বইয়ের দুনিয়া
মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড

মিজানুর রহমান খান
প্রকাশক: প্রথমা প্রকাশন
দাম: ৬০০ টাকা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড জাতির জীবনে এক অমোচনীয় কলঙ্কস্বরূপ ঘটনা। এর পেছনে কার্যকর ছিল নানামুখী সুগভীর ষড়যন্ত্র। মুজিব হত্যাকাণ্ডের তিন দশক পর এই প্রথম খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অবমুক্ত করা দলিলের আলোকে এবং নানা সূত্রের তথ্যের ভিত্তিতে সেই হত্যাকাণ্ডের পেছনে কাদের এবং কী ধরনের ষড়যন্ত্র কার্যকর ছিল, তা তুলে ধরা হয়েছে এই বইটিতে। লেখক মিজানুর রহমান খান এ বইয়ে রীতিমতো একজন গবেষকের ভূমিকায় অবতীর্ণ। ফলে সদ্য প্রকাশিত মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড এমন এক গ্রন্থ হয়ে উঠেছে, যেখান থেকে নানা জিজ্ঞাসার যেমন জবাব মিলবে, তেমনি উন্মোচিত হবে এত দিন পর্যন্ত অ-উন্মোচিত সেই হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্যগুলো।
আর্যপত্র

তৃতীয় সংখ্যা, জুলাই, ২০১৩
দাম: বাংলাদেশ মূল্য ৬০০ টাকা
ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সংকলন বের করেছে কলকাতা থেকে প্রকাশিত সাহিত্য ও সংস্কৃতির ত্রৈমাসিক পত্রিকা আর্যপত্র। সংকলনটিতে স্থান পেয়েছে দাদাসাহেব ফালকে থেকে শুরু করে হালের ‘খান’ সাহেবরাও। এতে যেমন দিলীপ কুমার, দেব আনন্দের সাক্ষাৎকার আছে; তেমনি আছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান কি মণিরত্নমের অজানা গল্প। খোদ সত্যজিৎ ও পথের পাঁচালী নিয়েই আছে ১১টি প্রবন্ধ ও নিবন্ধ। এ ছাড়া ঋত্বিক ঘটক, মৃণাল সেন, উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন সংকলনটির অনেকটা অংশ জুড়ে। গায়ক-সংগীত পরিচালকের তালিকায় আছেন শচীন দেববর্মন থেকে এ আর রহমান। বিশ্লেষণধর্মী লেখা আছে হাল সময়ের আইটেম গান নিয়েও।
হিন্দু উইডো ম্যারিজ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা ও সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ: ব্রায়ান এ. হ্যাচার
প্রকাশক: পার্মানেন্ট ব্ল্যাক
দাম: ১৮০০ টাকা
১৮৫৬ সালে হিন্দু বিধবা আইন পাস হওয়ার আগে, ভারতবর্ষে হিন্দু নারীদের স্বামী মারা যাওয়ার পর পরই তাঁদের মাথার চুল কামিয়ে ফেলা হতো। রঙিন শাড়ি খুলে সাদা থান পরিয়ে দেওয়া হতো। মাছ-মাংসসহ সব ধরনের প্রাণিজ আমিষ বাকি জীবনে সে স্পর্শ করতে পারত না। এই বিধবা নারীদের পাশে দাঁড়ান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গড়ে তোলেন সামাজিক আন্দোলন। ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর পাস হয় বিধবা বিবাহ আইন। মুক্তি পান হিন্দু বিধবারা। আবার বিয়ে করার আইনি অধিকার পান তাঁরা। বিদ্যাসাগরের এই প্রচেষ্টার নানা দিক নিয়ে তিনি নিজেই বহু লেখালেখি করেছেন। সেসব লেখার ইংরেজি অনুবাদ এবং গবেষণালব্ধ ভূমিকা ও মন্তব্য নিয়ে এই বই।
সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।