বইয়ের দুনিয়া
কাজী নজরুল ইসলাম
জীবন ও সৃজন
লেখক: রফিকুল ইসলাম
প্রকাশক: নজরুল ইনস্টিটিউট
দাম: ৫০০ টাকা।
একজন যথার্থ সৃজনশীল সাহিত্যশিল্পীর মূল্য নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে যায় না। নজরুলের সাহিত্য নিয়ে যুগে যুগে অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে। প্রকৃত সৃজনশীল শিল্পীর অমরত্ব যেন তা ইঙ্গিত করে। নজরুলের জীবন ও সাহিত্যের যথার্থ মূল্যায়নের এক অনুপম প্রয়াস এ গ্রন্থ। নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল ইসলাম যে দৃষ্টিকোণ থেকে কবির জীবন ও সৃজনকে মূল্যায়ন করেছেন, তা নিঃসন্দেহে পাঠককে কবি সম্পর্কে নতুন ভাবনায় উজ্জীবিত করবে, উৎসাহিত করবে এবং করবে অনুপ্রাণিত।
নজরুল কেন নজরুল
লেখক: শান্তনু কায়সার
প্রকাশক: জাতীয় সাহিত্য প্রকাশ
দাম: ১৭০ টাকা।
বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের আবির্ভাব প্রাতিস্বিক এবং তুলনারহিত। বর্ণাঢ্য, কর্মময় এবং ঘটনার ঘনঘটায় কবির জীবনমানস আমাদের ভাবায়, অনুসন্ধিৎসু করে তোলে। কবিকে আবিষ্কারের অন্বেষা থেকে লেখা হয়েছে নজরুল কেন নজরুল গ্রন্থটি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে যে কবির প্রকৃত আবির্ভাব এবং বিকাশ, তিনি নানা দেশজ-উপমহাদেশীয় ও বৈশ্বিক বাস্তবতার দ্বারা পরীক্ষিত ও বর্ধিত; তাঁর কাছে পৌঁছানোর জন্যও এই বই।
কাজী নজরুল ইসলাম
দ্য ভয়েস অব পোয়েট্রি অ্যান্ড দ্য স্ট্রাগল ফর হিউম্যান হোলনেস
লেখক: উইনস্টোন ই. ল্যাংলি
প্রকাশক: নজরুল ইনস্টিটিউট
দাম: ১৫০ টাকা।
কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণমূলক চমৎকার বই এটি। বইটি লিখেছেন ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক এবং সামাজিক দর্শনের অধ্যাপক উইনস্টোন ই. ল্যাংলি। এই বইতে তিনি নজরুলের সৃজনের গভীরতা নিয়ে কাজ করেছেন এবং খুঁজে ফিরেছেন কবির রচনার মৌলিক দর্শন। কবি সম্পর্কে তাঁর ভাবনা উসকে যায় নজরুলের গান শোনার পর। এভাবে তাঁর ভাবনা এবং কর্মপরিকল্পনা অগ্রসর হয়। আটটি অধ্যায়ের এই বইয়ে, নজরুল-জীবনের নানা দিক উন্মোচিত হয়েছে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গিতে।
নিষিদ্ধ নজরুল
লেখক: শিশির কর
প্রকাশক: আনন্দ পাবলিশার্স
দাম: ১৬০ টাকা
‘বিদ্রোহী’ কি কবিতা, না আগুনের গোলা? ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে এমন প্রশ্ন তোলা যেতেই পারে। সে যাই হোক অসামান্য এই কবিতার রচয়িতা কবি কাজী নজরুল ইসলাম। তিনি একদিকে যেমন দেশপ্রেম ও জাতীয়তাবাদের প্রেরণা জুগিয়েছেন, সাহিত্যের ক্ষেত্রেও এনেছিলেন নতুনের জোয়ার। পরাধীনতার লাঞ্ছনা, অসহ্য দারিদ্র্য ও দুঃখকষ্ট, সমাজের ভন্ডামি, ধর্ম ও রাজনীতির নামে অসংখ্য রকমের শোষণ কবিকে ব্যথিত করেছিল। লেখার মধ্য দিয়েই নয়, জাতীয় আন্দোলনের সঙ্গেও কবির প্রত্যক্ষ যোগ ছিল, যা ব্রিটিশ শাসকের চোখে ‘দোষ’ হয়ে দেখা দেয়। কবির কণ্ঠরোধের জন্য শাসককুল বারবার তৎপর হয়েছে। কবির অসংখ্য গ্রন্থ নিষিদ্ধ করেছে। এরই এক প্রামাণ্য দলিল নিষিদ্ধ নজরুল।
সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।