসী যেন। চেহারাটা আরও বীভৎস করে তুলেছে অনেকখানি বেরিয়ে আসা টকটকে লাল জিব।’ এমন রোমাঞ্চকর সব বর্ণনা ও ঘটনায় বইটি অনবদ্য হয়ে উঠেছে। পড়তে পড়তে শরীর ও মন কেমন করে ওঠে।

খোকা থেকে বঙ্গবন্ধু
লেখক: বদিউজ্জামান চৌধুরী
প্রকাশক: কথামেলা প্রকাশন
দাম: ৩৭৫ টাকা
ব্যক্তিগত গুণাবলি, রাজনৈতিক প্রজ্ঞা এবং অসামান্য চরিত্রমাধুর্যের সৌরভে অবিস্মরণীয় নেতাদের কাতারে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সমগ্র জীবন ছিল ইতিহাসের অতুলনীয় এক মহাকাব্যের মতো। এ মহান ব্যক্তিত্বের জীবন নিয়ে প্রচুর গ্রন্থ রচিত হয়েছে এবং ভবিষ্যতেও হবে। অতিসম্প্রতি বঙ্গবন্ধু লিখিত অসমাপ্ত আত্মজীবনীও প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে রচিত খোকা থেকে বঙ্গবন্ধু। এ গ্রন্থ কেবল ঐতিহাসিক তথ্যনির্ভর গ্রন্থই নয়, এতে আছে বঙ্গবন্ধুর পরিবারের বিশদ পরিচিতি, বংশচরিত ও বংশলতিকা। ছাত্রাবস্থায় ও যৌবনে বঙ্গবন্ধুকে খুব কাছে থেকে দেখেছেন এ গ্রন্থের লেখক। তবু ব্যক্তিগত অভিমত, আবেগকে পাশ কাটিয়ে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নির্মোহভাবে তুলে ধরেছেন এই গ্রন্থে।

বিষ
লেখক: জয় গোস্বামী
প্রকাশক: সিগনেট প্রেস
দাম: ২০০ টাকা
জয় গোস্বামীর লেখা মানেই নতুন সৃজনমানসের স্ফুরণ। প্রকাশে, আঙ্গিকে এবং বিষয়ে নতুনের অভিমুখী জয় গোস্বামীর নতুনতর বই বিষ। এই গ্রন্থের বৈশিষ্ট্য হচ্ছে শিরোনামহীন একগুচ্ছ কবিতা, সংখ্যা দিয়ে যাদের আলাদা করে চিহ্নিত করা হয়েছে। তবে কবিতাগুলোর ভাব প্রায় একসূত্রে গাঁথা এবং কবিতাগুলো এই প্রথম গ্রন্থাকারে আলোর মুখ দেখল, পত্রিকায় ছাপা হওয়ার আগেই। বইটি সম্পর্কে জয় গোস্বামীর নিজের ভাষ্য এমন: ‘আঘাত পেলে মন ভেঙেচুরে যায়। সঙ্গে সঙ্গে লেখার ছন্দও ভাঙাচোরা, এবড়ো খেবড়ো, অসমান হয়ে পড়ে। এই বইতে তার কিছু প্রমাণ রইল। কেউ একে ত্রুটি বললে নীরবই থাকব। মনের অবস্থার সঙ্গে ছন্দের অবস্থার মিল সর্বদাই দেখতে পেয়েছি। অন্তত আমার জীবনে।’ ছোট ছোট এবং ছোট কবিতাগুলো পড়তে সহজ আর আরামদায়ক মনে হয়।

অ্যান আনসার্টেইন গ্লোরি
লেখক: জাঁ দ্রেজ ও অমর্ত্য সেন
প্রকাশক: পেঙ্গুইন বুকস
দাম: ১৩৯৮ টাকা
প্রায় ২০০ বছরের ঔপনিবেশিক শাসনের পর ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে এবং খুব দ্রুত একটি পারিবারিক গণতান্ত্রিক রাজনৈতিক পদ্ধতি অবলম্বন করে। ব্রিটিশ আমলে একবার অদৃশ্য কারণে চরম খাদ্যাভাব দেখা দেয়। ফলে রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মকাণ্ড শ্লথ হয়ে পড়ে। পরবর্তী সময়ে ভারতের অর্থনৈতিক অগ্রগতি দ্রুতই তিন দশকের হিসেবে একটি চরম আকার ধারণ করে, যাতে একধরনের পরমুখাপেক্ষিতার সামনে দাঁড়ায়। কিছু সুবিধাজনক ব্যাপার থাকা সত্ত্বেও এই মন্দাবস্থা পৃথিবীর ইতিহাসে নিম্নমুখী সূচক বলা যায়। এই বই সেই সব বিষয় ও সময়কে ধারণ করেছে। এবং একই সঙ্গে বইটি শুধু যুক্তিযুক্ত বিশ্লেষণ ও কার্যকারণ অনুসন্ধান করেনি, বরং তলিয়ে দেখার চেষ্টা করেছে ভেতর-বাইরের বিবিধ প্রসঙ্গও।
সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।