বইয়ের দুনিয়া
মাইকেল অ্যাঞ্জেলো: তাঁর কবিতা
পাথরে ও শূন্যপটে স্বর্গের দীপন
লেখক: সৈয়দ শামসুল হক
প্রকাশক: প্রথমা প্রকাশন
দাম: ১৫০ টাকা
ইতালিয়ান শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো ভাস্কর, চিত্রকর, স্থপতি ও প্রকৌশলী। প্রতিটি পরিচয়েই তিনি জগৎজোড়া বিখ্যাত। ইউরোপীয় রেনেসাঁর অন্যতম পুরোধা পুরুষও। ৫৭ বছর বয়সে তিনি কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তী ১৫ বছরে তিনি ৪০০-র মতো কবিতা লেখেন। এবং পৃথিবীতে তিনিই প্রথম শিল্পী, ভাষাশিল্পেও যাঁর অবদান সমগুরুত্বে বিভান্বিত। তাঁর কবিতা পাঠ তাই এক অভূতপূর্ব অভিজ্ঞতা। তাঁর কবিতার বাংলা রূপান্তর করেছেন আমাদের গুরুত্বপূর্ণ কবি ও কথাকার সৈয়দ শামসুল হক। কাজেই এই গ্রন্থ পাঠককে পাঠানন্দ ও তৃপ্তি দেবে, সন্দেহ নেই। গ্রন্থটির নামাঙ্কন করা হয়েছে এভাবে—মাইকেল অ্যাঞ্জেলো: তাঁর কবিতা, পাথরে ও শূন্যপটে স্বর্গের দীপন। এই গ্রন্থের রূপান্তর প্রসঙ্গে সৈয়দ হকের ভাষ্য এমন, ...তাঁর চিত্র বা ভাস্কর্য এবং স্থাপত্য অনিবার্যভাবে দাবি করে সে সবের কাছে আমাদের যাওয়া, আর কবিতায় তিনি নিজেই যাত্রা করে চলে আসেন আমাদের কাছে।
শঙ্খকন্যা আখতার
লেখক: আনোয়ারা আজাদ
প্রকাশক: অ্যাডর্ন পাবলিকেশন
দাম: ২২০ টাকা
বেগম রোকেয়ার উত্তরসূরি বলতে যা বোঝায়, আখতার ইমাম ছিলেন ঠিক তা-ই। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীহল ‘উইমেন্স হল’, বর্তমানে রোকেয়া হলের প্রথম স্থায়ী প্রভোস্ট, প্রথম মহিলা বিভাগীয় প্রধান এবং দর্শন বিভাগের প্রথম মহিলা শিক্ষক। আখতার ইমাম ছিলেন অত্যন্ত মেধাবী এবং সফল মানুষের প্রতিবিম্ব। শত বাধা ও প্রতিকূলতা জয় করে কীভাবে তিনি সফল হলেন, নারীসমাজে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠলেন তা-ই চিত্রিত হয়েছে শঙ্খকন্যা আখতার উপন্যাসে। কথাশিল্পী আনোয়ারা আজাদ বিস্মৃতপ্রায় এই মহীয়সী নারীর বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনকে তুলে ধরেছেন তাঁর এই উপন্যাসে সাবলীল ও প্রাণবন্ত শিল্পকুশলতায়।
বইয়ের জগৎ
সম্পাদক: আহমাদ মাযহার
দশম সংকলন: ফেব্রুয়ারি ২০১৩
দাম: ১০০ টাকা
লিটল ম্যাগাজিনের আদলে প্রকাশিত হলেও বইয়ের জগৎ মূলত বইয়ের আলোচনাসংক্রান্ত ত্রৈমাসিক পত্রিকা। কেবল সাহিত্যই নয়, বইয়ের জগৎ-এ শিল্প-সংস্কৃতি এবং ইতিহাস, দর্শন, বিজ্ঞান, নন্দনতত্ত্ব, ভাষা, অর্থনীতি, নৃতত্ত্ব, রাজনীতি, সমাজতত্ত্ব—বহুমুখী ধারার বইয়ের সৃষ্টিশীল ও মননশীল রচনাকর্মের আলোচনা গুরুত্বের সঙ্গে ছাপা হয়। বাংলাদেশে সমালোচনা সাহিত্যের প্রকাশ ও প্রসারে বইয়ের জগৎ বিশিষ্ট এবং একমাত্র কাগজ বললেও অত্যুক্তি হবে না। সম্পাদকের ভাষ্য সে কথারই সমর্থন জোগায়—‘বইয়ের জগৎ-এর লক্ষ্য আমাদের দেশে একটি উন্নত বিচারবোধসম্পন্ন সমালোচনার সংস্কৃতি গড়ে তোলা।’ এ পত্রিকার একটি দিক বিশেষভাবে উল্লেখের দাবিদার—একটি বইয়ের আলোচনা কত রকম দৃষ্টিভঙ্গিতে ও অনুপুঙ্খ হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত এখানে মেলে।
দশম সংখ্যায় যে বইগুলো আলোচনায় আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো: অবন্ধ প্রবন্ধ যত; অক্ষয় কুমার দত্ত ও উনিশ শতকের বাংলা; স্বপ্নযাত্রা কিংবা উদ্বাস্তু পুরাণ; হিমালয়ের উদ্ভিদরাজ্যে; হারানো ফোনোগ্রাফের গান ইত্যাদি।
আলাপচারিতার নেপথ্যে
লেখক: উৎপল রায়
প্রকাশক: পারুল
দাম: ৬০০ টাকা
আলাপচারিতার নেপথ্যে লেখকের স্মৃতিকথামূলক বই বলে দিলেই কথা ফুরিয়ে যায়। কিন্তু এ বই স্মৃতিকথা হয়েও স্মৃতিকথার অনেক বেশি—আলাপচারিতার আঙ্গিকে এক অনন্য চিকন(?) কথাশিল্প। ছায়াছবির ইন্টারল্যুডের মতো এতে ফিরে ফিরে এসেছে বাম রাজনীতিতে সম্পৃক্ত লেখকের জীবনের নানা ঘটনা ও টানাপোড়েন আর কাটোয়া জনপদের শিক্ষা ও সাংস্কৃতিক জগতের প্রাণস্পন্দন। জীবনের নানা চড়াই-উতরাই ঘটনা-পরম্পরা আর চারপাশের অগণন মানুষের বিবরণ দিয়েছেন আটপৌরে ঢঙে। এসেছে ছেচল্লিশের দাঙ্গা, সাতচল্লিশের দেশভাগ, উদ্বাস্তু জীবনের অভাব ও অনিশ্চয়তার বিষয়ও। সমগ্র আখ্যানটি আড্ডা ও আলাপনের মোড়কে পরিবেশিত হলেও ছোটখাটো তত্ত্বকথা ও তথ্যের পদচারণের সন্নিবেশ এতে পাওয়া যায় অনায়াসে। মানুষের জীবন ও জীবনের সঙ্গে গ্রন্থের উপাদানগুলো এমনভাবে জড়িয়ে থাকে যে কোনো সমাজসচেতন মানুষ উপেক্ষা করে যেতে পারে না।
সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা। p�moH��v�guage:EN-US;mso-fareast-language:EN-US;mso-bidi-language:AR-SA; mso-no-proof:yes'> রহমান