বইয়ের দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীতি ও ন্যায্যতা
নীতি ও ন্যায্যতা

নীতি ও ন্যায্যতা
অমর্ত্য সেন
বাংলা সংস্করণ সম্পাদনা: অনির্বাণ চট্টোপাধ্যায় ও কুমার রাণা
প্রকাশক: আনন্দ পাবলিশার্স লিমিটেড, কলকাতা
দাম: ৪৫০ টাকা

অমর্ত্য সেনকে বাঙালি পাঠকের কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিশেষ করে ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ের পর তিনি বাঙালি পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত হয়ে ওঠেন। সম্প্রতি তাঁর প্রকাশিত দি আইডিয়া অব জাস্টিস বইটি আবারও বিশ্বের বুদ্ধিজীবী মহলে দারুণভাবে আলোচনার জন্ম দিয়েছে। সেই ধারাবাহিকতায় বইটির বাংলা অনুবাদ সংকলন করেছেন অনির্বাণ চট্টোপাধ্যায় ও কুমার রাণা। বইটিতে ন্যায্যতা বিষয়ে এমন কিছু তত্ত্বের আলোচনা রয়েছে, যা ন্যায্যতার মূলধারার তত্ত্বগুলোর একটা বিকল্প তত্ত্ব হিসেবে উপস্থাপিত। এসব তত্ত্বে অমর্ত্য সেন দেখিয়েছেন, কীভাবে একটি ন্যায্য সমাজ গড়ে তোলা যায়। সে জন্য অনন্ত সাধনার প্রয়োজন নেই—এমন কথা অমর্ত্য সেনের।

ঢাকা জেলার ভূমিব্যবস্থা ও ভূমিরাজস্ব প্রশাসনিক ইতিহাস
ঢাকা জেলার ভূমিব্যবস্থা ও ভূমিরাজস্ব প্রশাসনিক ইতিহাস

ঢাকা জেলার ভূমিব্যবস্থা ও ভূমিরাজস্ব প্রশাসনিক ইতিহাস
কাবেদুল ইসলাম
প্রকাশক: অবসর
দাম: ৬০০ টাকা
সতেরো শতকে ঢাকা বাংলার রাজধানী হওয়ার পর এই শহরকে কেন্দ্র করে মোগল শাসকেরা সুবৃহৎ বাংলামুলুকে গড়ে তোলেন সুবা বা প্রদেশ। এ অঞ্চলে সে সময় কেন্দ্রীয় ও স্থানীয় নিয়মনীতির মিশেলে চালু হয় ভূমিরাজস্বব্যবস্থা। ঢাকা জেলার ভূমিব্যবস্থা ও ভূমিরাজস্ব: প্রশাসনিক ইতিহাস বইয়ে আরও অনেক তথ্যের সঙ্গে পাওয়া যায় এই তথ্য। এখানে ঢাকার প্রশাসনিক কাঠামো, ভূমিব্যবস্থা ও ভূমিরাজস্ব ব্যবস্থার স্বরূপ তুলে ধরা হয়েছে। বইয়ের বিভিন্ন অধ্যায়ে মোগল ও নবাবী যুগ এবং পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ১৭৬৫ সালে ‘দেওয়ানি’ অধিগ্রহণের আগে ঢাকার ভূমিব্যবস্থা, রাজস্ব ও প্রশাসনিক ব্যবস্থার বাতাবরণ চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। যেখানে অনেক ক্ষেত্রে লেখক অবতীর্ণ হয়েছেন ঐতিহাসিকের ভূমিকায়।

দ্য কনভার্ট, এ টেল অব এক্সাইল অ্যান্ড এক্সট্রিমিজম
দ্য কনভার্ট, এ টেল অব এক্সাইল অ্যান্ড এক্সট্রিমিজম

দ্য কনভার্ট, এ টেল অব এক্সাইল অ্যান্ড এক্সট্রিমিজম
ডেবোরাহ্ বাকের
প্রকাশক: পেঙ্গুইন বুকস
দাম: ৫৯৮ টাকা
নিউইয়র্কে একটি ইহুদি পরিবারে জন্ম নেন মার্গারেট মার্কাস। ১৯৬২ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানে চলে আসেন। নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন মরিয়ম জমিলা। লাহোরে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদীর বাড়িতে তাঁর ‘ধর্মকন্যা’ হিসেবে আশ্রয় নেন। পরবর্তী সময়ে ইসলাম, মুসলিম বিশ্ব এবং মুসলমানদের ওপর পশ্চিমা বিশ্বের উৎপীড়নমূলক নীতি—ইত্যাদি বিষয় নিয়ে বহু গবেষণা ও প্রামাণ্যগ্রন্থ রচনা করেন। এই মরিয়ম জমিলার জীবন ও দর্শন নিয়ে ডেবোরাহ্ বাকের লিখেছেন এই বই। জমিলাকে লেখা মওদুদীর চিঠি এবং যুক্তরাষ্ট্রে বাবা-মাকে লেখা জমিলার চিঠিগুলোকেই মূলত ডেবোরাহ্ বাকের গবেষণাসূত্র হিসেবে নিয়েছেন। বইটি মূলত মরিয়ম জমিলার জীবনীগ্রন্থ হলেও এর মধ্য দিয়ে লেখক ডেবোরাহ্ বাকের ইসলাম সম্পর্কে পশ্চিমাদের সাধারণ মনস্তত্ত্ব তুলে ধরেছেন।

সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।