বইয়ের দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট হত্যাকাণ্ড: কে এম সফিউল্লাহ ও শাফায়াত জামিল বিতর্ক

সাক্ষাৎকার ও সম্পাদনা: মতিউর রহমান

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা

প্রকাশকাল: আগস্ট ২০২১

দাম: ২৫০ টাকা।

১৯৭৫ সালের ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ড যখন সংঘটিত হয়, তখন বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল কে এম সফিউল্লাহ। আর ঢাকার ৪৬ ব্রিগেডের কমান্ডার ছিলেন কর্নেল শাফায়াত জামিল। সেই ঘোরতর সময়ে এই দুই সামরিক কর্মকর্তার ভূমিকা ও অবস্থান নিয়ে দেশব্যাপী নানা আলোচনা-সমালোচনা হয়। এই বইয়ে দুই সমরনায়কের বক্তব্য-পাল্টা বক্তব্যে খুলে যাবে ইতিহাসের দরজা-জানালা। পাঠক, গবেষক—সবার জন্য দরকারি এক বই।

আধুনিকতার অভিঘাত ও শ্রীভূমির নারী জাগরণ (১৮৭৬-১৯৪৭)

দীপংকর মোহন্ত

প্রকাশক: সাহিত্য প্রকাশ, ঢাকা

প্রকাশকাল: জানুয়ারি ২০১৯

দাম: ৫০০ টাকা।

উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে বিশ শতকের মধ্যভাগ পর্যন্ত বৃহত্তর সিলেট জেলা ও সংশ্লিষ্ট অঞ্চলে নারীর নিপীড়ন ও জাগরণের পরিচয় মেলে ধরেছে এ বই। সতীদাহ ও সহমরণ বা দাসী হিসেবে নারীর বেচাকেনার পাশাপাশি বিধবা বিবাহ, বাল্যবিবাহ রোধ, অন্তঃপুরে নারীশিক্ষার প্রসার ও জাগরণ নানা তথ্য-উপাত্তের মধ্য দিয়ে সন্নিবেশিত হয়েছে এখানে। বাংলার নারী আন্দোলনের ইতিহাসে এ বইয়ের গুরুত্ব অনেক। বইটি বহু অজানা দিক পাঠকের সামনে তুলে ধরবে।

মিশেল ফুকোর জীবন ও কর্ম

অভিজিৎ চক্রবর্তী

প্রকাশক: সংবেদ

প্রকাশকাল: ২০২১

দাম: ২৫০ টাকা।

চিন্তাপদ্ধতির ইতিহাসের অধ্যাপক অভিধায় নিজেকে অভিহিত করতেন মিশেল ফুকো। প্রথাগত চিন্তার বাইরে ছিল তাঁর অবস্থান। জ্ঞানচর্চায় ছিলেন অনন্য প্রভাবক এক ব্যক্তিত্ব। ফুকোর চিন্তার ক্ষেত্র ছিল ব্যাপক, নতুন ভাবনায় উদ্বুদ্ধ হওয়ার আকাশচুম্বী প্রয়াসে তাঁর অভিনিবেশ কিংবদন্তিতুল্য। অপ্রচলিত ধরনের বিপ্লবী, অদ্ভুত ধরনের তাত্ত্বিক, উত্তরাধুনিকতার প্রধানতম প্রবক্তা মিশেল ফুকোর বর্ণাঢ্য জীবন ও কর্মের পরিচয় তুলে ধরার জন্যই এ বই।