বইয়ের দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট রাজকুমার
ছোট্ট রাজকুমার

ছোট্ট রাজকুমার

লেখক: আনতোয়ান দ্য স্যাঁত্-এক্সু পেরি, অনুবাদ: হায়দার আলী খান

প্রকাশক: প্রথমা

দাম: ৩০০ টাকা

ফরাসি লেখক আনতোয়ান দ্য স্যাঁত্-এক্সু পেরির শিশুতোষ গ্রন্থ ছোট্ট রাজকুমার। বইটি পড়তে ধরলে মনে হবে বড়দের কেউ এ বই লেখেননি, ছোটদের কেউ লিখেছেন। এ বইটি বিশ্বজগৎকে নতুন চোখে দেখার এক অনন্য সাধারণ উপহার। ছোটদের মতো বড়দেরও প্রিয় এ বই। এ বইয়ের লেখক একজন বৈমানিক। সাহারা মরুভূমিতে কেন, কী কারণে তিনি তাঁর বিমান অবতরণে বাধ্য হয়েছিলেন, কেমন করে ছোট্ট রাজকুমারের সঙ্গে দেখা হয়েছিল তাঁর, সেসব কথা বলেছেন এখানে। পাতায় পাতায় রঙিন ছবি এবং আকর্ষণীয় অনুবাদে বইটি সুখপাঠ্য ও অনবদ্য।

অন্তর্দাহ

লেখক: মঞ্জু সরকার

প্রকাশক: বেঙ্গল পাবলিকেশন্স

দাম: ৬৫০ টাকা

মঞ্জু সরকার গল্পকার হিসেবে ১৯৮২ সালে আত্মপ্রকাশ করেন অবিনাশী আয়োজন গল্পগ্রন্থ দিয়ে। পরে উপন্যাসে নিজেকে মেলে ধরেন। অন্তর্দাহ তাঁর মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা দীর্ঘ উপন্যাস। মুক্তিযুদ্ধের ৪২ বছর পরে প্রকাশিত হলো তার এই উপন্যাস—অন্তর্দাহ। ১৯৭১-এ অবরুদ্ধ স্বদেশে মৃত্যুর বিভীষিকা ও অপরাজেয় দেশপ্রেম মুক্তিকামী বাঙালির জীবন যেভাবে আলোড়িত করেছে, তার বিশ্বস্ত রূপায়ণ ঘটেছে এ উপন্যাসের কাহিনিতে। ঐতিহাসিক কালপর্বের প্রেক্ষাপটে রচিত উপন্যাসের বিস্তৃত ক্যানভাসে মূর্ত হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের নানা দিক, জনজীবনের চিত্র এবং প্রাপ্ত স্বাধীনতার রূঢ় বাস্তবতাও। আবহমান বাঙালি সংস্কৃতি ও সমাজ-সম্পর্কের টানাপড়েনে সৃষ্টি হয়েছে মর্মস্পর্শী কিছু ব্যক্তিচরিত্রের।

হেমাঙ্গ বিশ্বাস রচনা সংগ্রহ

লেখক: হেমাঙ্গ বিশ্বাস

প্রকাশক: দে’জ পাবলিশিং

দাম: ১৩০০ টাকা

আপাদমস্তক গানের মানুষ ছিলেন হেমাঙ্গ বিশ্বাস। সারাটা জীবন গোলায় ধান আর গলায় গানের এক সব পেয়েছির দেশের স্বপ্নে লড়াকু হয়ে তাঁর বেঁচে থাকা। তবে গান যেমন তাঁর সহজাত, প্রতিবাদ তেমন কবজকুণ্ডল। ফলে কিশোর বয়সেই কারাবরণ করেন স্বদেশমন্ত্রে দীক্ষা নিয়ে। তা-ও একবার নয়, পর পর দুবার। এই বইতে পাঠক পাবেন হেমাঙ্গ বিশ্বাসের বিভিন্ন সময়ের অসামান্য মুহূর্তের দুর্লভ কিছু ছবি, বিখ্যাত গানের সংকলন ও স্বরলিপি এবং আত্মজীবনী। আত্মজীবনী না বলে স্মৃতিকথাও বলা যেতে পারে। মূলত তাঁর গ্রাম ও ছোটবেলাকে কেন্দ্র করে এই স্মৃতিচারণা। হেমাঙ্গ বিশ্বাস কেমন করে গড়ে উঠলেন—সে কথা জানার পাশাপাশি পাঠক জেনে যাবেন তাঁর গণনাট্য আন্দোলনে শরিক হওয়া, গানের সুর ও কাঠামো তাঁকে কীভাবে উদ্দীপ্ত করেছিল সেসব প্রসঙ্গও।

অন্তর্দাহ
অন্তর্দাহ

তাজমহল

লেখক: সোম প্রকাশ ভার্মা

প্রকাশক: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

দাম: ৬৯০ টাকা

সচেতন পাঠকমাত্রই জানেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির এমন একটি শাখা, যেখানে উন্নততর গবেষণা, শিক্ষাবৃত্তি ও শিক্ষাসংক্রান্ত বিশ্বব্যাপী প্রকাশনার কাজ করা হয়। মোগল সাম্রাজ্যের নমস্য অধিপতি সম্রাট শাজাহানের অসামান্য কীর্তি তাজমহল। এই বই সেই বিখ্যাত তাজমহলকে ঘিরেই। তাজমহলের স্থাপত্যশৈলী, ঐতিহ্য ও মুসলিম দর্শনের কিছু নমুনা এতে গুরুত্ব পেয়েছে। বিশ্বভ্রামাণিক, যাঁরা ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহান নিদর্শনগুলো দেখতে বের হবেন, এটি তাঁদের জন্য একখানা দরকারি বই। তাজমহলের ভেতর-বাহির, এর অভ্যন্তরে ব্যবহূত নানা নিদর্শন সম্পর্কে সুনিপুণভাবে জানতে বইটি বিশেষভাবে কাজে দেবে যেকোনো উৎসুক মানুষের, যিনি তাজমহলের রূপসুধা দেখতে বের হবেন কোনো এক মায়াবী সন্ধিক্ষণে।

সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।