বইয়ের প্রচ্ছদ নিয়ে বই
বইয়ের প্রচ্ছদ নিয়ে বই—কথাটা শুনতেই কেমন যেন কৌতূহল জাগে। হ্যাঁ, এমনই এক কৌতূহল জাগানিয়া বই শিল্পী মামুন কায়সারের বাংলা বইয়ের প্রচ্ছদ। বইয়ের প্রচ্ছদ নিয়ে যে বই হতে পারে, মামুন কায়সারের এ গ্রন্থ পাঠ না করলে তা সম্যক উপলব্ধি করা যাবে না।গ্রন্থের নাম বাংলা বইয়ের প্রচ্ছদ হলেও এখানে কেবল বাংলাদেশে প্রকাশিত গ্রন্থের প্রচ্ছদ নিয়েই আলোচনা করা হয়েছে। বাংলাদেশেরও আবার সব বই নয়, কেবল সৃজনশীল বইয়ের প্রচ্ছদই বক্ষ্যমাণ গ্রন্থের আলোচ্য বিষয়। ১৯৪৭ থেকে ২০০০ সালের মধ্যে বাংলাদেশে প্রকাশিত সৃজনশীল বাংলা বইয়ের প্রচ্ছদের প্রকাশ, প্রসার, নান্দনিক উৎকর্ষ ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা আলোচিত হয়েছে বইয়ে।বইয়ের প্রচ্ছদ বইয়ের প্রতি পাঠকের আগ্রহ তৈরি ও এর বিপণনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। একজন কৌতূহলী পাঠক কেনার জন্য যে বইটি নির্বাচন করেন, তা কেবল ভেতরের বিষয়বস্তুর ওপরই সর্বদা নির্ভর করে, তা মনে হয় বলা যায় না। বইয়ের প্রচ্ছদ ও অঙ্গসৌষ্ঠবও তার নির্বাচনকে প্রভাবিত করে থাকে। কথাটাকে মামুন মজা করে লিখেছেন এভাবে, ‘অধুনাকালে বলা যায়, প্রচ্ছদই বইয়ের প্রধানতম আকর্ষণ। ভালো প্রচ্ছদের জন্য একটি বাজে বই উতরে যায়, আবার বাজে প্রচ্ছদের কারণেও একটি ভালো বইয়ের কাটতি তেমন হয় না। অবশ্য বিশেষ বিশেষ কোনো খ্যাতনামা লেখক বা লেখার ব্যাপারে ব্যতিক্রম তো রয়েছেই। তবে সাধারণভাবে আকর্ষণীয়, প্রচ্ছদের বই পাঠকের চোখ টেনে নিতে ব্যর্থ হয়, অথচ বিপরীতে একটি সুন্দর আকর্ষণীয় প্রচ্ছদ দেখেই পাঠকমাত্র বলে উঠবেন, ‘বাহ্! ভারি সুন্দর তো, এবং তার পরই তিনি এগিয়ে গিয়ে বইটি হাতে নেবেন, নেড়েচেড়ে দেখবেন এবং হয়তো কিনে ফেলতে চাইবেন।’ মামুনের এই ধারণা যে অধিকাংশ ক্ষেত্রে সত্যদর্শী, তা বলার অপেক্ষা রাখে না।বাংলাদেশের সৃজনশীল বইয়ের প্রচ্ছদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে মামুন কায়সার সংশ্লিষ্ট বিষয়ের নানা দিক সম্পর্কে বিশদ ব্যাখ্যা তুলে ধরেছেন। সূচিপত্র থেকেই গ্রন্থটির পরিধি সম্পর্কে সম্যক ধারণা লাভ করা সম্ভব। নিম্নোক্ত বিন্যাসে মামুন তুলে ধরেছেন তাঁর বক্তব্য ‘প্রচ্ছদ’ প্রকারভেদ ও নির্মাণ-পদ্ধতি,’ বই মুদ্রণের প্রাচীন ইতিহাস এবং প্রচ্ছদ: অন্যান্য প্রসঙ্গ,’ ‘প্রচ্ছদ শিল্পের গোড়ার কথা,’ ‘বাংলা বইয়ের প্রচ্ছদচিত্রী ও তাঁদের প্রচ্ছদ, কাইয়ুম চৌধুরী: বিশেষ মূল্যায়ন, ‘হাশেম খান: ছোটদের বইয়ের প্রচ্ছদের প্রাণপুরুষ,’ ‘প্রচ্ছদ ভাবনা: বিশিষ্ট শিল্পীদের সাক্ষাৎকার,’ ‘প্রচ্ছদ শিল্পের পৃষ্ঠপোষকতা,’ ‘প্রচ্ছদ শিল্পের সমস্যা,’ সমাধান ও উন্নয়ন প্রচেষ্টা’।আঙ্গিক ও অঙ্কন কৌশলের দিক থেকে বিবেচনা করলে প্রচ্ছদ হতে পারে নানা ধরনের। প্রচ্ছদের প্রধান ধরন চার প্রকার—টাইপোগ্রাফিক বা ক্যালিগ্রাফিক, ইলাস্ট্রেটিভ, ফটোগ্রাফিক ও মিশ্র। বইয়ের প্রচ্ছদ ছেপে এই চার ধরনের প্রচ্ছদ সম্পর্কেই মামুন তাত্ত্বিক আলোচনা করেছেন, দেখিয়ে দিয়েছেন চার ধরনের প্রচ্ছদ অঙ্কনে বাংলাদেশের শিল্পীদের কাজের পরিচয়। ‘বাংলা বইয়ের প্রচ্ছদচিত্রী ও তাঁদের প্রচ্ছদ’ শীর্ষক অধ্যায়ে লেখক বাংলাদেশের প্রধান প্রচ্ছদশিল্পীদের শিল্পকর্ম ব্যাখ্যা করেছেন, উপস্থাপন করেছেন প্রধান প্রধান শিল্পীর প্রচ্ছদের মৌল মোটিভ। চল্লিশের দশক থেকে আরম্ভ করে বিশ শতকের সময়সীমায় অঙ্কিত বাংলাদেশের উল্লেখযোগ্য সৃজনশীল বইয়ের প্রচ্ছদ সম্পর্কে মামুন যে ভাষ্য নির্মাণ করেছেন, তাতে বিষয়টির প্রতি তাঁর অভিনিবেশ, নিষ্ঠা, প্রযত্ন ও ভালোবাসার স্পষ্ট পরিচয় ফুটে উঠেছে।প্রধান প্রধান প্রচ্ছদশিল্পীর কাজের পরিচয় আলোচিত হলেও বক্ষ্যমাণ গ্রন্থে মামুন কায়সার দুজন প্রচ্ছদশিল্পীর সৃষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন। ‘কাইয়ুম চৌধুরী: বিশেষ মূল্যায়ন’ এবং ‘হাশেম খান: ছোটদের বইয়ের প্রচ্ছদের প্রাণপুরুষ’ শীর্ষক অধ্যায়-দুটিতে লেখক, শিল্পী কাইয়ুম চৌধুরী এবং শিল্পী হাশেম খানের প্রচ্ছদ-বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা তুলে ধরেছেন। বইটিতে ২৪২টি সাদা-কালো এবং ৬০টি রঙিন প্রচ্ছদ মুদ্রিত হয়েছে। এই প্রচ্ছদগুলোর কারণেই মামুন কায়সারের এই বই ভবিষ্যতে ইতিহাসের আকরগ্রন্থের মর্যাদা পাবে।বাংলা বইয়ের প্রচ্ছদ—মামুন কায়সার, বাংলা একাডেমী, ২০০৮, ২০০ টাকা