বইয়ের দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক অবদান: পশ্চিমবঙ্গ ও সীমান্তবর্তী রাজ্যসমূহ

মুনতাসীর মামুন

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: মার্চ ২০২০

দাম: ৩৭৫ টাকা।

মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধের পাশাপাশি সাংস্কৃতিক কর্মীদের অবদান কম নয়। সীমান্তবর্তী ভারতীয় রাজ্য সরকার সাড়া দেওয়ার আগেই সেখানকার শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে এই চেষ্টা দেখা যায়। মুক্তিযুদ্ধসংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন, সম্পাদকীয় সাধারণ বাঙালিদের সব সময় উজ্জীবিত করেছে। সেই ইতিহাস-তথ্য নির্মোহ দৃষ্টিতে ধরা আছে এ বইয়ে।

একটাই পৃথিবী

ফারসীম মান্নান মোহাম্মদী

প্রকাশক: ইউপিএল প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২০

দাম: ২৮০ টাকা।

মানুষের বসবাসের উপযোগী গ্রহ একটাই— পৃথিবী। আর কোনো গ্রহ এর মতো নয়। এই বইয়ে অজস্র ছবি, দৃষ্টান্ত আর বৈজ্ঞানিক তথ্য ব্যবহার করে পৃথিবীর বিপন্নতার চিত্র তুলে ধরেছেন লেখক। এই পৃথিবীকে রক্ষা করতে হলে যেসব বিষয় আমাদের জানতে হবে, যেসব কাজ হাতে নিতে হবে, যে অপচয় ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতেই হবে তা নিয়ে এ বই। কিশোরপাঠ্য হলেও এটি বড়দের জন্য অবশ্যপাঠ্য।

কোরিয়ার গল্প

সম্পাদনা: ষড়ৈশ্বর্য মুহম্মদ

প্রকাশক: উজান প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: মার্চ ২০২০

দাম: ৬০০ টাকা।

এশিয়ার উদীয়মান দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি নিয়ে কিছু জানাশোনা হয়েছে বাংলাদেশের মানুষের। কিন্তু তাদের সমাজ, সংস্কৃতি ও সাহিত্যের প্রতিনিধিত্বমূলক বই চোখে পড়ে না। তার শূন্যতা পূরণ করবে এই বই। এতে গল্প আছে ১৫টি। আয়তন ও আখ্যান বিস্তারের বিবেচনায় কোনো কোনো গল্প প্রায় উপন্যাসিকার আকার পেয়েছে। বইটি দক্ষিণ কোরিয়ার সাহিত্য জানতে সাহায্য করবে।

গ্রন্থনা: হুমায়ূন শফিক